পাঠ্যবই না পাওয়ায় সীতাকুণ্ডে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের ভোগান্তি
সীতাকুণ্ডে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা ৪০টি কিন্ডারগার্টেনের প্রায় সাড়ে ১০ হাজার শিক্ষার্থী বিনা মূল্যে পাঠ্যবই না পাওয়ায় বিপাকে পড়েছে। জানুয়ারি থেকে এসব বিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হলেও এখনো শিক্ষার্থীরা বই পায়নি। বিনা মূল্যে পাঠ্যবই শুধু সরকার স্বীকৃত প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য সংরক্ষিত থাকায় কিন্ডারগার্টেনে অধ্যয়নরত বিপুল শিক্ষার্থী এই সুবিধা পায়নি। সরকারি নীতিমালার কারণে এসব কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাইরে থেকে পুরোনো ও অবৈধভাবে বিক্রীত বই চড়া দামে কিনে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করছে। উপজেলার পৌরসদরের এভারব্রাইট ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ তৌফিকুজ্জামান বলেন, ‘বিগত দিনে আমরা যেকোনো উপায়েই হোক, বাইরে থেকে বই সংগ্রহ করে শিক্ষার্থীদের পড়াশোনার কাজ চালিয়ে গেছি। কিন্তু এবছর সংকট আগের চেয়ে বেশি। কারণ এত দিন প্রথম-পঞ্চম শ্রেণীর পাঠ্যবই একবার সংগ্রহ করে প্রতি বছর পুরোনো বই দিয়ে পাঠদান অব্যাহত রাখতে পারলেও এবার অনেক পুরোনো বই আর কাজে আসবে না। কারণ এ বছর বেশির ভাগ পুরোনো বই পাল্টে নতুন করে ছাপা হয়েছে। ফলে বছরের শুরুতে কিন্ডারগার্টেনের কোনো শিক্ষার্থীই এবার বই পায়নি। গত বছর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছিল এবং বলা হয়েছিল, নির্ধারিত মূল্যে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে, কিন্তু পরে তা দেওয়া হয়নি। এ বছরও একইভাবে তালিকা দেওয়া হয়েছে। কিন্তু আদৌ বই দেওয়া হবে কি না আমরা নিশ্চিত নই।’ উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, ‘সমিতির মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে দেরিতে হলেও কিন্ডারগার্ডেন শিক্ষার্থীরা বই পেতে পারে।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম মজুমদার জানান, ‘জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে কিন্ডারগার্ডেন স্কুলের বইয়ের চাহিদা চাওয়া হয়েছে।’ আশা করা যাচ্ছে কোনো না কোনো ব্যবস্থা হবে।