পাঠ্যবইয়ে মুসা
২৩ মে ২০১০। সকালের সূর্যের সঙ্গে পাল্লা দিয়েই বাংলাদেশের এক তরুণ জয় করলেন ভয়ংকর এক পথ। পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে তুলে ধরলেন বাংলাদেশের পতাকা। প্রমাণ করলেন বাংলাদেশ মানেই ভয়কে জয় করা তরুণ্য। আর সেদিন এই কাজটি যে তরুণ করে দেখিয়েছিলেন তিনি মুসা ইব্রাহীম—প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী।পদে পদে মৃত্যুঝুঁকি আর দুর্গম বরফে ঢাকা পথ পেরিয়ে বিশাল কাণ্ডটি ঘটানো সেই তরুণ এবার স্থান পেয়েছেন পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ে। ২০১৩ সালের নতুন বাংলা বইয়ে তুলে ধরা হয়েছে তাঁর এভারেস্ট বিজয়ের কাহিনি। উঠে এসেছে তাঁর ছোটবেলাও।অদম্য ইচ্ছা আর সাহসের সঙ্গে মিতালি করে বেড়ে ওঠা তরুণ মুসা ইব্রাহীম বললেন, ‘নিজের কাহিনি পাঠ্যবইতে দেখে আমি অনেকটা অবাক হয়েছিলাম। আনন্দও পেয়েছি সমানতালে। কারণ, এই গল্প শুনে বেড়ে ওঠা শিশুরাই তো জয় করবে নতুন পথ। এগিয়ে নেবে আগামীর বাংলাদেশকে। তা ছাড়া তাদের নিজেদের ভেতরেও একটি ভাবনার জায়গা তৈরি হবে বলে আমি মনে করি।’ছোটবেলা থেকেই পর্বতের প্রতি ছিল তাঁর আলাদা আকর্ষণ। সময় পেলেই বেড়ানোর জায়গা হিসেবে বেছে নিতেন পাহাড়কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে প্রবেশ করেন কর্মজীবনে। পত্রিকা ও টেলিভিশনে সাংবাদিকতা করেছেন বেশ কয়েক বছর। এখন নিজের গড়া এভারেস্ট একাডেমির মাধ্যমে দেশের তরুণদের উৎসাহিত করছেন বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায়। পর্বত আরোহণ প্রশিক্ষণ দিচ্ছেন হাতে-কলমে। মুসা ইব্রাহীম বলেন, ‘পৃথিবীর বিভন্ন দেশে পর্বত আরোহণ বিষয়ক ইনস্টিটিউট আছে। নানা ধরনের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পায় সে দেশের তরুণেরা। যা আমাদের দেশে খুব জরুরি। এভারেস্ট একাডেমি থেকে এই পর্যন্ত অর্ধশত ছেলেমেয়ে প্রশিক্ষণ নিয়েছে। দিন দিন বাড়ছে তরুণদের আগ্রহ।’পাঠ্যবইয়ে তাঁর এভারেস্ট জয়ের প্রসঙ্গ আসতেই মুসা ইব্রাহীম যোগ করেন, ‘অবশ্যই এটি একটি আনন্দের খবর। আশা করি বাংলাদেশের তরুণদের জন্য এটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’২০১০ সালের পর গত তিন বছরে আরও চারবার এ দেশের তরুণ-তরুণীরা এভারেস্ট জয় করেছেন। আর তাই মুসা ইব্রাহীম মনে করেন একটা সময় আসবে যখন ছুটি কাটাতে আমাদের দেশের ছেলেমেয়েরাও এভারেস্টে যাবেন। কারণ, এ দেশের তরুণদের কাছে অসাধ্য কিছু নেই।