পাঠ্যবইয়ের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শৈশব থেকেই বিতার্কিকদের কথা বলার ভঙ্গি খুব টানত আমায়। মঞ্চে দাঁড়িয়ে কেমন আত্মবিশ্বাসের সঙ্গে তারা কথা বলে। স্বপ্ন দেখতাম, বড় হয়ে বিতার্কিক হব।’ নিজের স্বপ্নের কথা এভাবেই জানান ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক নিশাত তাসনিম।নিশাতের কথায় গলা মেলান সভাপতি সিলভিয়া সানজানা। তিনি জানান, ‘বিতর্ক আমার ব্যক্তিজীবনেও প্রভাব ফেলেছে। সম্মান শ্রেণীতে আমি আইন নিয়ে পড়াশোনা করছি। স্বপ্ন দেখছি, ব্যারিস্টার হব।’কথা হচ্ছিল ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাবের সদস্যদের সঙ্গে। শুধু ডিবেটিং ক্লাবই নয়, সেদিন আমাদের সঙ্গে আরও ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, পরিবেশ ক্লাব, বিজ্ঞান ক্লাবের সদস্যরা।আমরা এক আড্ডায় বসেছিলাম ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারের পাদদেশে। প্রতিবছর এই প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষার্থী পাস করে বের হন। কিন্তু তাঁরা কি শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকেন নাকি এর পাশাপাশি তাঁরা সহশিক্ষা কার্যক্রমেও সমানভাবে অংশ নেন? জানা যাক, তাঁদের কথা।বিতার্কিকদের অনেক সুযোগ দেওয়া হয়েছে, এমন ভঙ্গিতে বিজ্ঞান ক্লাবের সদস্য ফাইরুজ আসরাফ বলেন, ‘আমাদের বিজ্ঞান ক্লাবের কৃতিত্বও কম নয়। দেশের অন্যতম বিজ্ঞান ক্লাব এটা। আমরা প্রতিবছর বিজ্ঞান মেলার আয়োজন করি। অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে।’যোগ করেন ক্লাবের আরেক সদস্য মালিহা জামান, ‘বিজ্ঞান মেলার বিজ্ঞাপন সংগ্রহের জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়।’ সহপাঠীকে থামিয়ে দিয়ে তাসনিয়া আফরিন বলেন, ‘তোমাদের কাজ করতে কত সুবিধা। তোমরা তো আর ক্লাবটা শুরু করোনি। আর আমাদের ভাষা ক্লাবের কথাই ধরো। নিজেদের হাতে এটা গড়েছি আমরা। অনেক কষ্ট করেছি এই ক্লাবটা তৈরি করতে। ঝাড়ু দিয়েছি, ঘর মুছেছি, রং করেছি।’‘শুধু কি তাই! ভাষা মেলার জন্য বিজ্ঞাপন জোগাড় করতে গিয়ে অনেক কষ্ট করেছি। মাত্র ১০ দিনের মধ্যে আমরা ক্লাবটা গড়ে তুলেছিলাম।’ সহপাঠীর সঙ্গে গলা মিলিয়ে জানান সামরীন আহসান।’ভাষা ক্লাবে কী শেখানো হয়, জিজ্ঞাসা করতেই শাকিলা সুলতানা জানান, ‘এখানে আমরা ইংরেজি ব্যাকরণ, বানান, উচ্চারণ শিখি। এতে ইংরেজি ভাষায় দক্ষতাও অনেক বেড়েছে।’ তাসনিয়া হামিদ আর সামামা ইফফাত বন্ধুর পিঠ চাপড়ে সহমত জানালেন।কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মালিহা জামান বলে, ‘ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে সম্প্রতি বই পড়া কর্মসূচি চালু হয়েছে। ছয় মাসে আমরা তিনটি বই পড়ব। এ বছর মার্ক টোয়েনের জন্মশত বার্ষিকী। তাই এ বছর তাঁর বিভিন্ন বই পড়তে দেওয়া হবে। এটা থেকে কুইজ পরীক্ষা হবে।’বিজ্ঞানের শিক্ষার্থী উমামা ইকবাল জানায়, ‘আমরা ইংরেজি কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতাও করি।’ শুধু কি তাই! সানজিদা আফরোজ যোগ করে ‘শিক্ষামূলক বাণী, লেখকদের উক্তি দিয়ে পোস্টার লিখি। সেগুলো দেয়ালে দেয়ালে সাঁটাই।’ তাফজিরা রহমান, নওশিন জোয়ারদার একবাক্যে মেনে নেয় বন্ধুর বক্তব্য।‘আমাকে একটু বলতে দিবা তোমরা...’ নিজেকে এভাবেই জানান দেয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নওশিন জোয়ারদার। তারপর শুরু করে, ‘আমরা দুজন আর্থ চ্যাম্পিয়ন অনুষ্ঠানে গিয়েছিলাম। সাভারে পাঁচ দিনের প্রশিক্ষণ হয়েছিল। বিভিন্ন স্কুল থেকে মোট ২৮ জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছিল। এরই ধারাবাহিকতায় আমরা পরিবেশ ক্লাব খুলেছি। পরিবেশ দিবস উপলক্ষে আমরা বৃক্ষরোপণ, দেয়ালিকা, আর পোস্টার করেছি। এখন পরিবেশবান্ধব উদ্ভাবনী জিনিসপত্র তৈরির চেষ্টা করছি।’বন্ধু ফাতিহা নাসরীন বলে, ‘ক্লাব করার আগে পানির কল খোলা থাকলে হেঁটে চলে যেতাম। এখন বন্ধ করি। এটা আমারই দায়িত্ব। এখন বুঝি, পৃথিবী আমাদের অনেক দিয়েছে। সেই মায়ের মতো পৃথিবীর প্রতি আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে।’হঠাৎ কোথা থেকে যেন দৌড়ে এল একজন। ওর পরিচয় দিল অন্যরা। সব ক্লাবের গ্রাফিকস বিভাগের সদস্য তাহিদা তাবাসসুম।সব বিভাগে কেন জানতে চাই তাহিদার কাছে। উচ্ছল হেসে তার জবাব, ‘আমার ছবি আঁকতে খুব ভালো লাগে। বিশেষ করে পৃথিবীর মানচিত্র। গেটে ঢুকতেই যে গ্লোবটা দেখেছেন, সেটা আমার আঁকা। ছবি আঁকতে পারি বলে সব ক্লাব থেকেই আমার ডাক পড়ে।’শিক্ষার্থীদের এত এত অনুভূতির ভিড়ে অনেক কথাই বাদ পড়ে যায়। সেগুলো যোগ করেন ক্লাবগুলোর মডারেটররা।ভিকারুননিসা বিজ্ঞান ক্লাবের মডারেটর মাজেদা বেগম। তিনি জানান, ‘মূলত পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই ক্লাবের সদস্য হতে পারে। শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই ক্লাবটির প্রতিষ্ঠা হয়। এই ক্লাবে অংশগ্রহণের পর শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্ক হওয়ার চেতনা বাড়ে। প্রতিবছর আমরা একটি বিজ্ঞান মেলার আয়োজন করি। সেই সঙ্গে প্রতিবছর ঋদ্ধি নামে প্রকাশনা বের হয়। অঙ্ক, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়নসহ মোট সাতটি অলিম্পিয়াড হয়।ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মডারেটর জান্নাতুল ফেরদৌস জানান, ২০১০ সালের ৩০ জানুয়ারি এ ক্লাবের প্রতিষ্ঠা। ইংরেজি বর্তমান বিশ্বে একটি অপরিহার্য ভাষা। পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীরা যাতে খেলার ছলে আনন্দের মাধ্যমে ইংরেজি শিখতে পারে, সেই লক্ষ্যেই এ ক্লাবের যাত্রা।বিতর্ক ক্লাবের মডারেটর শাবনাম সিলভিয়া খান জানান, মুক্তবুদ্ধিচর্চার ক্ষেত্রে বিতর্কের বিকল্প নেই। বিতর্কচর্চা চিন্তাকে শাণিত করে। শিক্ষার্থীদের মধ্যে এই চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই ক্লাবটির প্রতিষ্ঠা হয় ১৯৯৬ সালে। এ ক্লাবের উদ্যোগে প্রতিবছর বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা এই বিতর্ক উৎসবের অপেক্ষায় থাকে।