বাবা চান ছেলে প্রকৌশলী হোক। মায়ের দাবি ছেলে হবে চিকিৎসক। ধনঞ্জয়ের ইচ্ছে কোনোটাই না। ‘ওসব দিয়ে কী হবে?’—তাঁর পাল্টা প্রশ্ন।হালকা-পাতলা গড়নের ধনঞ্জয় বিশ্বাস এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জজয়ী। পড়েন চট্টগ্রাম কলেজে, বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে। কৈশোরের দুষ্টুমি চোখে-মুখে, ঠোঁটের ফাঁকে এক চিলতে হাসি সবসময়। গত মঙ্গলবার স্ট্র্যান্ড রোডে ধনঞ্জয়দের বাড়িতে গণিত নিয়েই কথা হচ্ছিল। বাড়ির দেয়ালে ঝুলছে গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নসের বড় দুটো বাঁধানো সনদ। শোকেসে শোভা পাচ্ছে নানা সময়ে পাওয়া মেডেল ও ক্রেস্ট। দুবারের চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস, একবারের জাতীয় চ্যাম্পিয়ন ও এ বছর নেদারল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জজয়ী ধনঞ্জয় ১ নম্বরের জন্য রৌপ্যপদক পাননি। ওই প্রতিযোগিতায় ৪০টি দেশের প্রতিযোগীরা অংশ নেন, যেসব দেশ বিজ্ঞান ও গণিতচর্চায় আমাদের চেয়ে অনেক এগিয়ে। ‘গণিতবিদ হতে চান না?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জানি না। আসলে যা পড়তে ভালো লাগে, আমি তা-ই পড়ি। আর গণিত? কলেজের বার্ষিক পরীক্ষায় ১০০ নম্বরে ৫৪ পেয়েছিলাম। কাজেই গণিতে আমি খুব ভালো, এটা কিন্তু সবার কাছে প্রমাণিত নয়। তবে জানি, আমি চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে চাই না।’ ধনঞ্জয়ের ইচ্ছে পদার্থবিদ্যা, গণিত, কম্পিউটার প্রোগ্রামিং—এসব নিয়ে পড়বেন। আন্ডারগ্র্যাজুয়েশন কোর্স করবেন দেশের বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে। এরপর পছন্দের কোনো একটা পেশা বেছে নেবেন। ‘দিনে কয় ঘণ্টা পড়েন?’‘পড়ি না তো! পড়তে ভালো লাগে না।’ ধনঞ্জয়ের জবাব। তাঁর বক্তব্য, ‘সবাই লেখাপড়া করে পরীক্ষায় পাসের জন্য। এটা ভাবলেই আর পড়তে ইচ্ছে করে না। আমি এমন কিছুই পড়তে ভালোবাসি, যা পরীক্ষায় আসবে না।’ ধনঞ্জয়ের সময় কাটে কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি করে। কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব আগ্রহ তাঁর। মা-বাবা জানালেন, ‘গণিত করতে বসলে নাওয়া-খাওয়া ভুলে যায় সে।’ ধনঞ্জয়ের শোবার ঘরে দুটি ল্যাপটপ ও একটি কম্পিউটার। টেবিলের ওপর ছড়িয়ে আছে জিওমেট্রি রি-ভিজিটেড, ইন ইকুয়েলিটিস, জিওমেট্রি আনবাউন্ড—এ রকম নানা বই। ‘ক্লাসের বন্ধুরা কিংবা শিক্ষকেরা আপনার এই অর্জন সম্পর্কে জানেন?’—এমন প্রশ্নে বিব্রত ধনঞ্জয় কেবলই বিনয়ের হাসি হাসেন।২০০৮ সালে গোসাইলডাঙ্গার বাসা ছেড়ে স্ট্র্যান্ড রোডের বাসায় এসে ওঠেন ধনঞ্জয়রা। পরিবারের কর্তা-ব্যক্তিদের অভিযোগ, পাঠ্যবই পড়া ছাড়া আর সবকিছুই করেন ধনঞ্জয়।গোসাইলডাঙ্গায় বসবাসের সময় ধনঞ্জয়-সঞ্জয় দুই ভাই সারা দিন খেলাধুলা নিয়ে মাঠে পড়ে থাকতেন।‘তাই ছেলের লেখাপড়ার স্বার্থে বাধ্য হয়ে এখানে চলে এলাম’—বলেন স্বপ্না দে। ‘কার বই প্রিয়?’ ত্বরিত উত্তর এল, ‘জাফর ইকবাল।’ নিউরনে অণুরণন, আবারও অনুরণনসহ প্রায় সব বই তাঁর পড়া। গণিতবিষয়ক বেশ কয়েকটি ওয়েবসাইটে নিয়মিত ঢুঁ মারেন তিনি। এমন কিছু ওয়েবসাইট হলো, ম্যাথ অলিম্পিয়ড ডট অর্গ ডট বিডি, ম্যাথ লিংক ডট আর ও। ধনঞ্জয়ের প্রিয় বিজ্ঞানী আইনস্টাইন। প্রিয় তত্ত্ব থিওরি অব রিলিটিভিটি। বিজ্ঞানের নানা বিষয়েই আগ্রহ আছে। জিনতত্ত্ব, কোয়ান্টাম ম্যাকানিকস, বিবর্তনবাদ। কিন্তু এসব বিষয় যদি পাঠ্যবইয়ে থাকে, তাহলে পড়তে ভালো লাগে না। কারণ পরীক্ষা পাসের ভীতি। গণিতের ছেলে ধনঞ্জয় কবিতা লেখেন, পড়েন। জীবননান্দ দাশের ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন খুব প্রিয় তাঁর। ভালো লাগে ‘আট বছর আগের একদিন’ কবিতাটি। ছবিও আঁকেন। ২০০৩ সালে ছবি আঁকার প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন। তবে এসব কিছুকে ছাপিয়ে এখন ধনঞ্জয়ের পৃথিবী কেবল গণিতকে ঘিরে। যাত্রা কেবল শুরু হয়েছে। শেষ কোথায় হবে তা নিয়ে ভাবার আগ্রহ নেই তাঁর।