পাঠ্যবইয়ের কূটনীতি

একই ভবিষ্যত্ সমৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হলে কি দক্ষিণ-পূর্ব এশিয়াকে একটি অভিন্ন আঞ্চলিক ইতিহাসের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতেই হবে? আপাতদৃষ্টিতে প্রায় অসম্ভব এমনই এক প্রকল্পের জন্য যৌথভাবে কাজ করে যাচ্ছেন অঞ্চলটির শিক্ষাবিদ ও ইতিহাসবেত্তারা। ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস’ বিষয়ক পাঠ্যবই প্রণয়নে ব্যাপক কূটনৈতিক তত্পরতায় নিয়োজিত ‘আসিয়ান’-এর সদস্য দেশ ব্রুনেই, কাম্পুচিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইনস, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
কিন্তু এই প্রকল্প বাস্তবায়নে বাধা অনেক- দেশগুলোর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, একই ঐতিহাসিক সংঘাতের বিষয়ে তাদের মতভেদ এবং নানা ভৌগোলিক অঞ্চলের ওপর নিজেদের দাবি প্রতিষ্ঠায় দেশগুলোর নিজস্ব ইতিহাস বই পালটে ফেলার চেষ্টা। গত বছরই পাঠ্যবই বিশেষজ্ঞরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই আঞ্চলিক ইতিহাসের পাঠ্যবই প্রণয়নের ভাবনা নিয়ে বৈঠকে বসেন। জাতিসংঘ সংস্থা ‘ইউনেসকো’ আয়োজিত ওই বৈঠকে ‘আসিয়ান’-এর সাবেক মহাসচিব ড. সুরিন পিতসুভান বলেছেন, ‘এখনো অনেক মৌলিক বিষয়ে যোগাযোগহীনতা আছে, আছে প্রত্যেকের গভীরভাবে লালন করা অহম ও আবেগাক্রান্ত অনেক ধারণা। এগুলোকে অতিক্রম করেই এগোতে হবে।’
খারাপ ইতিহাস, খারাপ প্রতিবেশী
ইউনেসকোর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংস্কৃতিক শাখার প্রধান টিম কারটিস বলেন, ইতিহাসের পাঠ্যবই নতুন করে লেখা একটা অন্তহীন গল্পের মতো। কিন্তু তার মানে এই নয় যে আমরা কখনোই তা শুরু করব না। তবে, এ বিষয়ে চাঁছাছোলাভাবে সরল কথাটি বলেই ফেলেছেন থাইল্যান্ডের ইতিহাসবিদ পণ্ডিত কাসেতসিরি শার্নভিত। এটা কীভাবে একটা চক্রের মতো করে কাজ করে, তা বোঝাতে তিনি বলেন, ‘খারাপ ইতিহাস, খারাপ শিক্ষা, প্রতিবেশীর সঙ্গে খারাপ সম্পর্ক।’
তবে, আশার কথা হলো ২০১৫ সালে আসিয়ান দেশগুলোতে একটি ‘সাধারণ অর্থনৈতিক বাজার’ প্রতিষ্ঠার ঘোষণা এই ইতিহাস প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে ভালোই প্রণোদনা দিচ্ছে। এই অর্থনৈতিক ঐক্য প্রক্রিয়া দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর পাশাপাশি নাগরিকদের যাতায়াত এবং শিক্ষা ও সাংস্কৃতিক লেনদেন বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

নতুন ইতিহাসের শুরু প্রিয়া বিহার!
অভিন্ন আঞ্চলিক ইতিহাসের পাঠ্যবইয়ের এই ভাবনার শুরু ঐতিহাসিক ‘প্রিয়া বিহার’কে নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে। সামীন্তবর্তী এ বিহারটির জমির মালিকানা নিয়ে কাম্পুচিয়া ও থাইল্যান্ডের মধ্যে বিরোধ চরমে ওঠে ২০১১ সালে। উভয় দেশই একে নিজের বলে দাবি করে। অবশ্য ২০০৮ সালে কাম্পুচিয়া প্রিয়া বিহারকে ‘বিশ্ব ঐতিহ্য এলাকা’ ঘোষণার দাবিতে ইউনেসকোর কাছে আবেদনের পর থেকেই এ বিরোধ বাড়তে শুরু করে। পরবর্তী সময়ে ইউনেসকো এই সালিসে জড়িয়ে পড়ার মধ্য দিয়ে আলোচনা গড়াতে গড়াতে এই অভিন্ন আঞ্চলিক ইতিহাস প্রণয়নের বিষয়ে মতৈক্যে পৌঁছায়।
আঞ্চলিক বিরোধের শেষ নেই যেন
এ অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরোধপূর্ণ ইতিহাস নিয়ে সংকটে আছে আরও অনেকেই। কোনো কোনো ক্ষেত্রে শতাব্দীর পর শতাব্দী এই বিরোধ নিয়ে বিবাদে জড়িয়ে আছে তারা। থাইল্যান্ড ও লাওস, কাম্পুচিয়া ও ভিয়েতনাম, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যেও এমন অনেক সংকট আছে। আর আসিয়ানভুক্ত নয় এমন দেশগুলোর মধ্যেও এ সংকট নিয়ে প্রায়ই গোলমাল শুরু হয়। পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও জাপানের বিরোধ সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে।
এদিকে, এই জানুয়ারি মাসেই ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুং দেশটির শিক্ষা মন্ত্রণালয়কে বলেছেন, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পারাসেল ও স্প্রাতলি দ্বীপপুঞ্জের একাংশের ওপর নিজেদের সার্বভৌমত্বের কথা স্কুলের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার। পারাসেল দ্বীপপুঞ্জের একাংশ নিয়ে চীনের সঙ্গে ভিয়েতনামের বিরোধের পাশাপাশি স্প্রাতলি দ্বীপপুঞ্জ নিয়ে চীন ও তাইওয়ানের সঙ্গে মালয়েশিয়া, ব্রুনেই ও ফিলিপাইনের বিরোধ আছে। আর আঞ্চলিক বিরোধের এমন আবহের মধ্যেই ভাষা, সংস্কৃতি, ধর্ম ও নৃতাত্ত্বিকভাবে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত আবার বৈচিত্র্যময় এ দেশগুলোর একটি সাধারণ ইতিহাস পাঠ্যবইয়ের এই প্রকল্প কাজ করে যাচ্ছে।
বাতাসে ছবি আঁকা
একদিকে সাধারণ আঞ্চলিক ইতিহাস রচনার প্রচেষ্টা, অন্যদিকে সরকারগুলোর নিজ নিজ দেশের ইতিহাসের পাঠ্যবই নতুন করে লিখে নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার চেষ্টা। দেশগুলোর নতুন পাঠ্যবইয়ে ইতিহাসের দাবি পারস্পরিক সংঘাত আরও উসকে দিতে পারে। এ পরিস্থিতি যেন অনেকটা বাতাসে ছবি আঁকার মতোই। এ প্রসঙ্গে ফিলিপাইনের আতেনো দে ম্যানিলা ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক ফিলোমেনো আগুইলার বলেন, এতে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ইতিহাস লেখা হচ্ছে এবং রাষ্ট্র অনুমোদন দেয় না এমন সব বিষয়কে এড়িয়ে যাওয়া হচ্ছে।
আসলে দক্ষিণ-পূর্ব এশিয়ার সব দেশই যে একটা সাধারণ আঞ্চলিক ইতিহাস গ্রন্থনায় আগ্রহী, বিষয়টা এমনও নয়। অনেকেই এর মধ্য দিয়ে অস্বস্তিকর বিষয়গুলোকে চাপা দিয়ে প্রতিবেশীদের সঙ্গে সংঘাত এড়াতে চান। আর কেউ কেউ আসলে আঞ্চলিক সংঘাতের বিষয়গুলোকে এড়িয়ে একটা দক্ষিণ-পূর্ব এশীয় পরিচয় প্রতিষ্ঠার বিষয়েই বেশি আগ্রহী।

ইতিহাসে জাপানের ভূমিকা
দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশই ইতিহাসে যে সাধারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে পার হয়েছে তার অন্যতম একটি হলো বিশ্বযুদ্ধকালীন জাপানি শাসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সেনাবাহিনীর হাতে নির্মম নিপীড়ন এবং শাসন-শোষণ কতটা মুখ খুলবে এই দেশগুলো। অনেকেই মনে করছেন, জাপানের ভূমিকা নিয়ে খুব গভীরে যেতে চাইবে না এই দেশগুলো। আবার জাপানও বিশ্বযুদ্ধ, আঞ্চলিক সংঘাত এবং তার দেশের ইতিহাস বইয়ের বিষয়ে খুবই কঠোর অবস্থান নিয়ে আছে। জাপানের সঙ্গে বিরোধ নিয়ে কোরিয়া এবং চীনা ইতিহাসবিদদের সঙ্গে দীর্ঘদিন ধরে যৌথ কাজের অভিজ্ঞতা আছে অধ্যাপক তোকুশি কাসাহারার। প্রগতিশীল এই জাপানি অধ্যাপক মনে করেন না যে, আসিয়ানভুক্ত দেশগুলোর এই সাধারণ আঞ্চলিক ইতিহাস নিয়ে নতুন দৃষ্টিপাতের প্রকল্পে সহযোগিতামূলক মনোভাব দেখাবে জাপান।
রাজনৈতিক সদিচ্ছা জরুরি
জার্মানির ‘গিওর্গ একার্ট ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল টেক্সটবুক রিসার্চ’-এর উপপরিচালক একহার্ডত্ ফুককে আসিয়ানের এই প্রকল্পের জন্য পরামর্শক হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল ইউনেসকো। এই আন্তর্জাতিক পাঠ্যবই বিশারদ মনে করেন, পারস্পরিক মতপার্থক্যের অবসান ঘটিয়ে একটা সাধারণ ইতিহাসের পাঠ্যবই রচনা প্রথমেই সম্ভব না হলেও এই প্রকল্প কাজ করে যেতে পারে। অন্তত দেশগুলোকে নিজ নিজ দেশের ইতিহাসের পাঠ্যবই রচনার বিষয়ে একটা ‘সাধারণ নীতিমালা’ প্রস্তাব করতে পারে এই প্রকল্প। তাঁর মতে, এতে অন্তত নিজেদের চর্চিত ‘জাতীয় বয়ানে’র বাইরে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হবে মানুষ।
২০০৬ সালে জার্মানি-ফ্রান্সের যৌথ ইতিহাস পাঠ্যপুস্তককে এ ধরনের কাজের একটি আদর্শ নমুনা হিসেবে বিবেচনা করে ফুক বলেন, ‘এটা আমাদের দেখিয়েছে যে, যোগাযোগ ও সহযোগিতার মধ্য দিয়ে যৌথ পাঠ্যবই সম্ভব। একত্রে বসলে এবং আলোচনা করলে সমাধানের একটা পথ বেরিয়ে আসেই।’ তবে এ জন্য সবচেয়ে জরুরি শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা।
তিনি বলেন, ‘জার্মানিতে আমরা যা শিখেছি তা হলো—ইতিহাস থেকে পালানো যায় না। একটা দেশ হিসেবে, সমাজ হিসেবে, এমনকি সমাজের ভেতরে একটা গ্রুপ হিসেবে হলেও এটা মোকাবিলা করতেই হবে। তা না করলে কখনোই শান্তি আসবে না। নইলে কোনো না কোনো সময় এটা সংঘাত উসকে দেবেই।’