পাঠ্যসূচি ও বোর্ডের নির্দেশনার অভাবে সমস্যা হচ্ছে আনোয়ারায়
আনোয়ারায় চলতি বছর থেকে সরকার বিভিন্ন বিদ্যালয়ে বিনা মূল্যে কম্পিটার দিলেও শিক্ষার নীতিমালা, পাঠ্যসূচি ও বোর্ডের নির্দেশনার অভাবে পাঠদানে সমস্যা হচ্ছে। এখনো বহু বিদ্যালয়ে কম্পিউটারের শাখা খোলার অনুমতিও মেলেনি।আনোয়ারার ২৪টি উচ্চবিদ্যালয়ের মধ্যে কয়েকটি বিদ্যালয়ে কম্পিউটার, কম্পিউটার ল্যাব, কম্পিউটার শিক্ষকের সুবিধা থাকলেও অধিকাংশ বিদ্যালয়ে তা নেই। কম্পিউটার শিক্ষা বিষয়ে মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে কোনো তথ্য সংরক্ষণ করা হয় না বলে জানা গেছে।আনোয়ারা সদরের কাছের প্রতিষ্ঠান সিংহরা রামকানাই উচ্চবিদ্যালয়ে কোনো কম্পিউটার নেই, শাখাও খোলা হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকৃতি রঞ্জন দত্ত জানান, ‘আমার বিদ্যালয়ে এখনো কম্পিউটার শাখা খোলার অনুমোদন পাওয়া যায়নি।’ একই দশা এস জে নিজাম উচ্চবিদ্যালয়ে। এ বিদ্যালয়েও নেই কম্পিউটারের শাখা, শিক্ষক ও কম্পিউটার ল্যাব।চারপীর আউলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গণী জানান, ‘আমার বিদ্যালয়ে ছয়টি কম্পিউটার আছে। কিন্তু কম্পিউটার শাখা ও শিক্ষক নেই।’মাহাতা পাঠানীকোটা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম জানান, ‘আমার বিদ্যালয়ে কম্পিউটার শাখা চালু আছে। চারটি কম্পিউটার আছে। শিক্ষক ও ল্যাব সুবিধাও রয়েছে। পাঁচ বছর ধরে মাধ্যমিক পরীক্ষায়ও অংশ নিচ্ছে শিক্ষার্থীরা।’ বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ে এখনো শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার পাওয়া যায়নি। বিদ্যালয়ের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক গণকেন্দ্র পাঠাগারের একটি কম্পিউটার দিয়েই চলছে শিক্ষা কার্যক্রম। কম্পিউটার শিক্ষক মোহাম্মদ শহীদ জানান, ‘আমাদের বিদ্যালয়ে কম্পিউটারের শিক্ষার্থীদের বিষয়গত ও হাতে-কলমে তাত্ত্বিক জ্ঞান দেওয়া হয়, বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন বছর ধরে কম্পিউটার পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানান তিনি। প্রধান শিক্ষক আমিরুজ্জমান জানান, ‘কম্পিটারের জন্য বোর্ডে আবেদন করা আছে।’ আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ে পাঁচটি কম্পিউটার আছে। এ বছর এ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় কম্পিউটার বিষয়ে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থী মৈত্রী সেনগুপ্তা বলেন, ‘আমরা এখন ভালোভাবে কম্পিউটার চালাতে পারি।’ একই কথা বলেছে মুনমুন আকতার, পিংকি পুরোহিত, নাজিফা আনজুমরাও।উপজেলা সদরের আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয়ে কম্পিউটার শাখা থাকলেও শিক্ষকের অভাবে পাঠদানে সমস্যা চলছে। এ বিদ্যালয়ে চারটি কম্পিউটার আছে বলে জানান প্রধান শিক্ষক নুরুল হক চৌধুরী।চাতরী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে পাঁচটি কম্পিউটার থাকলেও শিক্ষকের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান চৌধুরী।পরৈকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মজুমদার বলেন, ‘আমার বিদ্যালয়ে কম্পিউটার ও ল্যাব আছে। তবে, শাখা খোলা হয়নি, শিক্ষক নেই তাই ক্লাসও হচ্ছে না।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুদ্দীন মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগে আমাদের কাছ থেকে উপজেলার কম্পিউটার শিক্ষা সম্পর্কে তথ্য না চাওয়ায় বিভিন্ন বিদ্যালয়ের কম্পিউটারের শাখা ও শিক্ষক সম্পর্কে তেমন তথ্য আমরা সংগ্রহ করিনি। প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলাপ করব।’