পাতানো খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটা কয়েক বছর আগের। ফাইনাল ম্যাচটা হেরে রাতে একবুক কষ্ট নিয়ে ঘুমাতে গিয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠেই দেখি টেবিলের ওপর জন্মদিনের একটা কার্ড আর সঙ্গে একটা খাম...।কয়েকটা দিন যে এমন দুঃস্বপ্নের হবে, তা কখনো কল্পনাও করিনি। ঈদের লম্বা ছুটিটাকে ভালোভাবে কাটানোর জন্য সব বন্ধু মিলে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। দলগুলো ছিল পাড়াভিত্তিক। দেখতে দেখতে আমাদের পাড়া ফাইনালে (আমাদের আর ঠেকাবে কে! নিশ্চিত চ্যাম্পিয়ন!)। এ ছাড়া পাড়ার অধিনায়ক হিসেবে ঠাকুরগাঁও থেকে কেনা ইয়া বড় ট্রফিটা আমারই ঘরে আসছে জেনে ঘরে সুন্দর একটা জায়গা ঠিক করেও নিয়েছিলাম। কিন্তু বিপত্তিটা ঘটেছিল ফাইনালের আগের দিন। বরাবরের মতো সে দিনও মাঠে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি, সিমি আপু (তিথির বড় বোন, ছোটখাটো মাস্তান!) ডাকছেন। ভালো করে তাকিয়ে দেখি, তিনি আমাকেই ডাকছেন! (ওনাদের বাড়ির পাশে আড্ডা দিচ্ছি, এ জন্য কি তিনি মাইন্ড করেছেন?...) যাহোক ভাগ্যটাকে হাতের মুঠোয় নিয়ে দুরু দুরু বুকে মুখোমুখি হলাম। ‘কিরে সুপ্ত, কালকে তো ফাইনাল। শেষ পর্যন্ত তোরা কি আমাদের পাড়াকে হারিয়েই দিবি? শোন, আমি কিন্তু হারাহারির দলে নেই, আর শোন, তোদের পাড়া কাল হারবে আর এটাকে সহজ করার দায়িত্বটা তোকেই নিতে হবে! বুঝেছিস? ম্যাচটা ফিক্সিং করবি!’ আমি তো হতভম্ব, বলে কি...কোনো ক্যাপ্টেন কি চায় তার দলটা হারুক। আপু হঠাৎ মুখটা বাঁকা করে বলে উঠল, ‘আমি জানি তুই তিথিকে পছন্দ করিস আর আমার সাহায্য ছাড়া তোর এই স্বপ্ন কখনো পূর্ণও হবে না...এখন তোর সিদ্ধান্ত ম্যাচটা হারবি না জিতবি।’ যাহোক পরের দিন ম্যাচটা হেরে গেলাম (যার মধ্যে আমার পারফরম্যান্সই ছিল জঘন্য)।...তড়িঘড়ি করে খামটা খুলে দেখি, ‘সুপ্ত, তুমি সিমি আপুর ওপর রাগ করো না, প্লিজ। বুদ্ধিটা ছিল আমারই! তোমাকে এত দিন টেলিফোন থেকে জ্বালাতাম...আজ মোবাইল ফোন নম্বরটা দিলাম...শুভ জন্মদিন...(তিথি)।’তখন মনে হয়েছিল যেন হাজার ভোল্টেজের এক ইলেকট্রিক শক খেলাম। যাকে পাওয়ার জন্য জীবনে এত কিছু করেও পাইনি, আজ একটা ম্যাচ হেরেই তাকে পেয়ে গেলাম!বিকাশ রায়বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।