পাতে উঠেছে বাঁশকোরকের নানা পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কচিবাঁশের কোরক ‘বাঁশকোরক’ (বাঁশকরুল) উপাদেয় সবজি হিসেবে আদিবাসীদের কাছে সমাদৃত। সম্প্রতি বান্দরবানের বিভিন্ন পাহাড়ে অঙ্কুর এসেছে বাঁশের। গত সপ্তাহ থেকে বান্দরবানের মারমা বাজারে আদিবাসী নারীরা বাঁশকোরক বিক্রি করছেন। দাম একটু চড়া হলেও মৌসুমের প্রথম বলে বিক্রি হচ্ছে বেশ ভালোই। বাঁশের গোড়া থেকে গজিয়ে ওঠা কঁচি চারাবাঁশকে বাঁশকোরক বলে আদিবাসীরা। বিক্রেতা ম্যাম্রাউ মারমা বলেন, ‘আদিবাসী লোকজন যুগ যুগ ধরে এটিকে সুস্বাদু তরকারি হিসেবে খেয়ে থাকেন। এই তরকারি তৈরি হয় সিদল দিয়ে তৈরি নাপ্পি ও চিংড়ি সহযোগে। এ ছাড়া মাছ ও চিংড়িশুঁটকি এবং সঙ্গে ঝালমরিচ দিয়ে তৈরি করা হয় একধরনের সালাদ। মারমাদের কাছে অতিপ্রিয় এই সালাদ হ্লাকসু নামে পরিচিত।’ বান্দরবান জেলা শহরে আদিবাসীদের খাবারের হোটেলগুলোতেও বাঁশকোরকের হরেক রকম রান্না পাওয়া যায়। জুম্ম রেস্টুরেন্টের রাঁধুনি শৈনুপ্রু মারমা বাঁশকোরকের নানা রকম রান্নার প্রণালী (রেসিপি) জানালেন। তিনি বলেন, ‘সেদ্ধ করার পর ভাজি করলে খেতে অপূর্ব লাগে। এ ছাড়া সামান্য তেলে ভাজি করে ডাল দিয়ে রান্না করেও খাওয়া হয়। হাঁসের মাংস ও অন্যান্য মাংসের সঙ্গেও অতুলনীয়। এ ছাড়া বাঁশকোরকের নুডলসও তৈরি হয়। কাঁকড়া দিয়ে রান্না করেও খায় অনেকে। কাঁচা বাঁশের চোঙায় সেদ্ধ করে রান্না করলে একেবারে বদলে যায় স্বাদ। শুকিয়ে সংরক্ষণ করা যায় বাঁশকোরক।’ বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে পরিপক্ব বাঁশের গোড়া থেকে বাঁশকোরক গজাতে শুরু করে। আশ্বিন-কার্তিক মাস পর্যন্ত বাঁশকোরক পাওয়া যায়। আবার বাঁশের প্রজাতিভেদেও স্বাদে-গন্ধে পার্থক্য হতে পারে। মূলি বাঁশকোরক স্বাদে ভালো হলেও মিতিঙ্গা বাঁশকোরক সামান্য তিক্ত। পাইনছড়া পাড়ার আনন্দবালা চাকমা জানালেন, আগে শুধু আদিবাসীরা এই সবজি কিনত। এখন বাঙালিরাও খায়। এ জন্য চাহিদা ও দাম দুইই বেড়েছে। অনেক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে এসে পাইকারি হিসেবে নিয়ে যায়। বর্তমানে এক আঁটি বাঁশকোরক ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আষাঢ়-শ্রাবণের ভরা মৌসুমে ১০-১৫ টাকায়ও বিক্রি হয় বলে তিনি জানান। বান্দরবানের হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ রফিকুল আলম জানিয়েছেন, চীনদেশে বাঁশকোরক জনপ্রিয় খাবার। এই সবজি উৎপাদনে সেখানে উন্নত কৃষিপ্রযুক্তিও ব্যবহার করা হয়। বাংলাদেশে এই পদ্ধতিতে চাষ করে বাঁশকোরকের বাণিজ্যিক উৎপাদন সম্ভব।