পাতে ঠাকুরবাড়ির পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ির রান্না বই থেকে চারটি পদ রাঁধলেন শিল্পী লায়লা হাসান। ছবি: খালেদ সরকার
রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ির রান্না বই থেকে চারটি পদ রাঁধলেন শিল্পী লায়লা হাসান। ছবি: খালেদ সরকার

বাঙালি খাবারের বহু পদ ঠাকুরবাড়িতে এসে পেয়েছে নতুন চেহারা। সে আলু পটোলের ডালনাই হোক বা খাসির মাংস। নতুন নতুন মসলা আর রান্নার কৌশলে তাতে একান্তই ঠাকুরবাড়ির ছাপ বসে গেছে। জোড়া সাঁকোর রান্নাঘরের অনুপ্রেরণা পৌঁছে গেছে বাঙালির ঘরে ঘরে। অবশ্য ওই হেঁশেল থেকে এই হেঁশেলে পৌঁছানোর পেছনে সাঁকোটি তৈরি করেছিলেন রবিঠাকুরের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী চৌধুরানী। রান্না বিষয়ে যার আগ্রহ খানিকটা বাড়াবাড়ি পর্যায়েই ছিল বলা যায়! তা না হলে নতুন বউ ঘরেও ঢোকে নাই, এমন সময় তাকে কেউ ‘রান্নার ক্ষমতা সমন্ধে’ জিজ্ঞাসা করে? ইন্দিরা দেবী চৌধুরানী নাকি তা-ই করতেন।

থালি সাজালেন ঠাকুরবাড়ির ঢঙে
থালি সাজালেন ঠাকুরবাড়ির ঢঙে

রান্নার প্রতি ভালোবাসা থেকেই ইন্দিরা দেবী মুদিদোকানের মতো একটা লম্বা খাতা বানিয়েছিলেন, যেখানে ঠাকুরবাড়ির বিশেষ পদসহ পছন্দের সব খাবারের রেসিপি টুকে রাখতেন তিনি। সেই খাতা সময়ের চক্রে এসে পড়ে পূর্ণিমা ঠাকুরের হাতে, যাঁর মা নলীনি দেবী ঠাকুরবাড়ির মেয়ে ছিলেন। নলিনী দেবীর রান্নার হাতও ভালো ছিল। মায়ের কাছে শেখা রান্না আর সেই পুরোনো খাতার রেসিপি মিলিয়ে পূর্ণিমা ঠাকুর ১৯৮৬ সালে প্রকাশ করলেন ঠাকুর বাড়ির রান্না বইটি।

 নৃত্যশিল্পী ও অভিনেত্রী লায়লা হাসানও রবীন্দ্রনাথকে ধারণ করেন প্রতিদিনের জীবন যাপনে। আজ (২৫ বৈশাখ) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বিশেষ এই দিন উপলক্ষে নকশার অনুরোধে হেঁশেলে ঢুকেছিলেন লায়লা হাসান। কবিকে স্মরণ করে রাঁধলেন ঠাকুর বাড়ির রান্না বই থেকে চারটি বিশেষ পদ। রান্নার পর বেড়েও খাওয়ালেন অভিনেতা স্বামী সৈয়দ হাসান ইমামকে। রান্না নিয়ে লায়লা হাসান জানালেন, এই খাবারগুলো তো আগে থেকেই আমাদের বাসায় রান্না হয়। কারণ আমার শাশুড়ি ছিলেন পশ্চিমবঙ্গের মেয়ে। তবে কিছু কিছু উপকরণ নতুন। আলু-পটোলের ডালনা তো চেখে দেখেই বুঝেছি, দারুণ!

রান্নার পর বেড়ে খাওয়াচ্ছেন স্বামী সৈয়দ হাসান ইমামকে
রান্নার পর বেড়ে খাওয়াচ্ছেন স্বামী সৈয়দ হাসান ইমামকে

বাঙালির প্রতিদিনকার জীবন যাপনেই মিশে আছে ঠাকুরবাড়ি। এই বাড়ির পুরুষদের পাশাপাশি নারীরাও ছিলেন সমান আধুনিক। লায়লা হাসান বলেন, ‘তাঁদের সাজগোজ, পোশাক, প্রসাধনী, থেকে রান্না—সবই হতো সমসাময়িক ধারা মেনে। এই যেমন সাজিরেটা (একটা মসলা) আমরা সাধারণত মাংসে দিই। কিন্তু এখানে মাছেও ব্যবহার করা হয়েছে। তাতে স্বাদও বদলে গেছে। এটাই তো ঠাকুরবাড়ির বিশেষত্ব।’

দেখে নিন পূর্ণিমা ঠাকুরের বই থেকে রান্না করা লায়লা হাসানের চার পদ



আদার মাছ

রুই মাছ ভেজে, ভেঙে কাঁটা বেছে রাখুন। আলু, পেঁয়াজ ও বেগুন ডুমো করে কেটে নিতে হবে।

পাত্রে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিন। বাদামি রং হলে বেগুন (অল্প) ও আলু দিয়ে ভাজুন। এই সঙ্গে হলুদ, মরিচ ও ধনে বাটা দিন। ভালোমতো কষতে থাকুন। চিনি লবন ও কাঁচা মরিচ দিতে হবে। মাছ দিন। খুব ভালো করে ভেজে নিয়ে তরকারি সেদ্ধ হলে নামিয়ে ফেলুন। অল্প পানির ছিটা দিয়ে ভাজলে ভালো হয়। আরেকটা পাত্রে চুলায় ঘি দিন। জিরা ও তেজপাতা দিয়ে তারপর তরকারি দিন। বেশি করে আদা বাটা দিয়ে নামিয়ে ফেলুন।


আলু পটোলের ডালনা

আলু, পটোল বড় করে কেটে, ভালো করে ভেজে নেবেন। পাত্রে ঘি দিয়ে সাদা জিরা, তেজপাতা, কাঁচা মরিচ, ধনে ও জিরা-মরিচ বাটা দিন। লবণ ও চিনি দিয়ে আবার ভাজুন। মাঝে মাঝে পানির ছিটা দিন। কষা হলে সেদ্ধ হওয়ার মতো পানি দিন। ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিন।


ভাজা মুগের ডাল টমেটো দিয়ে

ডাল ভেজে হলুদ দিয়ে সেদ্ধ করবেন। বাদাম তেলে জিরা, তেজপাতা দিন, গন্ধ বেরোলে বেশি করে টমেটো দিন। নাড়তে থাকুন। টমেটো একেবারে গলে মিশে যাবে। এবার সেদ্ধ ডাল দিন। নুন, মিষ্টি ও আদা বাটা দিতে হবে। এক ফুট ফুটলে নামান। ওপর থেকে ভালো ঘি দিতে পারেন।

পোস্ত দিয়ে মাংস

খাসির মাংসে পেঁয়াজ, রসুন ও আদা বাটা মাখান। তেল চড়িয়ে তাতে গোটা গরমমসলা, সাজিরে বাটা (শাহী জিরা) ও পোস্ত বাটা দিন। মসলা একটু কষা হলে মাংস দিন। কষা হলে অল্প জল দিয়ে সেদ্ধ করুন। মাখো মাখো হলে নামিয়ে নিন