পাতে রকমারি সামুদ্রিক মাছ

পাত্রে রাখা রসাল ঝোলে আস্ত কোরাল। তার পাশে চিংড়ির কারি, আবার ভর্তাও। আরও সামনে এগোলে শুঁটকি থেকে শুরু করে রকমারি পদ। কী নেই—রূপচাঁদা, লইট্যা, পোয়াসহ নানা স্বাদের সব সামুদ্রিক মাছে ভরপুর।
নগরের হোটেল আগ্রাবাদে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘চাটগাইয়া সি ফুড ফেস্টিভ্যাল’। প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক ওয়াহিদ মালেক। উপস্থিত ছিলেন হোটেল আগ্রাবাদের পরিচালক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) এ এস এম কায়সার আলী ও পরিচালক (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) আলী কায়েস।
হোটেলের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহিন মোহাম্মদ বলেন, চট্টগ্রাম সমুদ্র-তীরবর্তী শহর। খাবারের পাতে সামুদ্রিক মাছের নানা পদ থাকাটা ছিল একসময়ের রেওয়াজ। চট্টগ্রামের শুঁটকির খ্যাতি দেশজুড়ে। আমাদের দেশি-বিদেশি গ্রাহকদের চট্টগ্রামের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতেই এই আয়োজন। উৎসব চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ২৫ পদের খাবারের জন্য জনপ্রতি খরচ পড়বে এক হাজার টাকা।