পাত্রটাও নান্দনিক
প্রকৃতির ছোঁয়া রাখতে অনেকেই ঘরের মধ্যে গাছ লাগান। আর এই গাছ আকারে বড় কোনো গাছ নয়, বরং আকারে ছোট মানিপ্ল্যান্ট কিংবা অন্য কোনো গাছ। তবে যেনতেন একটা পাত্রে গাছ রাখলে বরং সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে যায়। তাই গাছ রাখার পাত্রটাও যেন হয় নান্দনিকইন্টেরিয়র হাউস ‘অন্দর সজ্জা’-এর পরিচালক ও ডিজাইনার রুমানা আফজাল খান পরামর্শ দিয়েছেন অন্দরে গাছ সাজানো নিয়ে। তিনি বলেন, অন্দরসাজেরই একটা অংশ হতে পারে গাছ রাখার পাত্রটা। অন্দরের মূল ফটকের পাশে দেয়ালে ঝুলিয়ে মানিপ্ল্যান্ট-জাতীয় গাছ রাখা যেতে পারে। কিংবা দরজার পাশেই ছোট থেকে বড় আকারভেদে মাটির পাত্রে গাছ লাগাতে পারেন। আবার বসার ঘরের যেকোনো জায়গাতেই আকারে ছোট ইনডোর প্ল্যান্ট রাখা যেতে পারে। টেলিভিশন রাখার ট্রলি, বই রাখার তাক কিংবা সোফার পাশের টেবিলেও রাখতে পারেন। খাবার ঘরের কেবিনেটের পাশে ফ্রিজ কিংবা ওভেন অথবা খাবার টেবিলের ওপরেও রাখা যেতে পারে। খাবার টেবিল কাঠের হলে মাটির পাত্রে গাছ রাখলে ভালো। তবে ওভেনের ওপর রাখলে সিরামিকের পাত্রে গাছ রাখাই ভালো।শোবার ঘরেও যাঁরা সবুজের আবেশ চান, তাঁরাও অনায়াসেই ছোট মাটির পাত্রে গাছ রাখতে পারেন, আবার যেকোনো পাত্রে গাছ লাগিয়ে সেই গাছ ছোট বাঁশের ঝুড়িতে ঝুলিয়ে রাখা যায়। রুমানা আফজাল খান বলেন, ঝুল-বারান্দায় সবুজ তো সবাই পছন্দ করেন। তাই ঝুল-বারান্দায় মনের মতো করেই গাছ দিয়ে সাজাতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখতে হবে প্রতিটি পাত্রের মধ্যে যেন সামঞ্জস্য থাকে। একটা কোণ নির্বাচন করে সেখানে সাইকাস, ক্যাকটাস, পাথরকুচিজাতীয় গাছ রাখা যেতে পারে। নগরের আগারগাঁও, ধানমন্ডি, গুলশান-২সহ বিভিন্ন নার্সারিতে পাওয়া যাবে ইনডোর প্ল্যান্টের সঙ্গে নানা ধরনের নান্দনিক পাত্র। ব্র্যাক নার্সারির নার্সারি সহযোগী মো. হাসান আলী বলেন, গাছের প্রতি মানুষের আগের চেয়ে আগ্রহ বেড়েছে। আর বেশির ভাগ ক্রেতারই ফলবতী গাছের চেয়ে ইনডোর প্ল্যান্টের দিকে ঝোঁকটা লক্ষ করা যাচ্ছে। তবে গাছ কেনার সময় নান্দনিক পাত্র কিনতে ভুল করেন না কেউ-ই। তাই মিলিয়ে পাত্রটা কিনে নিচ্ছেন অনেকেই। মাটির তৈরি গোলাকার, বাটির মতো, লম্বাটে, চার কোনার মধ্যে নকশা করা এবং নকশা ছাড়া বিভিন্ন ধরনের মাটির পাত্র পাওয়া যাচ্ছে। কেনা যাবে প্রতিটি ৩০ থেকে ৩০০ টাকার মধ্যে। আছে সিরামিকের পাত্র। সিরামিকের ওপরে আবার এমবোসের নকশা করা পাত্রও আছে। কেনা যাবে ৬০ থেকে ৫০০ টাকায়। মাটির পাত্রের গাছটা ঝুলিয়ে রাখার জন্য আছে বাঁশের ঝাঁকা। ছোট পাত্রে গাছ লাগিয়ে অনায়াসেই যেকোনো কোণ নির্বাচন করে ঝুলিয়ে রাখা যায়। ঝুড়ির দাম পড়বে ১০০ থেকে ১৫০ টাকা। গাছ লাগাতে পারেন নারকেলের মালার মধ্যেও। আকার এবং মালার সংখ্যা কত, তার ওপর মূলত দামটা নির্ভর করে। কেনা যাবে ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে।তবে ইনডোর প্ল্যান্ট যত্ন নেওয়ার কথা বলেন মো. হাসান আলী। তিনি বলেন, গাছগুলোকে মাঝেমধ্যেই অল্প রোদে রাখতে হবে।