পাথরঘাটার ঘণ্টা বাজে
চট্টগ্রামকে প্রাচ্যের রানি অভিধা দিয়েছিলেন পর্তুগিজ ইতিহাসবিদ ক্যাম্পোজ। ক্যাম্পোজের মতো মুগ্ধতা নিয়ে চট্টগ্রামে এসে বসবাস করেছিলেন বহু পর্তুগিজ। তাঁদের স্মৃতিচিহ্ন আজও বহন করে চলেছে পাথরঘাটার গির্জা।শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট এলাকা থেকে হেঁটে ১০ মিনিটেই পৌঁছানো যায় পাথরঘাটা গির্জায়। এর পাশেই রয়েছে ইংরেজ উপনিবেশ আমলে তৈরি প্লাসিডস বিদ্যালয়। এক একর জমির ওপর প্রতিষ্ঠিত গির্জার উপাসনালয়ে ৫০০ লোকের বসার জায়গা আছে। গির্জার দেয়ালে শোভা পাচ্ছে যিশুর ম্যুরাল ও তেলরঙে আঁকা ছবি।দিন কয়েক আগে বড়দিন উপলক্ষে নতুন রূপে সেজেছিল গির্জাটি। যিশু খ্রিষ্টের জন্মমুহূর্ত তুলে ধরার জন্য উপাসনালয়ে গোশালার পরিবেশ সৃষ্টি করা হয়। মধ্যরাতে ঘণ্টা বাজিয়ে ঘোষণা করা হয়—বড়দিন এসেছে। ‘পাথরঘাটার ঘণ্টা বাজে, কী হৈল কী হৈল...’ ত্রিদিব দস্তিদারের এই বিখ্যাত কবিতায় ধরা পড়েছে এই গির্জার ঘণ্টাধ্বনি। বিগত ৫০০ বছর ধরে বাজছে এই ঘণ্টা।গির্জার দেয়ালে লেখা ইতিহাস থেকে জানা যায়, চট্টগ্রামে এই গির্জা প্রথম প্রতিষ্ঠিত হয় ১৬০০ খ্রিষ্টাব্দের ২৪ জুন। আরাকানিদের হাতে ধ্বংস হয় ১৬০২ খ্রিষ্টাব্দে। এরপর ১৮৩৪ সালে পুনর্নির্মাণ করা হয় এই গির্জার। বর্তমানে এই গির্জার নাম রাখা হয়েছে ‘পবিত্র জপমালার রানি’। হাজার বছরের চট্টগ্রাম গ্রন্থে উল্লেখ আছে: সুলতান হোসেন শাহের রাজত্বকালে ১৫১৭ খ্রিষ্টাব্দে চট্টগ্রামে পর্তুগিজদের আগমন ঘটে। বসতি স্থাপন শুরু হয় ১৫৩৭ খ্রিষ্টাব্দে।এই গির্জায় উপাসনা শুরু হয় সকাল সাড়ে ছয়টায় ও বিকেল সাড়ে পাঁচটায়। দুবারই নির্ধারিত গায়ক দলের সঙ্গে সমবেত সংগীতের মধ্য দিয়ে উপাসনা শুরু হয়। বাইবেলের যে অংশটুকু পাঠ করা হয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখে গান হয় বাংলায়। গির্জার প্রধান পুরোহিত ফাদার গর্ডন ডায়েচ জানালেন, তিনি আড়াই বছর ধরে এই দায়িত্বে আছেন।গির্জায় ঘুরতে আসা ম্যাকডিলিন ক্রাউলি জানান, গির্জা তাঁদের সব কাজের প্রাণকেন্দ্র। নবজাতকের নাম রাখা, বিয়ে অনুষ্ঠান, মৃত্যুপরবর্তী সব কাজ গির্জাকে কেন্দ্র করে সম্পন্ন হয়। প্রাণের টানে দেশ-বিদেশের পর্যটকেরাও ছুটে আসেন গির্জা ঘুরে দেখতে।