পাথরঘাটায় শান্তি সমাবেশ
নগরের পাথরঘাটায় দুই পাড়া-প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গতকাল বুধবার সকালে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, মেয়র এম মন্জুর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে পাথরঘাটা গঙ্গাবাড়ি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় লাঠিসোঁটা নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর চড়াও হয়। এ ছাড়া দুই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। দুই পক্ষের মারামারির ঘটনার প্রথম দিকে পুলিশও অসহায় হয়ে পড়ে। এ সময় কিছু দুষ্কৃতকারী স্থানীয় কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এতে তিনটি ঘর পুড়ে যায়। পরে রাত ১২টার দিকে পর্যাপ্ত পুলিশ ও র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান শফিক আহমেদ ওরফে সাজীব এবং বাংলানিউজ২৪ডটকমের আলোকচিত্রী উজ্জ্বল ধরও এ ঘটনায় আহত হন। এ ঘটনার পর গতকাল গঙ্গাবাড়ি এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন মন্ত্রী, মেয়র ও অন্যরা। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। পরে সেখানে সব ধর্মাবলম্বীদের নিয়ে গঙ্গাবাড়ির মোড়ে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে মন্ত্রী আফছারুল আমীন বলেন, ‘খেলা আর রাজনীতি এক নয়। সামান্য খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে রাজনীতি করা ঠিক নয়। যদি আমাদের সম্প্রীতি কেউ নষ্ট করতে চায়, তাহলে আমরা তা ঐক্যবদ্ধভাবে সব রাজনৈতিক নেতাকে নিয়ে মোকাবিলা করব। মন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণেরও আশ্বাস দেন।’ মেয়র এম মন্জুর আলম বলেন, ‘চট্টগ্রামের লোক শান্তিপ্রিয়। এই শান্তি যাতে কোনোভাবেই নষ্ট না হয়, সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’ সমাবেশে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু সুবিধাবাদী লোক এই ঘটনা ঘটিয়েছে। গুজব ছড়িয়ে শান্তি নষ্ট করতে চেয়েছে। কিন্তু এখানে মানুষের মধ্যে সম্প্রীতি আছে। এই সম্প্রীতি ধরে রাখতে হবে।’ নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন বলেন, ‘যে ঘটনা ঘটেছে, তার জন্য আমরা লজ্জিত। কারণ, চট্টগ্রামের মানুষ শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাসী।’ জেলা প্রশাসক ফয়েজ আহমেদ সবাইকে সম্প্রীতি রক্ষার আহ্বান জানান। পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম বলেন, ‘ভুল তথ্যের ভিত্তিতে এই ঘটনা ঘটেছে। চারদিকে গুজব ছড়ানো হয়েছে। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়।’সমাবেশে নগর আ. লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষ, মো. ইসমাইল, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, রেখা আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।সংঘর্ষের ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মঙ্গলবারের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় গতকাল বুধবার পর্যন্ত কোনো মামলাও করা হয়নি।