পাথুরে পাহাড়ে এমদাদুলের লাউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি দীঘিনালার উত্তর মিলনপুরে লাউখেতে কাজ করছেন কৃষক মো. এমদাদুল হক l প্রথম আলো
খাগড়াছড়ি দীঘিনালার উত্তর মিলনপুরে লাউখেতে কাজ করছেন কৃষক মো. এমদাদুল হক l প্রথম আলো

নিষ্ফলা-ন্যাড়া পাহাড়, তার মাটিও পাথরে ভরা। কিন্তু এই রুক্ষ পাহাড়কেই সুফলা করলেন মো. এমদাদুল হক। খাগড়াছড়ির দীঘিনালার মিলনপুর গ্রামের এই কৃষক লাউখেত করেছেন সেখানে। খেত থেকে দৈনিক ৫০টির মতো লাউ তুলে বিক্রিও করছেন। তাঁর এই সাফল্যে বিস্মিত স্থানীয় কৃষি বিভাগও।
দীঘিনালা উপজেলার কবাখালী বাজার পার হয়ে উত্তর মিলনপুর গ্রামে ঢোকার মুখেই ছোট একটি পাহাড়। পাহাড় বেয়ে ওপরে উঠলেই মাচায় ঝুলন্ত অসংখ্য লাউ দেখে থমকে দাঁড়াতে হয়। বাঁশের খুঁটির ওপর নাইলনের জাল পেতে তৈরি করা হয়েছে মাচা। সেখান পুষ্ট হওয়া লাউ তুলতে ব্যস্ত কৃষক এমদাদুল। কথা বলতে চাইলে অপেক্ষা করতে বললেন। কারণ, পরিপক্ব লাউ এখনই না তুললে স্বাদ পানসে হয়ে যাবে। দামও পাওয়া যাবে না।
কাজ শেষে এমদাদুল নিজের সাফল্যের ইতিবৃত্ত জানালেন। ছিলেন দিনমজুর। কায়-ক্লেশে চলত সংসার। এখন রীতিমতো সচ্ছল। বলতে বলতে এমাদুলের হাসি এগাল-ওগাল ছড়ায়।
১৯৯২ সালে নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলার ভুলিপাড়া গ্রাম থেকে কাজের সন্ধানে দীঘিনালায় এসেছিলেন এমদাদুল। ২০১৩ সাল পর্যন্ত দিনমজুরি করেই জীবন পার করেছেন। ২০১৪ সালে এক লোকের কাছ থেকে পাহাড়টি ইজারা নেন। এই পাহাড়ে কোনো দিন কেউ চাষ করেনি। চাষ করার কথা ভাবেওনি। কিন্তু এমদাদুল ভেবেছেন। শুনে অনেকে হাসাহাসিও করেছে। তাতে দমেননি তিনি। স্ত্রী পারভিন আক্তারকে সঙ্গে নিয়ে জমির পাথর পরিষ্কার করেছেন দিনের পর দিন। এরপর মাটিতে মিশিয়েছেন জৈব সার। প্রথমবার চাষে খরচ হয় ৩০ হাজার টাকা। বহু পরিশ্রমের জমানো টাকা। যদি ব্যর্থ হন তো সব শেষ। কিন্তু এভাবে সাফল্য আসবে তা বুঝতে পারেননি তিনি নিজেও। লাউগাছ লাগানোর দেড় মাস পরেই ফলন আসতে শুরু করে। এরপর চার মাস পর্যন্ত ফলন পান। দৈনিক ৪০ থেকে ৫০টি লাউ বাগান থেকে তোলেন তিনি। ওই বছরই লাউ বিক্রি করে পেয়েছিলেন ১ লাখ ২০ হাজার টাকা। লাউয়ের ফলন শেষ হওয়ার পর মরিচ চাষ করেন। মরিচ বিক্রি করেও ৩০ হাজার টাকা লাভ হয়েছে তাঁর।
প্রথম বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছর দেড় একর পাহাড়ি ভূমিতে লাউ চাষ করেছেন তিনি। খরচ হয়েছে ২৫ হাজার টাকা। লাউগাছ লাগানোর ৪৫ দিন পর থেকেই লাউ বিক্রি শুরু করেছেন।
ইতিমধ্যে ৪০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। আরও এক লাখ টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে তাঁর আশা।
এমদাদুল হক বলেন, ‘পাথুরে পাহাড়ের মাটি চাষের উপযোগী করতে খুব কষ্ট হয়েছে। তবে এমন ফলন যে হবে তা কল্পনাও করিনি। কৃষি বিভাগের সহযোগিতা আর সৃষ্টিকর্তার রহমতে সফল হয়েছি। আগে ভাড়া বাসায় থাকতাম। ৩ শতক জমি কিনে একটি টিনের ঘর দিয়েছি। এক ছেলে অষ্টম শ্রেণিতে ও এক মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে। প্রতিদিন ব্যবসায়ীরা এসে খেত থেকে লাউ কিনে নিয়ে যান।’
এমদাদুল হকের স্ত্রী পারভিন আক্তার বলেন, ‘পরিশ্রম করলে পাথরেও সোনা ফলে। স্বামী স্ত্রী দুজনে পরিশ্রম করেছি বলে আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন।’
কবাখালী বাজারের সবজি ব্যবসায়ী আবু আলম বলেন, ‘এমন পাহাড়ে যে লাউয়ের ফলন হবে আমরা ভাবতেই পারিনি। আমি প্রতিদিন এমদাদুল হকের খেতে গিয়ে ৩০ থেকে ৩৫টি লাউ কিনি। দুই থেকে তিন কেজি ওজনের প্রতিটি লাউয়ের পাইকারি দর পড়ে ৪০ থেকে ৪৮ টাকা। লাউয়ের আকার ভালো হওয়াতে প্রতিদিনই বিক্রি হয়ে যায়।’
কবাখালী কৃষি ব্লকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সুজন চাকমা বলেন, ‘পাথুরে পাহাড়ের লাউ চাষ করে দিনমজুর এমদাদুল এখন স্বাবলম্বী হয়েছেন। তাঁর এই সাফল্য দেখে আমরা বিস্মিত। এটা এখানকার চাষিদের জন্য উদাহরণ হয়ে থাকবে। আমাদের জন্যও এটা নতুন অভিজ্ঞতা। আমাদের ধারণা পাথুরে জমিতে খনিজ পদার্থের উপস্থিতি ও জৈব সারের ব্যবহারের কারণেই এত ভালো ফলন হয়েছে।’