পাদুকায় ভাগ্যবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট একটি ঝুপড়ি ঘর, তার মধ্যে চার-পাঁচজন মানুষ বসে তৈরি করছে বাহারি রঙের জুতা-স্যান্ডেল। কেউ জুতা-স্যান্ডেলের তলা তৈরি করছেন, কেউ ফিতা লাগাচ্ছেন আর কেউ করছেন রং। দৃশ্যটি নগরের মোগলটুলি এলাকার একটি হাতে তৈরি ক্ষুদ্র জুতার কারখানার। কারখানার মালিক মো. নজরুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। একসময় গ্রামে খেতমজুরের কাজ করতেন অন্যের জমিতে। যা আয় করতেন, তা দিয়ে সংসার চালানো যেত না। একদিন ভাগ্যান্বেষণে ঢাকায় গিয়ে সামান্য বেতনে কাজ নেন একটি জুতার কারখানায়। বছর খানেক পর চলে এলেন চট্টগ্রামে। সে প্রায় ১০ বছর আগের কথা।নজরুল জানালেন, চট্টগ্রামের একটি জুতার কারখানায় প্রায় পাঁচ বছরের মতো চাকরি করেন তিনি। বেতনের টাকা থেকে সংসার খরচ চালানোর পর কিছু টাকা জমা করেন। চার বছর আগে মোগলটুলি এলাকার ছোট্ট একটি ঝুপড়ি ঘর ভাড়া নিয়ে মাত্র ১১ হাজার টাকা পুঁজি দিয়ে নিজেই চালু করেন জুতার কারখানা। বর্তমানে তাঁর কারখানায় চারজন নিয়মিত শ্রমিক রয়েছেন। সব খরচ বাদ দিয়ে বছরে আয় হয় লাখ টাকার বেশি। ছয় সন্তানের জনক নজরুল বলেন, ‘একসময় অনেক কষ্ট করেছি। ঠিকমতো খেতে পাইনি। পড়ালেখা করতে পারিনি। এখন আমার বড় ছেলে ব্যবসায় সহযোগিতা করে। বড় মেয়ে একটি পোশাক কারখানায় চাকরি করে। বাকি চারজন পড়ালেখা করে। তারা অনেক বড় হবে, নিজের ব্যবসাটাও আরও বড় হবে, এটাই আমার স্বপ্ন।’ নজরুলের মতোই সংসারে অভাবের কারণে একদিন চট্টগ্রাম এসে এক চাচার সহযোগিতায় একটি জুতার কারখানায় চাকরি নেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আসিফুর রহমান। বেতনের টাকা থেকে সঞ্চিত মাত্র আড়াই হাজার টাকা দিয়ে প্রায় ১০ বছর আগে নিজেই শুরু করেন জুতা তৈরির কাজ। প্রথমে ব্যক্তিগত পর্যায়ে জুতার অর্ডার নিয়ে সরবরাহ করতেন। বর্তমানে তাঁর কারখানায় ২০ জন শ্রমিক কাজ করছেন। সব খরচ বাদ দিয়ে গত বছর আয় করেছেন প্রায় তিন লাখ টাকা। এরই মধ্যে সংসারী হয়েছেন, জমি কিনেছেন, পাকা বাড়ি করেছেন গ্রামে।নগরের ছোট-বড় অনেক জুতা বা পাদুকাশিল্প মালিকের জীবনের সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে নজরুল-আসিফুরের মতো কষ্ট আর পরিশ্রমের ইতিহাস। বেশির ভাগ শ্রমিকই কাজ করেন কমিশনের ভিত্তিতে। পশ্চিম মাদারবাড়ির ২ নম্বর গলিতে অবস্থিত গ্যালাক্সি সুজ কারখানার কারিগর আবুল বাশার জানান, কারখানাটিতে বর্তমানে ৪০ জন শ্রমিক কাজ করেন। জুতা ও স্যান্ডেলের আকার-আকৃতির ওপর ভিত্তি করে একজন শ্রমিক প্রতি ১২ জোড়া পাদুকার জন্য ২২০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত কমিশন পান। কারখানা এবং কাজের মান ভেদে কমিশন কম-বেশি হয়ে থাকে। জানা যায়, বেশির ভাগ কারখানাই মাদারবাড়ি এলাকায় অবস্থিত। এখানকার সবচেয়ে বড় কারখানার নাম ইফসি সুজ। কাজ করেন শতাধিক শ্রমিক। তবে পুরো চট্টগ্রামের সবচেয়ে বড় কারখানাটি হচ্ছে আতুরার ডিপো এলাকার মাস্টার্স সুজ। এখানে শ্রমিকের সংখ্যা দুই শতাধিক।‘চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকাশিল্প মালিক সমিতি’র সদস্য প্রায় ৫৫০। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ সোলায়মান জানান, নিউ মার্কেটের ডাটা বাজার থেকে শুরু করে রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান, আগ্রাবাদের লাকি প্লাজা, সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটসহ নগরের বিভিন্ন বিপণিকেন্দ্রের দোকানগুলো ক্ষুদ্র জুতা কারখানাগুলোর উৎপাদিত জুতার প্রধান ক্রেতা। এসব কারখানার জুতা-স্যান্ডেল ঢাকা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, ময়মনসিংহ, রংপুর, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করা হচ্ছে। সমিতির সভাপতি মুহাম্মদ এরশাদুল্লাহ কোরায়শী জানান, সরকার থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেলে পোশাকশিল্পের মতো পাদুকাশিল্পও একদিন বিদেশি বাজারে প্রবেশ করে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে পারবে। তিনি জানান, পাদুকাশিল্পের জন্য প্রয়োজনীয় ৬০-৬৫ শতাংশ কাঁচামাল দেশের বাজারেই পাওয়া যায়। তাঁর অভিযোগ, ‘পাদুকাশিল্পের জন্য আলাদা শিল্পপার্ক করার জন্য অনেকবার আবেদন করেও কোনো ফল পাইনি।’ব্যবসার পরিধি বাড়ানোর জন্য সহজে ব্যাংকঋণও মেলে না। ফলে অনেকে স্থানীয় বিভিন্ন মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে।