পান চাষের ৬১ লাখ টাকা ঋণ অনাদায়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পান চাষের জন্য দেওয়া প্রায় ৬১ লাখ টাকা অনাদায়ী রয়ে গেছে। ঋণ নেওয়ার এক বছরের মধ্যে পরিশোধের কথা ছিল। সেই সময় পেরিয়ে গেলেও অনেকেই টাকা পরিশোধ করেননি। টাকা আদায়ে সোনালী ব্যাংক ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বলে ব্যাংক সূত্রে জানা যায়। নিয়মবহির্ভূত ও কৃষিঋণ কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করেই সংরক্ষিত পাহাড়ি বনভূমিতে পান চাষের জন্য ঋণ বিতরণ করায় তা আদায় হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার পৌর এলাকা, কুতুবজোম, ছোটমহেশখালী ও বড়মহেশখালী ইউনিয়নের প্রকৃত পানচাষিদের কাছে ঋণ দিতে গত বছর ফেব্রুয়ারি মাসে সোনালী ব্যাংক মহেশখালী শাখায় প্রায় ৬৩ লাখ টাকা বরাদ্দ আসে। কিন্তু মাঠ পর্যায়ে যাচাই-বাছাই না করেই সংরক্ষিত বনভূমিতে পান চাষের জন্য ১৬৫ জনের মধ্যে প্রায় ৬২ লাখ টাকা ঋণ বিতরণ করে। কিন্তু ঋণ দেওয়ার আগে পান চাষের উপযোগী জমি নির্ধারণ এবং ওই জমির কাগজপত্র নিয়ে অথবা বর্গাচাষি হলে জমি দাতার প্রত্যয়নপত্র নেওয়ার শর্ত থাকলেও তা মানা হয়নি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পান চাষের ঋণ বিতরণ নিয়ে গত বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুই দফা উপজেলা কৃষি ঋণ কমিটির সভা হয়। সভায় সরকারি ১ নম্বর খাস খতিয়ান জমি ও সংরক্ষিত বনভূমিতে কাউকে ঋণ না দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় এবং সোনালী ব্যাংক মহেশখালী শাখা ব্যবস্থাপককে সে অনুযায়ী নির্দেশ দেওয়া হয়। কিন্তু সিদ্ধান্ত না মেনেই নিজের ইচ্ছায় সে সময়ের সোনালী ব্যাংক মহেশখালী শাখা ব্যবস্থাপক সংরক্ষিত বনভূমিতে পান চাষের জন্য ১৬৫ জনের মাঝে প্রায় ৬২ লাখ টাকা ঋণ বিতরণ করেন। ঋণ বিতরণের তালিকা নিয়ে কৃষি অফিসের সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা সরেজমিন তদন্ত করতে গিয়ে এই অনিয়ম দেখতে পান। এদিকে ঋণ বিতরণের পর এক বছর পেরিয়ে গেলেও অনেকেই টাকা পরিশোধ করেননি। প্রায় ৬১ লাখ টাকা এখন অনাদায়ী হয়ে পড়ছে। ঋণের টাকা পরিশোধ করা হচ্ছে না কেন জানতে চাইলে ছোটমহেশখালী ইউনিয়নের লম্বাঘোনার পানচাষি আব্দুর রহিম ও আলমগীর হোসেন বলেন, কয়েক দিনের মধ্যে টাকা পরিশোধ করা হবে। সোনালী ব্যাংকের মহেশখালী শাখার সহকারী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ১৬৫ জন পানচাষির মধ্যে প্রায় ৬২ লাখ টাকা বিতরণ করা হয়। তার মধ্যে গত এক বছরে ২০ জন পানচাষি ৬৫ হাজার টাকা পরিশোধ করেছেন। অনাদায়ী রয়েছে প্রায় ৬১ লাখ টাকা। উপজেলা কৃষি ঋণ কমিটির সদস্যসচিব ও কৃষি ব্যাংক গোরকঘাটা শাখার ব্যবস্থাপক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলা কৃষি ঋণ কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করেই সরকারি জমি ও বন বিভাগের বনভূমিতে পান চাষের ঋণ বিতরণ করা হয়েছে। এসব টাকা আদৌ আদায় হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে সোনালী ব্যাংক মহেশখালী শাখা ব্যবস্থাপক নুরুল আমিন জানান, বসতবাড়ির কাগজপত্র নিয়ে পানের ঋণ দেওয়া হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি। আর টাকা আদায়ের ব্যাপারে অচিরেই পানচাষিদের নোটিশ দেওয়া হবে। এর পরেও পরিশোধ না করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।