ছোটবেলায় একটা জিনিসের প্রতি ঝোঁক ছিল খুব। আর তা হলো পান। পান দেখলেই তা আমার চাই। সঙ্গে জর্দা থাকলে তো কথাই নেই। হাকিমপুরী জর্দার সেই মিষ্টি সুগন্ধ কী যে ভালো লাগত। আহা! আমার এই দুর্বলতার হেতু বাসায় এর ওপর ১৪৪ ধারা জারি করা হতো। এমন সব উঁচু জায়গায় তা রাখা হতো যে তা আমার জন্য হাতের নাগালে পাওয়া ছিল ভারি মুশকিল। যত দিন দাদিজান বেঁচে ছিলেন, তিনি আমাদের সঙ্গেই থাকতেন। বয়সের কারণে দাঁত পড়ে যাওয়ায় সুপারি চিবানো তাঁর জন্য কষ্টকর ছিল। তাই তিনি হামান দিস্তায় পান পিষে নিতেন। যখন সেই লোহার দিস্তায় পান পিষতেন অদ্ভুত এক মধুর শব্দ হতো। যেন শব্দের তালে তালে সুরের মূর্ছনা। পিষা শেষে সেই পান যখন দাদু মুখে দেবেন ঠিক তখনই আমি কান্না জুড়ে দিতাম। সেই পান আমার চাই-ই চাই। উপায় না দেখে দাদু দিতেন বটে। তবে সঙ্গে শর্ত জুড়ে দিতেন, এরপর আর দেওয়া হবে না। দাদু কিন্তু ঠিকই দিতেন, আর সেই পানের যে কী স্বাদ, এখনো মুখে লেগে আছে। দাদু মারা যাওয়ার পর হামান দিস্তায় পিষে নেওয়া সেই পান আর খাওয়া হয়নি। সেই হামান দিস্তার খোঁজও পাওয়া যায়নি। এরপর নানাবাড়িতে গেলেই নানির বাটনার প্রতি এক ধরনের আকর্ষণ তৈরি হয়। নানির পানের বাটনাটা অসাধারণ কারুকাজে সজ্জিত ছিল। সেই বাটনায় পানের সঙ্গে খাওয়ার জন্য শাহি জিরা, মিষ্টি ধনিয়া, খয়ের এমনকি চাল কুমড়ার মোরব্বাসহ নানা ধরনের মসলা থাকত। একবার চুরি করে বাটনা থেকে পান খাওয়ার সময় সাদাপাতা নামক মসলা খেয়েছিলাম। সেই পান খাওয়ার পরপরই মাথা ঘুরে পড়ে যাই। এরপর যত দিন নানি বেঁচে ছিলেন তাঁর বাটনার হদিস আমি শত চেষ্টা করেও পাইনি।এখন আর দাদি বা নানি কেউ-ই বেঁচে নেই। মাঝেমধ্যে ফুফুরা এলে তাঁদের কাছ থেকেই চেয়ে খাই। এখন আর কেউ বারণ করেন না। দাঁত পড়ে যাওয়ার ভয়ও দেখান না। তবুও চোখে ভাসে ছোটবেলার সেই ছবি, পান খেয়ে ঠোঁট লাল করে ফোকলা দাঁতে আমি হাসছি।নূরে-ফারহা বারীফয়’স লেক, চট্টগ্রাম।