পানওয়ালাপাড়ার লাল পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানওয়ালাপাড়া যাওয়ার রাস্তা কোনটি—প্রশ্ন করতেই রেগে গেলেন অশীতিপর শরাফত হোসেন। এমন সময় তাঁকে শান্ত করতে এগিয়ে এলেন রহিম নামের এক তরুণ। পরে কিছুটা শান্ত হয়ে শরাফত ভাঙা গলায় বললেন, ‘পানওয়ালাপাড়া তো এসেই গেলেন। তবে এটি এখন পানওয়ালাপাড়া নেই, লাল পানিওয়ালাপাড়া হয়ে গেছে।’ এটা কীভাবে হলো জিজ্ঞেস করলে উত্তর না দিয়ে এ প্রতিবেদককে সরাসরি নিয়ে গেলেন তাঁর বাসার রান্না ঘরে। ঘুরে ঘুরে দেখান বেশি আয়রনযুক্ত (লোহার) পানির কারণে বিবর্ণ হয়ে যাওয়া হাঁড়ি-পাতিল, পানির রিজার্ভ ট্যাংক ইত্যাদি। পানওয়ালাপাড়ায় (সবুজবাগ) ২০-২১ বছর ধরে পানি নিয়ে নানা কষ্টের কথা বলতে গিয়ে একপর্যায়ে কেঁদে ফেলেন শরাফত। এ সময় তাঁর আশপাশের একাধিক প্রতিবেশী পানিসংকট নিয়ে শোনালেন নানান অভিযোগ। গত ২৮ জুলাই পানওয়ালাপাড়ায় সরেজমিন ঘুরে পানি নিয়ে এখানকার বাসিন্দাদের এ রকম নানা কষ্টের চিত্র দেখা যায়।পাড়ার সর্দার মোহাম্মদ আবদুল আজিজ, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলামসহ আরও অনেকে জানান, ২০-২১ বছর ধরে এ পাড়ার (সবুজবাগ) প্রায় ৩০ হাজার বাসিন্দা পানির কষ্টে ভুগছেন। ১৯৭৮ সালে পাড়ার বিভিন্ন ঘরে ওয়াসা কর্তৃপক্ষ পানির সংযোগ দিলেও ১৯৯০ সাল থেকে ওয়াসার নল দিয়ে পানি আসা প্রায় বন্ধ হয়ে যায়। কালভদ্রে কিছু পানি এলেও তা ময়লা ও দুর্গন্ধযুক্ত। পানির কষ্ট থেকে বেঁচে থাকার জন্য অধিকাংশ বাসিন্দা ২০-২৫ ফুট গভীর নলকূপ বসান। কিন্তু সে পানিতেও ময়লা থাকায় ফিটকিরি কিংবা বালুর ফিল্টারে ছেঁকে পান করতে হয়। সবুজভাগ লেনের বাসিন্দা গৃহবধূ বিবি আরমান বলেন, ‘বছরে একবার বিশেষ করে ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ নগর ছেড়ে চলে গেলে ওয়াসার নল দিয়ে পানি আসে। অথচ প্রতি মাসে বিল পরিশোধ করতে হচ্ছে ২০০ টাকার বেশি।’ একই লেনের বাসিন্দা দিলদার খান বলেন, এলাকায় পানিসংকটের কথা ওয়াসা কর্তৃপক্ষের কাছে অনেকবার জানানো হয়েছে। কিন্তু কেউ কিছু শুনছেন না। উপরন্তু তাঁরা (ওয়াসার কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী) নেমেছেন পানি বাণিজ্যে। ওয়াসার লোকজন এক ড্রাম পানি বিক্রি করেন ১৫০ টাকায়। বহুতল ভবনের ওপরে পানি তুলে দিয়ে নিচ্ছেন ৫০-১০০ টাকা। পানওয়ালাপাড়ায় রয়েছে পুকুরের আদলে বেশ কিছু ডোবা। এর মধ্যে পাড়ার সর্দার হাজি আবদুল আজিজের বাসার পশ্চিম পাশের পুকুরটির পানি মিশে গেছে নালার পানির সঙ্গে। মসজিদসংলগ্ন এক অস্বাস্থ্যকর ডোবায় এলাকার নারী-পুরুষদের গোসল করতে দেখা গেছে। একই ডোবায় হাঁড়ি-পাতিল বা থালা-বাসন ধোয়ার কাজ করছেন কেউ কেউ। এতে পানি আরও দূষিত হয়ে পড়েছে। বিলকিছ নামের একজন গৃহবধূ বললেন, ‘মেয়ের বিয়ে দিয়েছি তিন মাস আগে। এ সময় ২০ হাজার টাকার পানি কিনতে হয়েছে ওয়াসা থেকে।’ এলাকার বুলবুল আহমেদ, নিয়াজ মোহাম্মদ, গৃহবধূ রোজিনা আকতারসহ আরও কয়েকজন বললেন, পানওয়ালাপাড়ার অল্প দূরে হাজিপাড়ায় চলতি বছরের শুরুতে একটি গভীর নলকূপ বসানো হয়। ওই নলকূপ থেকে পানওয়ালাপাড়ায় পানি সরবরাহ দেওয়ার কথা থাকলেও নানা কারণে তা আর হয়নি। সর্দার আবদুল আজিজ বলেন, ‘এখানে গভীর নলকূপ বসানোর ব্যবস্থা করার জন্য এলাকাবাসী প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনকে অনুরোধ করেছিলেন। এজন্য সরকারি একটি পরিত্যক্ত জায়গাও নির্বাচন করা হয়। কিন্তু সে উদ্যোগও থমকে আছে অজানা কারণে।’ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন বলেন, ‘১৯৯৮ সালে পানওয়ালাপাড়ায় টেস্ট বোরিং করা হয়েছিল। সাম্প্রতিক সময়েও আরেকটি টেস্ট বোরিং (পানির স্তর অনুসন্ধান) করা হয়। কিন্তু স্তর পাওয়া যাচ্ছে না।’ তবে তিনি জানান, হালিশহর সিএসডি গোডাউন এলাকায় একটি গভীর নলকূপ শিগগির বসানো হবে। এতে পানওয়ালাপাড়ার বাসিন্দাদের পানিসংকট দূর হবে।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নগরবাসীর পানিসংকট মেটাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরফেস ওয়াটার সাপ্লাইয়ের চেয়ে নগরবাসী এখন গভীর নলকূপের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। বিদ্যুৎব্যবস্থা নিরবচ্ছিন্ন না হলে গভীর নলকূপ স্থাপন করে লাভ নেই। তাই চট্টগ্রাম শহরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে ৩৭টি এক্সপ্রেস লাইন (বৈদ্যুতিকসংযোগ) করা হচ্ছে। ইতিমধ্যেই ১৭টির কাজ সম্পন্ন হয়েছে।’ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী ফজলুল্লাহ বলেন, সার্বিকভাবে পানি সমস্যা কিছুটা রয়েছে, তবে বছরে মাত্র একবার পানি পাওয়া যায়—এমন অভিযোগ জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, ফিটকিরি দিয়ে পানি খাবার উপযোগী করার চেষ্টা করলেও সঠিক মাত্রায় ব্যবহূত হচ্ছে কি না যাচাই করতে হবে। কারণ সবকিছুর নির্দিষ্ট স্বাস্থ্যমাত্রা আছে। আয়রনযুক্ত পানি পান করার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসক প্রণব কুমার চৌধুরী বলেন, ‘আয়রনযুক্ত পানি শিশুদের পাকস্থলী শোষণ করতে পারে না। অতি ঘনত্বের পানিতে স্বাভাবিকভাবে ইলেকট্রোলাইট সামঞ্জস্যতা রক্ষা হয় না। আয়রনযুক্ত পানি পান করলে কিডনি বিকল হতে পারে।’