পানছড়ি স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতিসেবা কার্যক্রম বন্ধ
পানছড়ি স্বাস্থ্যকেন্দ্রে পাঁচ বছর ধরে প্রসূতিসেবা কার্যক্রম (ইওসি) বন্ধ রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। অপরদিকে প্রয়োজনীয় লোকবল ও রক্ষণাবেক্ষণের অভাবে হাসপাতালের এক্স-রে যন্ত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি অচল পড়ে আছে দীর্ঘদিন। এতে উপযুক্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না তিন উপজেলার প্রসূতি নারীরা। তাঁদের ছুটতে হচ্ছে খাগড়াছড়ি সদর হাসপাতালে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০০৩ সালে জাপান সরকারের সহযোগিতায় পার্বত্য জেলাগুলোর মধ্যে শুধু খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রসূতিসেবা কার্যক্রম চালু হয়। ওই বছর পানছড়ি হাসপাতালের দুজন চিকিৎসক শহীদ তালুকদার এবং জয়া চাকমাকে এক বছরের অবশকরণ ও গাইনি প্রশিক্ষণ দেয় জাপান সরকার। এরপর পানছড়ি স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতিসেবা কার্যক্রম চলে ২০০৫ সালের জুন পর্যন্ত। এরপর শহীদ তালুকদার ও জয়া চাকমাকে খাগড়াছড়ি জেলা সদরে বদলি করা হলে সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন পানছড়ি, ভাইবোনছড়া ও পাশের মাটিরাঙা উপজেলার প্রসূতি নারীরা। করপচন্দ্রপাড়ার হংসা চাকমা অভিযোগ করেন, ১৫ মার্চ তাঁর স্ত্রীকে প্রসবব্যথা নিয়ে পানছড়ি হাসপাতালে এলে তাঁদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন পানছড়ি হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাৎক্ষণিক কোনো গাড়ি না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়। এদিকে, প্রসূতিসেবা কার্যক্রমে ব্যবহারের জন্য জাপান সরকারের দেওয়া দুই কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। ভারপ্রাপ্ত স্বাস্থ্য প্রশাসক জহিরুল ইসলাম বলেন, ‘এ কার্যক্রমের সঙ্গে যেসব সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন, তার বেশির ভাগ অনুপস্থিত থাকায় এমনটি হয়েছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দিলেই ইওসি চালু করা সম্ভব।’ উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শুভ্রা দেওয়ান বলেন, ‘প্রত্যন্ত পাহাড়ি এলাকার নারীদের সুবিধার্থে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দিয়ে এ কার্যক্রম চালু করা প্রয়োজন।’পানছড়ি স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্রটি ২০০৪ সাল থেকে অচল। ফলে যেকোনো এক্স-রের জন্য দুর্গম এলাকার লোকজনদের ছুটতে হয় জেলা সদরে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৪ সালে রেডিওগ্রাফার মো. মনিরুজ্জামান অন্যত্র বদলি হয়ে গেলে এক্স-রে কার্যক্রমও বন্ধ হয়ে যায়। এরপর ২০০৯ সালের ১৪ জানুয়ারি রেডিওগ্রাফার সৌরভ চাকমা যোগ দেন। তিনি জানান, ‘আমি এখানে আসার পর থেকে যন্ত্রটির বেশ কিছু অংশ নষ্ট দেখতে পাই। তারপর থেকে আর চালু করা হয়নি।’ আবাসিক চিকিৎসা কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, ‘এক্স-রে যন্ত্রটির ত্রুটিগুলো চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর হাসপাতলে লোকবলের অভাবে কিছু কিছু কাজ রেডিওগ্রাফারকে করতে হচ্ছে।’