পানছড়িতে চার প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ অনিশ্চিত হয়ে পড়েছে। পর পর দুবার দরপত্র আহ্বান করা হলেও লোকসানের আশঙ্কায় কোনো ঠিকাদার অংশ নেননি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পানছড়ি উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি) অর্থায়নে ২০১১-১২ অর্থবছরে পানছড়ি উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ৫০ লাখ টাকা করে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বিদ্যালয়গুলো হলো: উল্টাছড়ি ইউনিয়নের রহিন্দ্রপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পানছড়ি ইউনিয়নের দীঘলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, চেঙ্গী ইউনিয়নের তক্ষীরায়পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, লোগাং ইউনিয়নের রামতনুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘চারটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করার জন্য চলতি বছরের গত ৫ ও ১৫ মে পরপর দুবার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু বিদ্যালয়গুলো দুর্গম এলাকায় হওয়ায় কোনো ঠিকাদার দরপত্রের শিডিউল কেনেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়া খোলা দরপত্র দেওয়ার জন্যও ঢাকা থেকে অনুমোদন চাওয়া হয়েছে। খোলা দরপত্রেও যদি কোনো ঠিকাদার সাড়া না দেন তাহলে বরাদ্দ ফেরত যেতে পারে।’ঠিকাদারেরা জানান, চারটি বিদ্যালয়ের অবস্থান উপজেলা সদর থেকে ১২ থেকে ১৫ কিলোমিটার দূরে। এসব এলাকার যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় ঠিকাদারেরা লোকসানের ভয়ে কাজ করতে চান না। উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় ঠিকাদার সুব্রত চাকমা বলেন, ‘বিদ্যালয়গুলো দুর্গম এলাকায়। সেখানে নির্মাণসামগ্রী পরিবহনের খরচ বেশি পড়বে। সেজন্য পরপর দুবার দরপত্র আহ্বান করার পরও কেউ সিডিউল কিনেননি।’ এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, নতুন ভবন হলে সেখানকার শিশুরা আরও বেশি বিদ্যালয়মুখী হতো। কিন্তু বরাদ্দ পেয়েও ভবন নির্মাণ করা যাচ্ছে না।