পানছড়িতে চেঙ্গীর ভাঙন আতঙ্কে আট গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ছে চেঙ্গীর ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুব কাছে এগিয়ে এসেছে ভাঙন। ছবিটি ৯ মে দুপুরে তোলা l প্রথম আলো
বাড়ছে চেঙ্গীর ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুব কাছে এগিয়ে এসেছে ভাঙন। ছবিটি ৯ মে দুপুরে তোলা l প্রথম আলো

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় উল্টাছড়ি ইউনিয়নের আটটি গ্রামে চেঙ্গী নদীর ভাঙন দেখা দিয়েছে। আসন্ন বর্ষায় এই এলাকায় ভাঙন তীব্রতর হবে বলে আশঙ্কা গ্রামবাসীর। চেঙ্গীর ভাঙনকবলিত ওই এলাকায় গত কয়েক বছরে বিলীন হয়েছে প্রায় ১৫ একর ফসলি জমি এবং কয়েক শ বসত ঘর।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, পানছড়ি ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের মানিক্যাপাড়া, কর্মপাড়া, উত্তর শান্তিপুর, দক্ষিণ শান্তিপুর, ঝাগুরনালা, উগলছড়ি, কেরেতছড়ি, বাবুড়পাড়াসহ আটটি গ্রামের প্রায় নয় কিলোমিটারজুড়ে ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকায় চেঙ্গী নদীর পাড়ের ফসলি জমি, সড়ক ও গাছ নদীগর্ভে বিলীন হচ্ছে।
স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানান, চেঙ্গী নদীর ভাঙন ঠেকানোর জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায় সময় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেও কোনো ব্যবস্থা নেননি।
শান্তিপুর, কর্মপাড়া ও মানিক্যাপাড়ার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, চেঙ্গী নদীতে রাবার ড্যাম স্থাপনের আগে ভাঙনপ্রবণতা এত তীব্র ছিল না। রাবার ড্যাম স্থাপনের পর পাঁচ-ছয় মাস নদীতে পানি আটকে থাকার কারণে নদীর পাড় নরম হয়ে যায়। যখন রাবার ড্যামের পানি ছেড়ে দেওয়া হয় তখন নদীর পাড় ভাঙতে থাকে।
শান্তিপুর এলাকার যমুনা দেবী চাকমা বলেন, ‘নিজের বসতভিটা নেই, অন্যের জায়গায় থাকি। পানি বাড়লে নদীভাঙন শুরু হলে ভয় হয়। কখন বসতঘর ভেঙে নিয়ে যায়—এই আতঙ্কে থাকি।’
উল্টাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা জানান, উল্টাছড়ি ইউনিয়নের প্রায় ৪০টি বসতভিটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এ বছরের মধ্যে যদি কর্মপাড়া এলাকায় ভাঙন ঠেকানো না যায়, তবে পানছড়ি-অরণ্য কুটিরের রাস্তা নদীগর্ভে চলে যাবে।
খাগড়াছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। পরিষদের স্বল্প বরাদ্দে এত বড় প্রকল্প হাতে নেওয়া সম্ভব নয়। এলাকার ভাঙন ঠেকাতে পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা প্রয়োজন।’
খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ফয়জুল্লা মুঠোফোনে বলেন, ‘আমরা ইতিমধ্যে খাগড়াছড়ি শহর ও জনগুরুত্বপূর্ণ অবকাঠামো নদীভাঙন থেকে রক্ষার প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পের আওতায় খাগড়াছড়ির বিভিন্ন নদীর ভাঙন রোধ করার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদন পেলেই ভাঙন এলাকায় কাজ শুরু করব।’