পানছড়িতে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন সড়কের নয়টি বেইলি সেতু মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মেয়াদোত্তীর্ণ এসব সেতু ধসে গিয়ে ব্যাপক প্রাণহানি এবং সংশ্লিষ্ট এলাকায় যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকার লোকজন ও যানবাহনের চালকেরা। এ রকম আশঙ্কা সত্ত্বেও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীসাধারণকে।সরেজমিনে দেখা গেছে, পানছড়ি-লোগাং সড়কের বাবুড়াপাড়া সেতু, লোগাং বিজিবি ক্যাম্পসংলগ্ন (বর্ডার গার্ড বাংলাদেশ) সেতু, লোগাং সেতু, বড়পেড়া সেতু, ভুজ্জনাল ছড়া সেতু, পূজগাং সেতু, মগমারাছড়া সেতু, লাল্যেপাড়া সেতু, খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বাজারসংলগ্ন সেতু, লতিবান সেতু ও পাকুজ্যেছড়ি সেতুর অবস্থা খুবই নাজুক। এসব সেতুর পাটাতনগুলো অত্যন্ত জীর্ণ হয়ে গেছে। সেতুর নিচের অংশে টেনজম (বিমের মতো) এবং রেকার বা ক্রসিংয়ে মরিচা ধরে ক্ষয়ে গেছে। অধিকাংশ সেতুর টেনালপিন, নাট-বল্টু চুরি হয়ে গেছে কিংবা ছুটে গেছে। এ ছাড়া সেতুতে ভারী যানবাহন ওঠার কারণে ঝাঁকুনিতে অনেক নাট-বল্টু খসে পড়েছে। বর্তমানে এসব সেতুর ওপর গাড়ি ওঠার সঙ্গে সঙ্গে বিকট ঝনঝনানিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, পাহাড়ি জনপদে যোগাযোগের সুবিধার জন্য ১৯৭৫-৮০ সালে এসব সেতু তৈরি করা হয়। ১৫ থেকে ২০ বছর মেয়াদি সেতুগুলোতে ব্যবহূত পাটাতনসহ অন্য যন্ত্রাংশ বর্তমানে পাওয়া যায় না।জিপচালক (চাঁদের গাড়ি) জসিম চাকমা ও সিএনজিচালিত অটোরিকশাচালক রাজ কুমার চাকমা জানান, মেয়াদোত্তীর্ণ সেতুগুলো খুবই ঝুঁকিপূর্ণ। প্রায় সময় পাটাতনগুলো ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটে। তাই তাঁরা ভয়ে ভয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালান। এসব সেতুতে গাড়ি ওঠার সময় অনেক যাত্রী সৃষ্টিকর্তাকে স্মরণ করেন। এদিকে ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্ব্বেও যাত্রীবাহী গাড়ি ছাড়াও এসব সেতু দিয়ে প্রতিদিন চলছে পাঁচ টনের বেশি ওজনের ভারী যান। চেংগী ইউনিয়নের চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা বলেন, ‘সেতুগুলো খুবই ঝুঁকিপূর্ণ। মাঝেমধ্যে সেতুর পাটাতন ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটে। প্রাণহানির ঝুঁকি থেকে বাঁচতে হলে নতুন সেতু নির্মাণ করা খুবই জরুরি।’খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের পানছড়ি শাখার প্রকৌশলী আবদুল সালাম বেইলি সেতুগুলোর নাজুক পরিস্থিতির কথা স্বীকার করে বলেন, ‘সেতুগুলো সংস্কার করে কোনোমতে সচল রাখা হয়েছে। নতুন সেতু নির্মাণের প্রয়োজনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’