পানছড়িতে নির্বাচনী হাওয়া
তফসিল ঘোষণার পর থেকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পুরোদমে বইছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী হাওয়া। এলাকার বিভিন্ন হাটবাজার ও গ্রামাঞ্চলের চায়ের দোকানে নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এ উপজেলায় মোট ভোটার ৩৯ হাজার ৭২০ জন। পুরুষ ২০ হাজার ৩১৭ জন আর মহিলা ১৯ হাজার ৪০৩ জন।তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ মে, মনোনয়নপত্র বাছাই ৩১ মে থেকে আগামী ১ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুন। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ জুন। তারিখ ঘোষণার পর থেকে প্রার্থীরা জনসংযোগের পাশাপাশি নিজ নিজ দলের মনোনয়ন কিংবা সমর্থন আদায়ের জন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন। দলের মনোনীত প্রার্থীদের বাছাই করতে জাতীয় রাজনৈতিক দলগুলো দফায় দফায় আলোচনা করেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তবে ২ মে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ পাঁচটি ইউনিয়নে তাদের মনোনীত চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।এদিকে, পানছড়ি উপজেলার উল্টাছড়ি এলাকাবাসী এই প্রথম চেয়ারম্যান, সদস্য (মেম্বার) নির্বাচন করবে। অনেক সাধনার পর উল্টাছড়িবাসী নতুন ইউনিয়ন পেয়েছে। তাই তাঁদের আগ্রহও বেশি। এ ইউনিয়নে মোট ভোটার সাত হাজার ১০৫ জন। এর মধ্যে পুরুষ তিন হাজার ৪১৪, মহিলা তিন হাজার ৬৯১ জন। সম্ভাব্য প্রার্থীরা হলেন—আবু বক্কর সিদ্দিক, দেওয়ান আলী, আবু তাহের, মো. কাদির, আ. লতিফ, সুব্রত চাকমা। ইউপিডিএফ এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সুব্রত চাকমাকে দলীয় মনোনয়ন দিয়েছে। এ প্রসঙ্গে সুব্রত চাকমা বলেন, ‘উদীয়মান সমাজসেবক হিসেবে ইউপিডিএফ আমাকে দলীয় সমর্থন দিয়েছে। জনগণের আশীর্বাদে আমি অবশ্যই জয়ী হব।’ লোগাং ইউনিয়নে মোট ভোটার সাত হাজার ৫৪১ জন। এখানে সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, জয় কুমার চাকমা, জগদীশ চাকমা ও ধনঞ্জয় চাকমা। ইউপিডিএফ এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর বিকাশ চাকমাকে দলীয় সমর্থন দিয়েছে। তিনি বলেন, ‘আমি বিগত ১০ বছরে সর্বসাধারণের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়নমূলক কাজ করেছি ও জরিপের ভিত্তিতে আমাকে ইউপিডিএফ দলীয় সমর্থন দেওয়ায় আমি খুশি।’ চেংগী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা হলেন মেম্বার অনিলচন্দ্র চাকমা, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নবকুমার চাকমা, সাবেক চেয়ারম্যান সাধনচন্দ্র চাকমা, সমাজসেবক জীবনকৃষ্ণ চাকমা ও বিন্দু চাকমা। ইউপিডিএফ এ ইউনিয়নে অনিলচন্দ্র চাকমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় সমর্থন দিয়েছে। এ ইউনিয়নে মোট ভোটার পাঁচ হাজার ১৫২ জন। এ ব্যাপারে অনুভূতি জানতে চাইলে চেংগী ইউনিয়নের মেম্বার অনিলচন্দ্র চাকমা (চেয়ারম্যান প্রার্থী) বলেন, ‘এলাকার সর্বস্তরের জনসাধারণের মতামতের ভিত্তিতে ইউপিডিএফ আমাকে দলীয় সমর্থন দিয়েছে। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে জনসাধারণের মতামত প্রাধান্য দেব।’ পানছড়ি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাহার মিয়া, আফজাল মেম্বার, হোসেন মেম্বার, মো. জুলফু, সমাজসেবক অসেতু চাকমা, প্রিয়ংকর চাকমা। ইউপিডিএফ এ ইউনিয়নে সমাজসেবক অসেতু বিকাশ চাকমাকে দলীয় মনোনয়ন দিয়েছে। এ ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৫৯৩ জন। পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অসেতু বিকাশ চাকমা বলেন, ‘পানছড়ি ইউনিয়নে সর্বসাধারণের পক্ষ থেকে জরিপ করে ইউপিডিএফ আমাকে মনোনয়ন দিয়েছে। আমি নির্বাচিত হলে চেয়ারম্যানের সনদগুলো বিনা মূল্যে বিতরণ করব।’ এ ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাহার মিয়াকে দলীয় সমর্থন দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।লতিবান ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেন—সমাজসেবক শান্তি জীবন চাকমা, হেডম্যান ভূমিধর রোয়াজা ও সাংবাদিক সত্যজিত চাকমা। ইউপিডিএফ এ ইউনিয়নে সমাজসেবক শান্তি জীবন চাকমাকে দলীয় মনোনয়ন দিয়েছে। এ ইউনিয়নে মোট ভোটার পাঁচ হাজার ৩২৯ জন। চেয়ানম্যান প্রার্থী শান্তি জীবন চাকমা বলেন, ‘ইউপিডিএফের মনোনয়ন পেয়ে আমি খুবই খুশি।’ ইউপিডিএফের দলীয় সমর্থন পেয়ে সুব্রত চাকমা বলেন, ‘ইউপিডিএফ আমাকে দলীয় সমর্থন দিয়েছে। এতে আমি খুশি। জয়ী হতে পারলে আমি পাহাড়ি-বাঙালি তথা সর্বস্তরের জনসাধারণের জন্য কাজ করব।’