পানছড়িতে প্রাথমিক শিক্ষার বেহাল দশা
পানছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় ভবন না থাকায় এলাকার শিশুরা বিদ্যালয়ে গিয়ে উপযুক্ত প্রাথমিক শিক্ষা নিতে পারছে না। জানা যায়, লোগাং, চেঙ্গী, লতিবান, উল্টাছড়ি ও সদর ইউনিয়নের ফাতেমানগর, রসুলপুর, নবরত্নপাড়া, সেন্টু কার্বারিপাড়া, অলেন্দ্রপাড়া, দীনবন্ধুপাড়া, সীমানাপাড়া, হরিগোপালপাড়াসহ অন্তত ২০টি গ্রামে সরকারিভাবে কোনো বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়নি। ফলে প্রত্যন্ত এ গ্রামগুলোর শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।উপজেলা সদরের উল্টাছড়ি ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার ওমরপুরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গড়ে ওঠা ওমরপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন বন্ধ। ২০০৫ সালে প্রথমে বেড়ার ঘরে এ বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। এক বছর পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে তিন কক্ষের একটি ভবন নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু এর কিছুদিন পরই শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে অনিশ্চিত হয়ে পড়ে আলীনগর, মুসলিমনগর, রসুলপুর, উত্তর শান্তিপুরের কয়েক শ শিক্ষার্থীর পড়াশোনা। পাঠ কার্যক্রম বন্ধ হওয়ার ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান বলেন, ‘বেতন ছাড়া শিক্ষকদের ধরে রাখা কষ্টকর। অভিভাবকেরা মিলে মাস শেষে তাঁদের হাতে কিছু সম্মানী তুলে দিতাম। পরে পারিবারিক ও নিজেদের প্রয়োজনে শিক্ষকেরা অন্যান্য স্থানে কাজ শুরু করায় পাঠ কার্যক্রম বন্ধ হয়ে যায়।’ আরেক জনবহুল গুচ্ছগ্রাম এলাকা মোল্লাপাড়া, উত্তর মোল্লাপাড়া, পশ্চিম মোল্লাপাড়া মিলে এখানে বসবাস করে প্রায় এক হাজার ২০০ পরিবার। উপজেলা সদর থেকে এর দূরত্ব মাত্র এক কিলোমিটার। ২০০১ সালে স্থানীয়দের উদ্যোগে মোল্লাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে এ বিদ্যালয়ের জন্য ২০০৭ সালে একটি ভবনও নির্মাণ করে দেওয়া হয়। ২০০৮ সালে পাঠ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অভিভাবক ও শিক্ষার্থীরা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (খাগড়াছড়ি) সহকারী প্রকৌশলী প্রকৃতি জীবন চাকমা ভবন নির্মাণ করার ব্যাপারে বলেন, এলাকাবাসীর আবেদনের পর মূলত স্থাপনাগুলো নির্মাণ করা হয়। ওই দুটি বিদ্যালয়ে বর্তমানে কাগজে-কলমে নিয়োজিত শিক্ষক নেয়ামত উল্লাহ ও মাসুদ রানা বলেন, ‘আমরা স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে দীর্ঘদিন বিদ্যালয়ে চালিয়েছি। সরকারি অনুমোদনের জন্য বেশ কিছু শর্ত পূরণে আমরা পিছিয়ে ছিলাম। বিশেষ করে প্রতিষ্ঠানের জায়গা নিবন্ধিত না হওয়ায় আমরা বাধাপ্রাপ্ত হই। সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধা না পাওয়ায় আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।’ এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান বলেন, বেসরকারি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য কিছু নিয়ম আছে। প্রথমে স্থাপনা চালুর আবেদন করতে হয়। তারপর বিভিন্ন শর্ত পূরণের মধ্যে দিয়ে সরকারি কার্যক্রম শুরু হয়। এ দুই বিদ্যালয়ের ক্ষেত্রে স্থাপনা চালুর কোনো আবেদন পাননি বলে তিনি জানান। উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালেক বলেন, জরুরিভিত্তিতে এখানে প্রাথমিক শিক্ষার কার্যক্রম শুরু না করলে গুচ্ছগ্রাম এলাকার শত শত ছেলেমেয়ে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হবে।