পানছড়িতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৫৪ প্রার্থী
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাঁচ ইউনিয়নে মনোনয়নপত্র জমাদানের শেষদিন ছিল গত ২৯ মে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ২৫৪ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ জুন এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আবদুল কাদের শেখ প্রথম আলোকে জানান, ‘উপজেলার নবসৃষ্ট উল্টাছড়িসহ পাঁচ ইউনিয়নে ২৬ জন সম্ভাব্য চেয়ারম্যান, ১৭১ জন সাধারণ সদস্য ও ৫৭ জন সংরক্ষিত সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩১ মে ও ১ জুন ছিল মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ। ৮ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ জুন।’ লোগাং ও চেংগি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা নিরূপণ চাকমার দেওয়া তথ্যে জানা যায়, ১ নম্বর লোগাং ইউনিয়নে সমর বিকাশ চাকমা ও জয় কুমার চাকমা—এ দুজন চেয়ারম্যান পদে এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২ নম্বর চেংগি ইউনিয়নে চেয়ারম্যান পদে বুদ্ধ মুণি চাকমা, অনিলচন্দ্র চাকমা, সাধনচন্দ্র চাকমা, নবকুমার চাকমা, কনক বরণ চাকমাসহ পাঁচজন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান জানান, ৩ নম্বর পানছড়ি ইউনিয়নে বাহার মিয়া, অসেতু বিকাশ চাকমা, আফজাল মেম্বার, খোরশেদ আলম, ক্যাজরি মার্মা, মো. হোসেন, জুলফিকার আলীসহ সাতজন চেয়ারম্যান, ৪১ জন সাধারণ সদস্য ও ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৪ নম্বর লতিবান ইউনিয়নে শান্তি জীবন চাকমা, ভূমিধর রোয়াজা, কিনারাম ত্রিপুরাসহ চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সাতজন; ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নে সুব্রত চাকমা, আবু তাহের, আবদুল কাদের, আবদুর রসিদ, আবদুল লতিফ, দেওয়ান আলী, আবু বক্কর সিদ্দিক, রিপন ত্রিপুরাসহ নয়জন চেয়ারম্যান, ৩৯ জন সাধারণ সদস্য ও ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।