পানছড়িতে সাঁওতালি নৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সাঁওতাল সম্প্রদায় সাঁওতালি নৃত্যের আয়োজন করেছে। উপজেলার প্রায় প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে গত বুধবার থেকে সাঁওতালদের দুটি নাচের দল ঐতিহ্যবাহী এ নৃত্য পরিবেশন করছে।প্রতিটি নাচের দলে ২৫ থেকে ৩০ জন নৃত্যশিল্পী থাকেন। তবে দলের নেতৃত্ব দেন একজন ওস্তাদ। পানছড়ির পাহাড়ি আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে সমতলের আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের নাচের কদর আছে।সাঁওতাল দল গ্রামে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রোদ-বৃষ্টি উপেক্ষা করে ছুটে আসেন গ্রামবাসী। প্রতিটি ঘরের আঙিনায় প্রায় তিন থেকে চার মিনিট নাচ পরিবেশন করেন তাঁরা।ঢাকের শব্দের তালে তালে ঘুরে ঘুরে চলতে থাকে নাচ। গ্রামের বহু শিশুও যোগ দেয় নাচে। ঢাকের ছন্দ মুহূর্তেই উৎসবের আমেজ এনে দেয় পুরো এলাকায়।কথা হয় এমনই একটি নাচের দলের সদস্যদের সঙ্গে। দলের নাচিয়ে শুকু সাঁওতাল, ঝর্ণা সাঁওতাল ও বিঝু সাঁওতাল বলেন, ‘এটি আমাদের ঐতিহ্য। শারদীয় দুর্গাপূজার সময় নাচের এই রেওয়াজ দীর্ঘদিনের। আমাদের আদি পুরুষেরাও এ নৃত্য পরিবেশন করে গেছেন। ঐতিহ্য ধরে রাখতেই আমাদের এ নৃত্য। গ্রামে গ্রামে সুন্দর এ নৃত্য দেখাতে পেরে আমরা খুবই খুশি।’সুভাষ সাঁওতাল বলেন, ‘আমরা যে ঘরের আঙিনায় নাচি, সে ঘরের মালিক খুশি হয়ে চাল, আটা কিংবা খেতের ফসল দেন। এভাবে নাচ দেখানোর খরচটাও উঠে আসে। আমরা ২১ ধরনের নাচ পরিবেশন করি।’ শারদীয় দুর্গাপূজার বিসর্জনের দিন পর্যন্ত এ নৃত্য চলবে বলে তিনি জানান।