পানছড়িতে ১১টি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১১টি প্রাথমিক বিদ্যালয় ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে উপজেলার প্রায় দেড় হাজার শিক্ষার্থী ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার রামকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামশিং দেওয়ানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্গামুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যুবনাশ্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খরান শিংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পূজ গাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাতাল মুনিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজকুমারপাড়া বেসরকারি প্রাথিমিক বিদ্যালয়, তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিকন চানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলক পতিমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উপজেলার বেশির ভাগ বিদ্যালয়ে পাঠদান চলছে টিনের ছাউনিযুক্ত বেড়ার ঘরে। এ ছাড়া পাকা ভবনগুলো দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। বেশির ভাগ ভবনের দরজা-জানালা ভেঙে গেছে। নেই পর্যাপ্ত আসবাবপত্র। রামকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুবোধ বিকাশ চাকমা প্রথম আলোকে বলেন, বৃষ্টি হলে ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। ভিজে যায় আসবাবপত্রসহ শিক্ষার্থীদের বই-খাতা। তাই আকাশে মেঘ দেখলেই বিদ্যালয় ছুটি দিতে হয়। চেংগী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা বলেন, ‘আমার ইউনিয়নে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে উপজেলার সমন্বয় সভায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।’উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর তালিকা জেলা শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে এবং উপজেলা পরিষদের সমন্বয় সভায়ও এ বিষয়ে আলোচনা হয়েছে।পানছড়ি উপজেলা নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।