পানছড়িতে ৯টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নয়টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ ও ১২ লাখ টাকা ব্যয়ে চারটি প্রাথমিক বিদ্যালয় সংস্কার হচ্ছে। সম্প্রতি ঢাকা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে এ বিষয়ে দুটি পৃথক অনুমোদনপত্র পানছড়ি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে এসেছে। গত বছর ২৩ নভেম্বর প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে ‘পানছড়িতে ১১টি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। পানছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান ও উপজেলা নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, উপজেলার বেশি ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর জন্য নতুন ভবন ও কম ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়। এই কাজে অর্থ বরাদ্দও পাওয়া গেছে। পানছড়ি উপজেলা নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর নতুন ভবন নির্মাণ ও সংস্কার করার জন্য এর আগে অনেকবার আবেদন করা হয়েছে। কোনো কাজ হয়নি। এ ব্যাপারে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষ সাড়া দিয়েছেন। নতুন ভবন নির্মাণের জন্য নয়টি প্রাথমিক বিদ্যালয়কে সাড়ে ৫১ লাখ টাকা করে দেওয়া হয়েছে। চারটি বিদ্যালয়ের পুরোনো ভবন সংস্কারের জন্য তিন লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।জানা গেছে, প্রকল্পের আওতায় উপজেলার হলরাম শিং দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাম কানাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খরান শিংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পূজ গাং মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট পানছড়ি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যুবনাশ্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিকন চানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলকপতিমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্গামনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোগাং করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালুকদারপাড়া কমিউনিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংস্কার করা হচ্ছে।