পানছড়ির শান্তিপুর এলাকায় চেঙ্গী নদীর ওপর রাবারড্যামের নির্মাণকাজ শেষ হলে প্রায় দুই হাজার হেক্টর জমিতে বোরো চাষ হবে। রাবারড্যামের ওপর একটি সেতু থাকবে, এটি দিয়ে পানছড়ি সদরে যোগাযোগ সহজ হবে। এলাকার বড় ধর্মীয় প্রতিষ্ঠান শান্তিপুর অরণ্য কুটিরে দায়ক-দায়িকা ও পর্যটকদের যাতায়াতে সুবিধা হবে বলে জানান স্থানীয় লোকজন। তাঁরা জানান, রাবারড্যাম ও সেতু হলে এলাকার কৃষি ও যোগাযোগে বহুমুখী সুবিধা পাওয়া যাবে।প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) খাগড়াছড়ি। প্রায় সাড়ে নয় কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু হয় গত ৬ জানুয়ারি।এলজিইডি সূত্রে জানা যায়, খাদ্য উৎ পাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবারড্যাম নির্মাণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় ৮০ মিটার দীর্ঘ এই ড্যাম নির্মাণ করা হচ্ছে। ব্যয় ধরা হয়েছে নয় কোটি ৪০ লাখ টাকা। দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।জানা যায়, রাবারড্যামের ওপর একটি সেতু হবে। ড্যামটি দুটি ভাগ হবে। প্রতিটিতে ৩৫ টন ওজনের রাবার থাকবে, যেটি পানির চাপের মাধ্যমে ফোলানো যায় ও পানি শূন্য করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়। পরিপূর্ণভাবে ফোলালে বাঁধের উচ্চতা হবে পাঁচ মিটার। শান্তিপুর এলাকার শিক্ষক পরেশ চাকমা বলেন, রাবারড্যামের ফলে বোরো মৌসুমে সেচসুবিধা বাড়বে। বর্তমানে যেসব ধানি জমি সেচের অভাবে খালি পড়ে আছে, দুই বছর পর সেগুলো ফসলে ভরে উঠবে। আর সেতুর সুফল পাবেন সবাই।একই এলাকার অরুণ বিকাশ চাকমা বলেন, ‘রাবারড্যামের ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। তাই চাষাবাদে কতটুকু সুফল পাব জানি না। তবে সেতুটি আমরা ব্যবহার করতে পারব। এ সেতু দিয়ে পানছড়ি এলাকার সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান শান্তিপুর অরণ্য কুটিরে যাতায়াত করা যাবে অনায়সে।’পানছড়ি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা বলেন, ‘কৃষকদের প্রশিক্ষণ দিয়ে রাবারড্যামের উপযোগিতা কাজে লাগাতে হবে। শুষ্ক মৌসুমে সংরক্ষিত পানি ব্যবহার করে ধান চাষ করা যাবে। এতে আর্থিকভাবে লাভবান হবেন সবাই। রাবারড্যাম এই এলাকার চেহারা পাল্টে দিতে পারে।’ঠিকাদারি প্রতিষ্ঠান পারিশার প্রকৌশলী ইমান হোসাইন বলেন, ‘রাবারড্যাম নির্মাণে রাত-দিন ১৫০-২০০ জন শ্রমিক স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন। বর্ষার আগে বেইজ তৈরির কাজ শেষ হবে।’পানছড়ি উপজেলার চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ‘রাবারড্যাম নির্মাণের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। কৃষকেরা যাতে এর পরিপূর্ণ সুবিধা পান, সে ব্যাপারে আমরা কাজ করে যাব।’