পানছড়ির দুটি সড়কই যেন খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রধান দুটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার দুটি গুরুত্বপূর্ণ রাস্তা পানছড়ি-খাগড়াছড়ি ও পানছড়ি-দুধুুকছড়া সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট বড় বড় গর্তে পানি জমে খালে পরিণত হয়েছে।সড়ক দুটিতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার শিকার হচ্ছে চলাচলকারী যানবাহনগুলো। সংস্কারকাজে নিয়োজিত ঠিকাদারেরা দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রাখায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ।সরেজমিনে দেখা গেছে, ২৬ কিলোমিটার দীর্ঘ পানছড়ি-খাগড়াছড়ি সড়কের ১৯ কিলোমিটার পথই যানবাহন চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। সড়কের ১২ নম্বর ছোটনালা থেকে পানছড়ি পর্ষন্ত অসংখ্য বড় গর্তের সৃষ্টি হয়েছে। শিবমন্দির এলাকায় আধা কিলোমিটার সড়কের চিহ্নই নেই। খানাখন্দে পানি জমে থাকায় দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহনগুলো। সড়কের মুনিগ্রাম উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকায় দুটি কালভার্টও ধসে গেছে।অন্যদিকে, ১৪ কিলোমিটার দীর্ঘ পানছড়ি-দুধুকছড়া সড়কের বড়কলক নামক জায়গা থেকে দুধুকছড়া পর্যন্ত সাত কিলোমিটারজুড়ে ৫২টি বড় গর্তের সৃষ্টি হয়েছে। অধিকাংশ স্থানে সড়কের চিহ্নও নেই। এতে যানবাহন চলছে হেলেদুলে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।পানছড়ি-খাগড়াছড়ি সড়কের পার্বত্য জিপ সমিতির দায়িত্বরত লাইনম্যান প্রাণ গোপাল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২৫ জুলাই পাকুজ্যেছড়া এলাকায় খাগড়াছড়ি থেকে আসা তেলবাহী একটি গাড়ি গর্তে পড়ে নষ্ট হয়ে যায়। এর আগে ২৩ জুলাই পানছড়ি মহামুনি বৌদ্ধবিহারসংলগ্ন এলাকায় গম বোঝাই একটি ট্রাক গর্তে আটকে যায়। একই দিন সড়কে একটি জিপ আটকে গেলে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এভাবে প্রতিদিনই কোনো না কোনো যানবাহন সড়কে নষ্ট হয়ে যাচ্ছে। পানছড়ি থেকে প্রতিদিন দুধুকছড়ায় আসা-যাওয়া করেন বিদ্যালয়ের শিক্ষক দীননাথ চাকমা। তিনি বলেন, ‘বড় বড় গর্তে পানি জমে ছোটখাটো জলাশয়ে রূপ নিয়েছে। সড়কে মাঝপথে গাড়ি নষ্ট হয়ে পড়ে। অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রতিদিন আসা-যাওয়া করতে হচ্ছে।’ পানছড়ি উপজেলা খাদ্যগুদামের তত্ত্বাবধায়ক শৈলেন চাকমা বলেন, ‘পানছড়ি-খাগড়াছড়ি সড়কের বেহাল অবস্থার কারণে চালভর্তি ট্রাকগুলো খাগড়াছড়ি থেকে পানছড়িতে আসতে চায় না। তাই গত জুন মাসে ভারত প্রত্যাগত আদিবাসী শরণার্থীদের খয়রাতি রেশনে আতপ চালের পরিবর্তে সেদ্ধ চাল দিতে হয়েছে।’সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, গত ২০১০-১১ অর্থবছরে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক সংস্কারের জন্য চার কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ হয়। গত বছর মে মাসে কাজটি পান ঠিকাদার অনন্ত ত্রিপুরা। অন্যদিকে ২০০৯-১০ অর্থবছরে পানছড়ি-দুধুকছড়া সড়কের ১০ কিলোমিটার এলাকা সংস্কারের জন্য এক কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ হয়। কাজটি পান ঢাকার সিকদার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ আছে ঠিকাদারেরা সড়ক দুটির সংস্কারকাজ এখনো শেষ না করায় এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে।ঠিকাদার অনন্ত ত্রিপুরার পক্ষে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক সংস্কারের কাজ করছেন মো. শামসুল আলম। তিনি বলেন, ‘গত বছর থেকে এ যাবৎ মোট এক কোটি ৩০ লাখ টাকা পেয়েছি। ঠিকমতো টাকা না পাওয়ায় কাজটি শেষ করা যাচ্ছে না।’অপর দিকে পানছড়ি-দুধুকছড়া সড়কের ঠিকাদার সিকদার এন্টারপ্রাইজের প্রধান নুরুল আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। সড়ক ও জনপথ বিভাগের পানছড়ি উপজেলার দায়িত্বরত প্রকৌশলী মো. শাহাবুদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘নিয়োগপ্রাপ্ত ঠিকাদাররা ঠিক সময়ে কাজ না করার কারণে সড়কগুলোর এ অবস্থা হয়েছে। সরেজমিন তদন্ত করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’