পানছড়ির ৬০ একর জমিতে বোরো চাষ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারের গাফিলতির কারণে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের উত্তর নালকাটা দুধু কুমারপাড়া বিলের দেড় শ কানি (৬০ একর) জমিতে বোরো চাষ হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকার শত শত চাষির মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।চাষিরা জানান, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কৈলাস ত্রিপুরা সেচনালা ও আরসিসি কালভার্টের নির্মাণকাজ গত বছর সেপ্টেম্বর মাসে শেষ করে। কিন্তু সেচসুবিধার জন্য পাম্প মোটরটি বসিয়ে দিচ্ছেন না। ফলে বোরো ধানের চারা রোপণের সময়ও পানির অভাবে বোরো চারা রোপণ করতে পারছেন না। উত্তর নালকাটার দুধু কুমারপাড়ার চাষি রণজীবন চাকমা, অনিল মায়া চাকমা, সুবর্ণা চাকমা বলেন, নিজের জমিতে এ বছর থেকে বোরো চাষ করতে পারব, এ আশায় আমরা মাস খানেক আগে বোরো ধানের চারা তৈরি করেছি। সেই চারা রোপণের সময় চলে যাচ্ছে তবুও সংশ্লিষ্ট ঠিকাদার পাম্প মোটরটি বসিয়ে দিচ্ছেন না। আগামী দু-এক সপ্তাহের মধ্যে পাম্প মোটরটি বসানো না হলে এলাকায় দেড় শ কানি জমিতে বোরো চাষ করা সম্ভব হবে না। চাষি রণজীবন চাকমা আরও বলেন, ঠিকাদার কৈলাস ত্রিপুরা জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে মোটরটি বসিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। সে জন্য বিদ্যুৎ লাইনও নেওয়া হয়েছে। জানুয়ারি শেষ হতে চললেও তিনি পাম্প মোটরটি বসিয়ে দিচ্ছেন না। এতে এলাকার শত শত চাষি বোরো চাষের সুবিধা থেকে বঞ্চিত হবেন।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০১১-১২ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে ১৫ লাখ টাকা ব্যয়ে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের উত্তর নালকাটা এলাকায় পানছড়ি-খাগড়াছড়ি সড়কে আরসিসি ব্লকে কালভার্ট নির্মাণসহ পানি সেচের সুবিধার্থে এক হাজার ফুট দীর্ঘ সেচনালা নির্মাণ করে। নির্মাণ শেষ করার পরও পাম্প মোটরটি দেওয়া হয়নি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৃতি রঞ্জন চাকমা প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদার কৈলাস ত্রিপুরাকে এখনো সম্পূর্ণ বিল দেওয়া হয়নি। কাজটি শেষ করে পাম্প মোটরটি বসিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’ ্এ ব্যাপারে ঠিকাদার কৈলাস ত্রিপুরা মুঠোফোনে বলেন, ‘কাজটি করার দায়িত্ব আমার। আগামী জুনের মধ্যে কাজ শেষ করার কার্যাদেশ রয়েছে। চাষিদের সুবিধার্থে এ মাসের মধ্যে আমি পাম্প মোটরটি বসিয়ে দেব।’