পানছড়ির ৮৮টি বিদ্যালয়ে শহীদ মিনার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০ বছরেও শহীদ মিনার নির্মিত হয়নি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৮৮টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা অস্থায়ী শহীদ মিনার তৈরি করে প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। উপজেলার শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, পানছড়িতে মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৯০টি। এর মধ্যে স্থায়ী শহীদ মিনার আছে শুধু পানছড়ি উচ্চবিদ্যালয় ও উল্টাছড়ি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে। বাকি ছয়টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৪০টি সরকারি, ১৮টি রেজিস্টার্ড ও ২৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুনুপ্রু মারমা বলেন, ‘আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার নেই। অথচ উপজেলার একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। শহীদ মিনার থাকলে ভাষাশহীদেরা কেন ভাষার জন্য প্রাণ দিলেন; কারা তাঁদের হত্যা করল, তা জানতে শিক্ষার্থীরা আগ্রহী হবে।’ এ প্রসঙ্গে পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল রহমান বলেন, ‘পানছড়ি উপজেলার কোনো প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। অথচ প্রতিটি বিদ্যালয়েই শহীদ মিনার থাকা উচিত।’ পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের শেখ বলেন, আগামী মাসিক সমন্বয় সভায় এ বিষয়টি উত্থাপন করা হবে। উপজেলার শিক্ষাখাতে বরাদ্দ করা ২০ শতাংশ অর্থ থেকে ক্রমান্বয়ে সব বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হবে।