পানছড়ির ৯ সড়কের দুরবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চারটি ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চলে ছোট-বড় নয়টি গ্রামীণ সড়ক স্বাধীনতার পর থেকে সংস্কারই করা হয়নি। এসব সড়কে শুষ্ক মৌসুমে যানবাহন (জিপ বা চাঁদের গাড়ি) চললেও বর্ষা মৌসুমে তা চলে না। সামান্য বৃষ্টি হলেই জল-কাদায় একাকার হয়ে যাওয়া এসব সড়কে হেঁটে চলাচলও কষ্টকর হয়ে পড়ে। সংশ্লিষ্ট এলাকার লোকজন জানান, সড়কগুলোর আশপাশের গ্রামগুলোতে প্রতিবছর প্রচুর ধান, আদা, হলুদ, কচু, সরিষা, মটরসহ বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদিত হয়। কিন্তু যোগাযোগব্যবস্থা উন্নত না হওয়ায় তাঁদের অধিকাংশ ফসল এলাকার বাইরে বাজারজাত করা সম্ভব হয় না। ফলে ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।সরেজমিনে দেখা যায়, উপজেলার মির্জাটিলা-গগনপাড়া, কলাবাগান-নাপিতাপাড়া, পূজগাং মুখ-যুবনাশ্বপাড়া, শনটিলা-হরধলপাড়া, নালকাটামুখ-শুকনাছড়ি, তালতলা-গংগারামপাড়া, দুধুকছড়া-হারুবিল, লোগাং স্কুল-শনখোলাপাড়া ও কলাবাগান-নাপিতাপাড়া সড়ক কাদায় পরিপূর্ণ। হাঁটুসমান কাদায় ভরা এসব সড়কে পায়ে হাঁটতেও কষ্ট হচ্ছে পথচারীদের। এই কাদামাটি মাড়িয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে শিক্ষার্থীরা। এ ছাড়া, হাটের দিন এলাকার শত শত বাসিন্দা এ সড়ক দিয়ে বাজারে আসা-যাওয়া করেন। এলাকাবাসীর অভিযোগ, তাঁরা সড়কের অভাবে যুগ যুগ ধরে দুর্ভোগ পোহালেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজর নেই। চেংগী ইউনিয়নের বাসিন্দা কালা চাঁদ চাকমা জানান, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রতিবছর প্রচুর পরিমাণ ধান, আদা, হলুদ, কচু, সরিষা, মটরসহ বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদিত হয়। কিন্তু যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় এসব পণ্য পরিবহন ও বাজারজাত করতে সমস্যা হয়। ফলে ফসলের ন্যায্য দাম পান না কৃষকেরা। তাঁর মতে, সড়কগুলো সংস্কারের মাধ্যমে পাকা করা হলে এলাকায় জিপ, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে। এতে পণ্য বাজারজাত করার মাধ্যমে জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আনতে পারবেন এলাকার কৃষকেরা। পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা বলেন, ‘এলাকাবাসীর সুবিধার্থে সড়কগুলোতে জরুরিভিত্তিতে ইট বিছানো এবং কার্পেটিং করা প্রয়োজন। আমার ইউনিয়নের ছয়টি সড়ক পর্যায়ক্রমে পাকা করার চেষ্টা করছি। চলতি বছর পূজগাং মুখ-যুবনাশ্বপাড়া সড়কের উন্নয়নকাজ হতে পারে বলে উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা আশ্বাস দিয়েছেন। অন্যগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে।’ চেংগী ইউনিয়নের চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা বলেন, ‘আমার ইউনিয়নের সড়কগুলো নির্মাণসহ বিভিন্ন ধরনের উন্নয়নের জন্য পাঁচ বছরের পরিকল্পনা করা হয়েছে।’পানছড়ি উপজেলা নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘সড়কগুলো সংস্কারের জন্য খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান কার্যালয়ে আবেদন করা হয়েছে। আশা করি পর্যায়ক্রমে অনুমোদন আসবে।’ পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ‘জনস্বার্থে সড়কগুলো নির্মাণ করা খুবই জরুরি। প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ সড়কগুলোর ব্যাপারে আমার নির্বাচনী ওয়াদাও ছিল। চলতি বছর কয়েকটি সড়ক উন্নয়নের জন্য সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরার সুপারিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে এ বছরই কাজ শুরু করা যাবে।’