পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শীতের কথা। চুল কেটে বাসায় এসে দেখি ট্যাংকির পানির সঙ্গে ময়লা বেরোচ্ছে। চুল না কাটলে গোসল না করে থাকা যেত, কিন্তু চুল কেটেছি বলে গোসল তো করতেই হবে। তাই একটা তোয়ালে নিয়ে রওনা হলাম চাচার বাড়ি। সেখানে গিয়ে একটা দুষ্টু বুদ্ধি মাথায় চাপল। দুবার কলবেল টিপে ভিখারির মতো হাঁক ছেড়ে বললাম, ‘ও মা! একটু পানি দেবেন?’ ভেতর থেকে চাচি ও আপুর কথা শোনা যাচ্ছে। চাচি আপুকে বললেন, ‘বলে দে হবে না।’ আপু বলল, ‘আম্মু, অ্যাবনরমাল ফকির মনে হয়, পানি চাচ্ছে কেন?’ চাচি আবার বললেন, ‘পানি চাচ্ছে যখন তখন দিয়ে আয়।’আপু এক গ্লাস পানি হাতে বেরিয়ে এল আর আমাকে দেখেই থমকে দাঁড়াল। বলল, ‘তুই এখানে কেন? ফকির কোথায়?’ আমি আবারও ভিখারির মতো করে বললাম, ‘মা গো! আমার তো এতটুকু পানিতে হবে না। আমার তো এক বালতি পানি লাগবে।’ আমার হাতে তোয়ালে দেখে আপুর বুঝতে বাকি থাকল না যে ঘটনাটা কী ঘটেছে। অতঃপর দুজনই হাসতে লাগলাম। সোপ, যশোর।