পানি উন্নয়ন বোর্ডে ১৭৮ নিয়োগ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি চারটি পদে মোট ১৭৮ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ৯৪ জন, হিসাব কারণিক পদে ৪৭ জন, সার্ভেয়ার (প্রকৌশল) পদে ২৮ জন এবং উচ্চমান সহকারী পদে মোট ৯ জন নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া, আবেদন করা যাবে আগামী ২৪ মে, ২০১৭ তারিখ পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
উচ্চমান সহকারী পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পদটিতে আবেদনের জন্য আবেদনকারীর সংশ্লিষ্ট খাতে কমপক্ষে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার পাশাপাশি আবেদনকারীকে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
হিসাব কারণিক পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীকে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। সার্ভেয়ার প্রকৌশল পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে সার্ভে ফাইনাল পাস হতে হবে।
ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীকে নির্মাণকাজে কমপক্ষে এক বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
সব যোগ্যতার পাশাপাশি প্রতিটি পদে আবেদনের জন্যই ২৪ মে, ২০১৭ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের অথবা তাদের সন্তানদের সন্তানের এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ছাড়া বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রেও বয়সসীমা শিথিলযোগ্য। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদ ব্যতীত অন্য কোনো সনদ গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া
সব পদে আবেদনের জন্য আবেদনকারীকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত এক পাতার ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফরমের নমুনা বাপাউবোর ওয়েবসাইট www.bwdb.gov.bd এই ঠিকানায় পাওয়া যাবে। সেখান থেকে আবেদন ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে ২৪ মে, ২০১৭ তারিখে অফিস চলাকালে পরিচালক, কর্মচারী উন্নয়ন পরিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রহমান চেম্বার (১০ম তলা), ১২-১৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ এই ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে অন্য কোনো কাগজপত্র সংযুক্তি হিসেবে দিতে হবে না। আবেদনপত্রের সঙ্গে শুধু সদ্য তোলা তিন কপি ৫ x ৫ সেমি সাইজের ছবির এক কপি আবেদন ফরমে আঠা দিয়ে লাগানো এবং অপর দুই কপি ছবি সত্যায়িত ছবি দিতে হবে। সঙ্গে আবেদন ফি হিসেবে উপপরিচালক, ঢাকা আঞ্চলিক হিসাব কেন্দ্র, বাপাউবো, ঢাকার অনুকূলে যেকোনো শিডিউল ব্যাংক থেকে ক্রয়কৃত ৬০০ টাকার এমআইসিআর (MICR) নম্বরযুক্ত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার দাখিল করতে হবে।
বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা
উচ্চমান সহকারী পদে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা মাসে ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা, হিসাব কারণিক এবং সার্ভেয়ার (প্রকৌশল) পদে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা মাসে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা মাসে ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা হারে বেতন পাবেন।