পানি ও বিদ্যুতের অশেষ যন্ত্রণা
গরম আসার পর থেকেই বিদ্যুতের যন্ত্রণা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এর সঙ্গে যোগ হয়েছে পানিসংকট। এই দুই সমস্যায় নাকাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা। দুর্ভোগ পোহাচ্ছেন ক্যাম্পাসে বসবাসরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-পানির দাবিতে শিক্ষার্থীরা এরই মধ্যে কয়েক দফা বিক্ষোভ প্রদর্শন করেছেন।বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের আবাসিক শিক্ষার্থী আবদুল্লাহ ফারুক জানান, প্রায় দুই মাস অনির্ধারিত কারণে বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় খোলা হলে ছাত্রাবাসে গিয়ে দেখি পানি ও বিদ্যুৎসংকট যথারীতি চলছে। এরই মধ্যে শুরু হয়েছে বিভিন্ন বিভাগের পরীক্ষা। পানি ও বিদ্যুতের অভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে খুবই সমস্যা হচ্ছে।তবে এসব সমস্যার কথা স্বীকার করলেও আগের তুলনায় সমস্যা অনেক কম বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আলমগীর চৌধুরী। প্রথম আলোকে তিনি বলেন, ‘গ্রীষ্মকাল শুরুর আগেই বিশ্ববিদ্যালয়ের পানির পাম্পগুলো সংস্কার করা হয়েছে। এখন সব পাম্প চালু আছে। কিন্তু বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে পানির কিছুটা সংকট দেখা দিয়েছে।’এদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-পানির দাবিতে শিক্ষার্থীরা এরই মধ্যে কয়েক দফা বিক্ষোভ প্রদর্শন করেছেন। গত ১৩ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের আলাওল ও এএফ রহমান হলের ছাত্ররা পানি-বিদ্যুতের দাবিতে ক্যাম্পাসে মিছিল করে। পরে প্রক্টর উপস্থিত হয়ে তাঁদের শান্ত করেন। এ ছাড়া গত ২৩ এপ্রিল রাতে শামসুন্নাহার হলের ছাত্রীরাও বিক্ষোভ প্রদর্শন করেন । জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার ও প্রীতিলতা হলে কয়েক সপ্তাহ ধরে পানিসংকট চলছে। ছাত্রীরা হল কর্তৃপক্ষকে পানিসংকটের বিষয়টি জানালেও কোনো সমাধান হয়নি। একই সমস্যা বিরাজ করছে ছাত্রাবাসগুলোতেও। আবাসিক হলের এক ছাত্রী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘পানিসংকটের কারণে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংকট নিরসনের জন্য কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আমাদের খাবার ও গোসলে খুব সমস্যা হচ্ছে।’প্রীতিলতা হলের সদ্য বিদায়ী প্রাধ্যক্ষ অধ্যাপক কামরুল হুদা সম্প্রতি প্রথম আলোকে বলেছিলেন, ‘এখন ক্যাম্পাসজুড়ে পানিসংকট চলছে। তবে হলে যাতে নির্ধারিত সময়ে পানি দেওয়া হয়, এ জন্য প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’ কিন্তু তাঁর সে নির্দেশ এখনো বাস্তবায়িত হয়নি। বিভিন্ন ছাত্রাবাসের একাধিক শিক্ষার্থী জানান, কয়েক দিন পরপর এ সংকট দেখা দেয়। জোড়াতালি দিয়ে তাৎক্ষণিকভাবে সমাধান করা হলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেই।বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, পাঁচটি পাম্পের মাধ্যমে বিভিন্ন হল, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন এবং ডরমেটরিতে পানি সরবরাহ করা হয়। গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়ের নলকূপের পানির স্তর কমেছে প্রায় ২০-৩০ ফুট। পানিসংকট সৃষ্টির এটিও অন্যতম কারণ বলে ধারণা করছে প্রকৌশল দপ্তর।