পানি খান, স্মার্ট হয়ে যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়োজনমতো পানি খেতে ভুলবেন না
প্রয়োজনমতো পানি খেতে ভুলবেন না

পিপাসা পেলে আপনি পানি খাবেন। কিন্তু বুঝবেন কীভাবে যে পিপাসা পেয়েছে? গলা শুকিয়ে গেলে তো কথাই নেই; তাও একটু বোঝার ব্যাপার আাছ। টিনএজ বা বিশের কোঠার তারুণ্যের দিনগুলোয় আপনি একেবারে হাওয়ায় গা ভাসিয়ে চলেন। সারা দিন খেলাধুলা, আড্ডা, ফেসবুক, পড়াশোনা অথবা অফিসের কাজ। এত ব্যস্ত যে পানি খাওয়ার কথাই ভুলে যান। কিন্তু আপনার শরীর খুব চালাক। সে বিভিন্নভাবে আপনাকে পানির কথা মনে করিয়ে ছাড়বে। আপনি শুধু সেই সংকেতগুলোর মর্ম বুঝে পানি খেয়ে নেবেন। তারুণ্যের ঝোড়ো হাওয়ায় আপনি সবকিছু ‘আই ডোন্ট কেয়ার কানাকড়ি’ ভাব নিয়ে চলেন। কিন্তু বোঝেন না যে অন্তত পানিটুকু প্রয়োজনমতো না খেলে যৌবনে কিডনি, লিভার, হার্ট, ফুসফুসে সমস্যা দেখা দেবে। এসব বিষয়ে ইউরোপের জনপ্রিয় লেখক থর্বইয়র্গ ও অন্যান্য বিশেষজ্ঞের পরামর্শগুলো শুনে নিন।
১. সকালে একবার করে আয়নায় নিজের চেহারা দেখুন। যদি উজ্জ্বল ও প্রাণবন্ত হয়, ঠিক আছে। যদি ক্লান্ত, চোখ ঢুলুঢুলু, চোখের নিচে কালচে দাগ দেখেন, চট করে দু-এক গ্লাস পানি খেয়ে নিন। কারণ, চেহারাই বলে দিচ্ছে যে আপনার কিডনি ঠিকমতো কাজ করছে না। সে রক্তের দূষিত অংশ ছেঁকে শরীর থেকে বের করে দেয়। কিন্তু পানি কম থাকলে কিডনি ঠিকভাবে কাজ করতে পারে না। তখন চোখে-মুখে তার ছাপ পড়ে।
২. হাত-পায়ের চামড়ায় চোখ বুলিয়ে দেখুন মসৃণ ও ঝকঝকে আছে কি না। যদি না থাকে, বুঝবেন পানি দরকার। চোখে-মুখে পানি দিন। প্রতিদিন গোসল। পানি তো খাবেনই প্রচুর।
চামড়ার নিচে প্রয়োজনীয় পরিমাণে চর্বি ও পানির হালকা আস্তরণ না থাকলে চামড়া কুঁচকে যায়। মানে, একটু তেল-চর্বি, একটু পানি দরকার। তেল-চর্বি আবার যেন যতটা সম্ভব প্রাকৃতিক হয়।
৩. আপনি কি প্রায়ই আনমনা হয়ে যাচ্ছেন? কথা মনে থাকছে না, কেমন যেন অন্য রকম লাগছে? পানি খান। কারণ, পানির অভাবে মস্তিষ্ক আচ্ছন্ন হয়।
৪. আপনার ওজন বেড়ে যাচ্ছে? তার মানে পানি কম খাচ্ছেন। কারণ, কাজ চালিয়ে নেওয়ার জন্য শরীর রক্তের জলীয় অংশ নিয়ে নেয়। তখন অতিরিক্ত শর্করা রক্তে থেকে যায় এবং শেষ পর্যন্ত গ্লাইকোজেনরূপে ফুসফুসে গিয়ে জমা হয়—পরবর্তীকালে কাজে লাগবে এই আশায়। এতেই ওজন বাড়তে থাকে। বারবার খিদে লাগলে বড় এক গ্লাস পানি খেয়ে নিন ভারী কিছু খাওয়ার আগে।
৫. টয়লেটে সমস্যা হচ্ছে? প্রস্রাবে জ্বালাপোড়া, কোষ্ঠকাঠিন্য? এখনই পানি খান বেশি করে। কারণ, পানির অভাবে দেহের সব তরল টেনে নেয় গুরুত্বপূর্ণ অঙ্গগুলো। ফলে, শরীর কষা। পেটের মধ্যে অতিরিক্ত ব্যাকটেরিয়া ও ইস্ট গাঁজিয়ে উঠে পেট ফুলে ঢোল।