আনোয়ারার উপকূলীয় এলাকাগুলো থেকে জমে থাকা পানি নামতে শুরু করলেও আতঙ্কমুক্ত হতে পারছেন না ক্ষতিগ্রস্ত মানুষ। কারণ এখনো ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি আসা-যাওয়া করছে গ্রামগুলোতে। ৭-৯ অক্টোবরের বৃষ্টি ও সাগরের অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে উপজেলার চার ইউনিয়নের ২৫ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ঘরবাড়ি ও রাস্তাঘাট ছাড়াও ক্ষতি হয় তিন কোটি টাকার বেশি সম্পদ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে গহিরা, ফকিরহাট, ঘাটকুল, বার আউলিয়া ও সাপমারা খালের মুখ, গোদার গোড়া ও পূর্ব জুঁইদণ্ডী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তৈয়ব জানান, রায়পুর, জুঁইদণ্ডী, বারখাইন ও হাইলধরের ২০ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছিল। ১৭ কিলোমিটার বাঁধ ভেসে গেছে পানিতে। এতে প্রায় তিন হাজার পরিবারের ১৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ঘরবাড়ি নষ্ট হয়েছে ৯৫টি সম্পূর্ণ ও দুহাজার ৯০৫টি আংশিক। তা ছাড়া, এক হাজার হাঁস-মুরগি, ৬৩০ একর ফসলি জমি, ৭০ একর চিংড়িঘের, পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান, ১২টি মসজিদ-মন্দির, ১০ কিলোমিটার পাকা ও ২২ কিলোমিটার কাঁচা সড়কের ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে ৫১টি মৎস্য খামার, ১০০টি অগভীর নলকূপ ও ১৭০টি পুকুর। সাগরে ডুবে গেছে জালসহ একটি মাছ ধরার নৌকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী জানান, ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আপাতত ২২ টন ৪০০ কেজি চাল ত্রাণ হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে।এদিকে আনোয়ারার সংসদ সদস্য আখতারুজ্জমান চৌধুরী রায়পুর, জুঁইদণ্ডী ও বদলপুরা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে দেড় লাখ টাকা বিতরণ করেছেন। সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে কয়েকদিন ধরে পানি নামতে শুরু করেছে। তবে মানুষ আতঙ্কমুক্ত হতে পারছেন না। রায়পুরের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল হক চৌধুরী বলেন, ‘আমার ঘর থেকে পানি নেমে গেছে। কিন্তু বেড়িবাঁধ তো মেরামত হয়নি। তাই আতঙ্কে আছি কখন প্রকৃতি আবার বৈরী আচরণ করে সবকিছু ভেঙে তছনছ করে দেয়।’