পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই দোহাজারী সদরে
চন্দনাইশ উপজেলার দোহাজারী সদরের অধিকাংশ নালা ভরাট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এসব নালা সংস্কার কিংবা পরিষ্কার না করায় সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও রেলস্টেশন সড়কসংলগ্ন এলাকা ময়লা পানি ও কাদায় ভরপুর হয়ে ওঠে। সড়কের ময়লা পানি প্রায় সময় দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে সর্বস্তরের লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় লোকজনের অভিযোগ, দোহাজারী রেলস্টেশন ও আরাকান সড়কের আশপাশ ঘিরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে অপরিকল্পিতভাবে বিপণিকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলায় অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। দোহাজারী সড়ক বিভাগ সূত্র জনদুর্ভোগের কথা স্বীকার করেছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, ২০০৭ সালে দোহাজারী সদর এলাকায় সড়কের পানি নিষ্কাশনের জন্য সড়কের পশ্চিম পাশে প্রায় ২০০ মিটার দীর্ঘ একটি পাকা নালা নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর থেকে সংস্কার না করায় নালাটি ভরাট হয়ে গেছে। সামান্য বৃষ্টিপাত হলেই ময়লা পানি ও কাদায় একাকার হয়ে পড়ে পুরো সদর এলাকা। এতে এলাকার ব্যবসায়ীসহ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দোহাজারী বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজের বিএম প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহিমদ চৌধুরী বলেন, সড়কের ওপর কাদাযুক্ত পানি জমে থাকায় কলেজে আসা-যাওয়ার সময় পরনের কাপড় নষ্ট হয়ে যায়। দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী বিউটি আকতার জানায়, বর্ষাকালে কাদাপানি জমে থাকায় এ সড়ক দিয়ে স্কুলে আসা-যাওয়া করতে খুব বিরক্ত লাগে। নালাগুলো নিয়মিত পরিষ্কার করে পানি সরে যাওয়ার ব্যবস্থা করলে ভালো হতো। ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান বলেন, সামান্য বৃষ্টিপাত হলেই কাদাপানি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের মালামাল নষ্ট হয়ে যায়। বেচাকেনায় সমস্যা দেখা দেয়। দোহাজারী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহ আলম জানান, দীর্ঘ তিন-চার বছর ধরে সড়কের পাশের নালা ভরাট হয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে সামান্য বৃষ্টি হলেই পুরো সদর এলাকা কাদাযুক্ত হয়ে পড়ে এবং ময়লা পানির দুর্গন্ধে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। যোগাযোগ করা হলে দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান প্রথম আলোকে বলেন, এ মুহূর্তে সড়কের পাশে নালা নির্মাণের কোনো পরিকল্পনা নেই। তবে দোহাজারী সদরে জমে থাকা ময়লা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।