পানি নিয়ে ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিবিশেষজ্ঞ—এই পরিচয়ে তাঁর পরিচিতি বেশি। তবে পরিবেশ, বর্তমানের আলোচিত জলবায়ু পরিবর্তন, দুর্যোগ বা দুর্যোগ ব্যবস্থাপনা—সবই তাঁর গবেষণা আর কাজের ক্ষেত্র। একসময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এখন আবার ফিরে এসেছেন শিক্ষকতা পেশায়। বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি। আইনুন নিশাতকে নিয়ে এবারের মূল রচনা।ফোন বেজে চলেছে। তিনি হয়তো কোনো মিটিংয়ে, কোনো আলোচনা অনুষ্ঠানে, গোলটেবিল বৈঠকে বা ক্লাসে। যিনি ফোন করেছেন তাঁর বিরক্ত হওয়ার সুযোগ কম। ওয়েলকাম টিউনে বেজে চলেছে ‘গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ...’। এমন গান শুনলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তবে নিশ্চিত থাকতে পারেন, যখনই হোক, আপনি ফিরতি ফোন পাবেন। ‘আইনুন নিশাত বলছি, আমাকে ফোন করেছিলেন। কী ব্যাপার বলুন।’পানিবিজ্ঞানী, বিশেষজ্ঞ আইনুন নিশাত। ‘পানিবিশেষজ্ঞ’—এই পরিচয়ে তাঁর পরিচিতি বেশি; তবে পরিবেশ, বর্তমানের আলোচিত জলবায়ু পরিবর্তন, দুর্যোগ বা দুর্যোগ ব্যবস্থাপনা—এসবই তাঁর গবেষণার ক্ষেত্র, কাজের ক্ষেত্র। একসময়ের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক, বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শিক্ষকতায় ফিরে এসেছেন আবার। মাঝে কয়েক বছর কাটিয়েছেন আন্তর্জাতিক পরিবেশবিষয়ক সংগঠন আইইউসিএনে।সেদিন যখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দেখা করতে যাই তখনো তিনি মিটিংয়েই ছিলেন। সব বিভাগের লোকজনকে নিয়ে বসেছেন। উপাচার্য হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন, শুধু ক্লাস নেওয়া আর শিক্ষকতাই নয়, একাডেমিক কাজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ব্যবস্থাপনা—সবই এখন দেখতে হচ্ছে একসঙ্গে। মিটিং শেষে ফিরলেন।তাহলে শুরু করা যাক কবে ও কোথায় জন্ম, এসব প্রয়োজনীয় তথ্য দিয়ে।‘জন্ম বরিশাল শহরের নবগ্রাম রোডে মামাবাড়িতে। পৈতৃক নিবাস খুলনা জেলার ডুমুরিয়ার চুকনগর। পিতা গাজী শামছুর রহমান। মা জামাল আরা রহমান।’এখানে থামতে হলো। আইনুন নিশাতের বাবা গাজী শামছুর রহমান হলেন সেই আইনবিশেষজ্ঞ, যিনি আইনের জটিল ও কঠিন দিকগুলো সহজে ব্যাখ্যা করতে পারতেন। আশির দশকে যাঁরা বিটিভি দেখেছেন তাঁদের অনেকেরই মনে আছে ‘দবির’ আর ‘সাবেত’ দুটি চরিত্রের মাধ্যমে তিনি কত সহজ করে কোনো আইনি দিক বোঝাতেন। আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি করে জেলা জজ হিসেবে কর্মজীবন শুরু আর সরকারের যুগ্ম সচিব হিসেবে অবসর গ্রহণ করেন গাজী শামছুর রহমান। পরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও বাংলা একাডেমীর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নিজের জীবনে পিতা-মাতার বড় প্রভাব পড়েছে বলে মনে করেন আইনুন নিশাত। ‘আমার পিতা-মাতা দুজনই আমাকে প্রভাবিত করেছেন। আমার মা ছিলেন কলকাতার লেডি ব্রাবোর্ন কলেজের ছাত্রী। বাবা-মা দুজনের কারণে বাসায় পড়াশোনার একটি পরিবেশ ছিল। আমাদের পাঁচ ভাইবোনের মধ্যেই বই পড়ার প্রচণ্ড আগ্রহ ছিল।’বাবার চাকরির কারণে জেলায় জেলায় ঘুরেছেন তিনি। জন্মের সময় বাবার পোস্টিং ছিল বাজিতপুরে। পঞ্চগড়ে ফ্রি প্রাইমারি স্কুল দিয়ে শিক্ষাজীবন শুরু করে ঢাকার কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস করার আগ পর্যন্ত বারবার স্কুল পরিবর্তন করতে হয়েছে তাঁকে। বগুড়া জিলা স্কুল, নোয়াখালী জিলা স্কুল, সিলেট সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকার ওয়েস্ট এন্ড স্কুল, দিনাজপুর জিলা স্কুল—কোন স্কুলে কোন সালে কত বছর বা কত মাস পড়েছেন তা স্মৃতি থেকে বলে গেলেন অবলীলায়। গণিত, পদার্থ ও রসায়নে লেটার মার্কস নিয়ে এসএসসি পাস করেন ১৯৬৩ সালে। এরপর নটর ডেম কলেজ হয়ে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি ১৯৬৫ সালে। ১৯৬৯-এ বুয়েট থেকে পুরকৌশলে ডিগ্রি নিয়ে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেছেন দুই বছর। বলা যায়, এই চাকরিই তাঁর আগ্রহের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমরা পেয়েছি আজকের পানি বা নদীবিশেষজ্ঞ আইনুন নিশাতকে।‘সত্তরের শুরুতে সেচ, বন্যা ব্যবস্থাপনা ও নদীশাসনের ব্যাপারে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। পানি উন্নয়ন বোর্ডে কাজ করতে গিয়ে মনে হলো পানিসম্পদ কৌশল সাধারণ মানুষের জীবনের কাছাকাছি একটি বিষয়। আমাদের দেশ ও জীবনের বহু সমস্যা নদীর সঙ্গে সম্পর্কিত। আর এ ক্ষেত্রে চ্যালেঞ্জ অনেক বেশি। সাধারণ ক্ষেত্রে কোনো কাঠামো নিয়ে দুজন প্রকৌশলীর মধ্যে পার্থক্য বা ভিন্নতা শতকরা দশ ভাগ হতে পারে। কিন্তু পানির ক্ষেত্রে ভিন্নতা শতভাগ হতে পারে।’ একজন প্রকৌশলী হিসেবে পানি উন্নয়ন বোর্ডে কাজ করতে গিয়েই নদী আর এর সঙ্গে যুক্ত মানুষ তাঁর আগ্রহের জায়গায় পরিণত হয়। তবে পানি উন্নয়ন বোর্ড ছেড়ে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগে যোগ দিয়ে শিক্ষকতা শুরু করলেন ১৯৭২ সালের মাঝামাঝি থেকে। পরে পানির প্রবাহসংক্রান্ত বিষয়গুলো নিয়ে বুয়েটে পানিসম্পদ কৌশল বিভাগ খোলা হলে সেই বিভাগে যোগ দেন তিনি।‘আমি একজন পেশাজীবী হতে চেয়েছিলাম, ডাক্তারও হতে পারতাম। কিন্তু নিজস্ব সময় পাওয়ার বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। বাবা চাইতেন সরকারি চাকরি করি। ছাত্র থাকতে অবশ্য আমার গবেষণা ও শিক্ষকতার প্রতি আগ্রহ ছিল।’বুয়েটে যোগ দেওয়ার পর শিক্ষকতা ও গবেষণা দুটোরই সুযোগ পেলেন। সেখানে পড়িয়েছেন হাইড্রোলজি, সেচ ও বন্যা ব্যবস্থাপনা। ‘এসব পড়াতে গিয়ে পেশাগতভাবে আমি অনেক লাভবান হয়েছি। পানিসম্পদ ব্যবস্থাপনা ও পরিকল্পনা নিয়ে কাজ করতে হয়েছে। একটা প্রকল্প প্রণয়নে কারিগরি দিক তো আছেই। আমি সব সময় এর সামাজিক, অর্থনৈতিক ও আঞ্চলিক পরিবেশবিষয়ক চিন্তাকে কীভাবে কাজে লাগানো যায়, তা বিবেচনায় নিয়েছি ও ছাত্রদের পড়িয়েছি। এই কোর্সটি ডিজাইন করতে আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে।’নদী, পানি ও এর সঙ্গে মানুষের সম্পর্ক, যুগ-যুগের লোকায়ত জ্ঞান—এসবকে তিনি সব সময়ই আলাদা গুরুত্ব দিয়েছেন। তাত্ত্বিক জ্ঞান অর্জন বা পড়াশোনা, এসবের পাশাপাশি তিনি গুরুত্ব দেন স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলার বিষয়টি। বুয়েটের শিক্ষক থাকাকালে তিনি সে কাজটি করে গেছেন। নিজের আগ্রহে তিনি যে ব্যবহারিক ও স্থানীয় জ্ঞান অর্জন করেছেন, তা সব সময়ই ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগাভাগির চেষ্টা করেছেন।‘ছাত্রদের সঙ্গে আমি সব সময়ই আমার পেশাদারি অভিজ্ঞতা বিনিময় করার চেষ্টা করেছি। আর ক্লাসরুমের বাইরের অনেক কিছুর সঙ্গেও আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করার চেষ্টা করেছি। ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে আমি বিতর্ক, আবৃত্তি, নাট্যচর্চায় উৎসাহিত করেছি। ক্লাব গঠন করেছি।’বুয়েটে থাকাকালে তিনি পুরকৌশলে পিএইচডি করতে যান গ্লাসগোর স্ট্রাথ ক্লাইড বিশ্ববিদ্যালয়ে। নদীনালার গতিপ্রকৃতি নিয়ে তিন বছরের পিএইচডি শেষে তিনি দেশে ফিরে আসেন ১৯৮১ সালে। এর পরপর তিনি আর শুধু বুয়েটে শিক্ষক হিসেবে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারেননি। দেশের জন্য কাজ করার ডাক আসে তাঁর। মাত্র ৩৪ বছর বয়সে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের সদস্য হন তিনি। ১৯৮১ সালের ডিসেম্বর থেকে ১৯৯৯ সালের নভেম্বর পর্যন্ত টানা ১৮ বছর তিনি এ দায়িত্ব পালন করেন।জাতীয় কাজে তাঁর এই সংযোগের সূচনা শুধু যৌথ নদী কমিশনেই থেমে থাকেনি। ১৯৮৮ সালের বন্যার পর যে ফ্লাড অ্যাকশন প্ল্যান বা ফ্যাপ করা হয়, তাতে প্যানেল বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। ভারতের সঙ্গে গঙ্গা পানি চুক্তির আলোচনায়ও তাঁর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয়ের হয়ে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কমিটি, দুর্যোগ ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর কাজ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের মাস্টারপ্ল্যান, যমুনা ব্রিজ প্রকল্পের নদীশাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক প্যানেলের সদস্য হিসেবে কাজ করা, বর্তমানের জলবায়ু পরিবর্তন অ্যাকশন প্ল্যান বা প্রস্তাবিত পদ্মা ব্রিজের প্যানেল সদস্য—এ ধরনের কাজে তাঁর অংশগ্রহণ বা পরামর্শ আমাদের দেশের বাস্তবতায় প্রায় অপরিহার্য হয়ে পড়েছে। তিনি আগ্রহ নিয়েই এসব কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন। তবে দেশের প্রয়োজনে সরকারের এসব কাজে বা সরকারের বিভিন্ন কমিটিতে নিয়মিত সময় দিলেও তিনি কখনো কোনো ধরনের সম্মানী বা সরকারের সুযোগ-সুবিধা নেননি।‘আমি সব সময়ই অবৈতনিক হিসেবে যৌথ নদী কমিশনে কাজ করেছি। এতে নিজের স্বকীয়তা বজায় রাখা সম্ভব হয়। সব সময়ই আমি নিরপেক্ষভাবে আমার মত দিতে পেরেছি। এ ধরনের অবস্থান আমাকে সঠিক কথা বলার সাহস জুগিয়েছে। আমি অনেক ক্ষেত্রে শক্ত করে কথা বলতে পেরেছি, অবস্থান নিতে পেরেছি।’আর নিজের প্রাপ্তি?‘সরকারি বিভিন্ন কমিটিতে থেকে, সময় দিয়ে আমি পেশাগতভাবে লাভবান হয়েছি। সরকারের অনেক ভাবনা, পরিকল্পনা জানতে পেরেছি, দলিল পেয়েছি। এতে অনেক অভিজ্ঞতা হয়েছে। দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে কথা বলার পরিস্থিতি তৈরি হয়েছে। আর এসব কাজে মাঠপর্যায়ে যেতে হয়েছে আমাকে, দেশের মানুষের সঙ্গে মিশেছি, অনেক কিছু শিখেছি। স্থানীয় মানুষের সঙ্গে কীভাবে মিশতে হয়, কীভাবে তাদের সঙ্গে কথা বলতে হয়—এ ব্যাপারেও আমি অনেকটা বিশেষজ্ঞ হয়ে গেছি।’১৯৯৮ সালে বুয়েট ছেড়ে যোগ দেন আন্তর্জাতিক পরিবেশবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব কনজারভেশন নেচারে (আইইউসিএন) বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে। ১৯৯৮ থেকে ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন, এরপর কাজ করেছেন একই প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে।আইইউসিএন পর্বে তিনি বাংলাদেশ সরকারের জাতীয় সংরক্ষণ কৌশল, জীববৈচিত্র্য সংরক্ষণ কৌশল, মরুকরণ রোধ কৌশল, জলবায়ু পরিবর্তন মোকাবিলাবিষয়ক কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়নে কাজ করেছেন। নেতৃত্ব দিয়েছেন জলাভূমি কিংবা বনভূমি ব্যবস্থাপনার নানা পাইলট প্রকল্পে।এ বছরই, মাস খানেক আগে যোগ দিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে, উপাচার্য হিসেবে। আবার ফিরে আসা শিক্ষকতায়, তবে বড় দায়িত্ব নিয়ে। এখানেও নতুন কিছু করতে চান তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রথাগত বিষয়ের বাইরে নতুন বিষয় অন্তর্ভুক্ত করা, নতুন কোনো কোর্স চালু করা। ‘বাংলাদেশে এর প্রয়োজন রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে।’ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গিয়ে বোঝা গেল, কাজটি তিনি শুরু করেছেন জোরের সঙ্গেই।এত ব্যস্ততা, এত দায়িত্ব, আজ ঢাকা তো কাল কুতুবদিয়া, পরশু জার্মানির বন। এর পরও মানুষের নিজের সময় বলে কিছু থাকে। পানি, জলবায়ু, পরিবেশ-বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাতেরও আছে। গান শোনেন, সব ধরনের গান। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি। পুরোনো দিনের গানের প্রতি রয়েছে বিশেষ আগ্রহ। আর ছোটবেলা থেকে বই পড়ার প্রতি যে আগ্রহ, তা তো আছেই। বাংলা বা ইংরেজি উপন্যাস, পত্রপত্রিকা, ম্যাগাজিন, ঈদসংখ্যা, পূজাসংখ্যা—সবই।‘আমার সুবিধা হলো, আমি দ্রুত পড়ে ফেলতে পারি। ওই যে ছোটবেলা থেকে পড়ার অভ্যাস। মফস্বলে এক জেলা থেকে আরেক জেলায় কেটেছে আমার শৈশব। পত্রিকা পেতাম এক দিন পর। জেলা শহরের লাইব্রেরিগুলো ছিল আমার পছন্দের জায়গা। অপেক্ষা করতাম কখন দেব সাহিত্য কুটিরের নতুন বই বের হবে।’তিন কন্যার জনক আইনুন নিশাতের স্ত্রী সামিনা সুলতানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপনা থেকে সম্প্রতি অবসর নিয়েছেন। বুশরা নিশাত, সাজিয়া নিশাত, উজমা নিশাত—তিন মেয়ের সবাই বিবাহিত, উচ্চশিক্ষিত। বাবার মতো বড় মেয়ের কাজের ক্ষেত্র পানি। তিনি ওয়াটার মডেলিংয়ের গাণিতিক বিশেষজ্ঞ। মেজো মেয়ে পরিবেশবিজ্ঞানে পিএইচডি, কানাডায় থাকেন। ছোট মেয়ে তড়িৎ প্রকৌশলী, যুক্তরাষ্ট্র প্রবাসী।সবারই কিছু ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। আপনার সামনের পরিকল্পনা কী?‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি মাত্র, এখনো সব গুছিয়ে উঠতে পারিনি। ইচ্ছা, আমার কাজের ক্ষেত্রে আমি যেসব অভিজ্ঞতা অর্জন করেছি, কিছু লেখালেখিও আছে—সেগুলোকে একত্র করে বই প্রকাশের। আইনের ক্ষেত্রে আমার বাবা যে কাজটি করেছেন, সহজ করে আইন ব্যাখ্যা করেছেন, কারিগরি ক্ষেত্রে আমি সে কাজটি করতে চাই।’