পানি নিয়ে ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের ভার্সাই নগর। ১৬ মার্চের রোদ-ঝলমলে সকাল। মার্সাইয়ের পার্ক চ্যানটের মূল মিলনায়তনে হাজারো মানুষের সমাবেশ। সম্মেলন কেন্দ্রের মঞ্চে তখন পানির সমস্যা সমাধানে আলোচনা-পর্যালোচনা চলছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিশ্বের পানি সমস্যা সমাধানে তাঁদের ভাবনার কথা জানাচ্ছেন। বেশ কয়েকজনের প্রস্তাবনা উত্থাপনের পর মঞ্চে উঠে এলেন এক যুবক। পানি সমস্যা সমাধানে প্রত্যন্ত অঞ্চলের তরুণ প্রজন্মের অংশগ্রহণের কথা বললেন তিনি। তাঁর প্রস্তাবনাটি তাক লাগিয়ে দিল পুরো সম্মেলন কক্ষে। পুরো বিশ্বের সমস্যা সমাধানে তাঁর ভাবনাটি ব্যাপক প্রশংসা সম্মেলনে আগত অংশগ্রহণকারীদের মধ্যে। দর্শক সারি থেকে হাততালিও এল প্রচুর। মঞ্চ থেকে নামার পর ওই যুবকের পিঠ চাপড়ে দিলেন কেউ কেউ। ভাবুন তো, এ যুবক যদি একজন বাংলাদেশি হয় তাহলে কেমন হয়। হ্যাঁ, তিনি বাংলাদেশেরই এক শিক্ষার্থী। সারা পৃথিবীর ৩০ হাজার তরুণের মধ্য থেকে যে ৪০ জন এ সম্মেলনে অংশ নেওয়া সুযোগ পেয়েছেন বাংলাদেশের সাজিদ ইকবাল তাঁদেরই একজন।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী ১১ থেকে ১৮ মার্চ ফ্রান্সের মার্সাইতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম’-এ অংশ নিয়েছেন। সাজিদ ইকবাল জানান, গত ডিসেম্বরে এ সম্মেলনে অংশগ্রহণে বিভিন্ন দেশের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য একটি প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। ২০১৫ সালের মধ্যে কীভাবে সারা বিশ্বের পানি ও স্যানিটেশনের সমস্যা সমাধান করা যায়—এ বিষয়ে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছ থেকে নীতিমালা, গবেষণাপত্র ও রূপরেখা আহ্বান করা হয়।সাজিদ গবেষণা শেষে তাঁর কাজের নাম দেন ‘যুব পানি সংঘ: পানির সমস্যা সমাধানে গ্রামীণ ও নাগরিক তরুণদের অংশগ্রহণ জোরদারকরণ’। গবেষণাপত্রে পানি সমস্যা সমাধানে তৃণমূলের তরুণদের অংশগ্রহণকে প্রাধান্য দিয়েছেন তিনি। গবেষণাপত্রটি তৈরির জন্য বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আর্সেনিক সমস্যা সমাধানে তরুণদের অংশগ্রহণ নিয়ে কাজ করেছেন সাজিদ। এত বড় একটা সম্মেলনে অংশগ্রহণের পর অনুভূতি কেমন? প্রশ্নে সাজিদের উত্তর, ‘প্রকল্পটি জমা দেওয়ার সময় সম্মেলনে অংশ নিতে পারব, এ ধরনের ভাবনা কাজ করেনি। পানি সমস্যা নিয়ে যে কাজগুলো করেছি তা দিয়েই এটি তৈরি করেছিলাম। এ সম্মেলনে অংশগ্রহণ আমার ছাত্রজীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।’ওয়াটার ওয়ার্ল্ড কাউন্সিলের ‘ইমার্জিং একাডেমিক প্রোগ্রাম’-এর আওতায় ওয়ার্ল্ড ওয়াটার ফোরামে শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।এ প্রতিযোগিতার মাধ্যমে ৪০ জন অংশগ্রহণকারী ছাড়াও সপ্তাহব্যাপী এ সম্মেলনে বিভিন্ন দেশের মেয়র, সংসদ সদস্য, মন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন। পাশাপাশি ছিলেন দুই হাজার ৬০০ তরুণ ও শিশু অংশগ্রহণকারী। ওয়ার্ল্ড ওয়াটার কাউন্সিল বিশ্বের পানি ও স্যানিটেশন সমস্যার সমাধানে ১৯৯৭ সাল থেকে প্রতি তিন বছর অন্তর এ ধরনের সম্মেলনের আয়োজন করে থাকে। পরবর্তী সম্মেলনটি অনুষ্ঠিত হবে ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ায়।