পানি নেই, তাই শৌচাগারে যায় না শিক্ষার্থীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০০-এর 
বেশি শিক্ষার্থী সারা দিনে একবারের জন্যও শৌচাগারে যায় না। পানি না থাকায় শিক্ষার্থীরা শৌচাগার ব্যবহার করতে চায়
না। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
প্রধান শিক্ষক মো. ইউসুফসহ বিদ্যালয়টির বেশ কয়েকজন শিক্ষক এমন তথ্য জানান। সহকারী শিক্ষক বেগম ফেরদৌস
আক্তার বলেন, সকাল সোয়া নয়টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত শিক্ষার্থীরা বিদ্যালয়ে থাকে। পানি না থাকায় এরা
কেউ শৌচাগারে যেতে পারে না।
শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের অধিকাংশ শিশু দিনমজুর ও খেটে খাওয়া কর্মজীবী পরিবারের সন্তান।
পানির সমস্যা এই শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই বাড়িয়েছে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রহিমা আক্তার জানায়, দীর্ঘ সময়
বিদ্যালয়ে থাকলেও তাদের জন্য পানির ব্যবস্থা করা হয়নি। পান করার জন্য এক গ্লাস পানিও বিদ্যালয়ে পাওয়া যায় না।
রাঙামাটির জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল ৭ জুলাই এই বিদ্যালয় পরিদর্শন করার সময় পানির সমস্যার কথা
জানতে পারেন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পানির অভাবে ছাত্রছাত্রীরা শৌচাগারে যায় না। এটা শোনার পর
থেকে আমার অস্বস্তি হচ্ছে। এর ফলে ভবিষ্যতে শিক্ষার্থীরা কিডনি রোগসহ নানা রোগে আক্রান্ত হতে পারে।’ জেলা
প্রশাসক আরও জানান, তিনি জরুরি ভিত্তিতে বিদ্যালয়ে পানির ব্যবস্থা করতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান
আহমদকে বলেছেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নজরুল ইসলাম বিষয়টি তদারক করবেন বলে
জানান।