পানি বাড়লে আর রাত জাগা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বৃষ্টি হলেই রাত জেগে থাকতে হয়। কর্ণফুলীতে কখন পানি বেড়ে যায়। ভাঙতে ভাঙতে নদী এখন চলে এসেছে একেবারে দরজায়। বাপ-দাদার ভিটে কখন যে গিলে খায় সেই আতঙ্কে দিন কাটে। তবে এবার কিছুটা স্বস্তি, ভাঙন রোধে বসানো হচ্ছে সিসি ব্লক। এখন পানি বাড়লে আর রাত জেগে থাকতে হবে না।’ কথাগুলো বলছিলেন মধ্য বেতাগি গ্রামের বাসিন্দা রফিক তালুকদার (৫৬)।কর্ণফুলী নদীর ভাঙন রোধে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগি ইউনিয়নের পূর্ব ও মধ্য বেতাগি গ্রামে বসানো হচ্ছে পাথর ও সিমেন্টের তৈরি প্রায় ৯০ হাজার সিসি ব্লক। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে এই দুই গ্রামের মানুষ।স্থানীয় লোকজন জানান, উপজেলার চন্দ্রঘোনা, কদমতলী, মরিয়মনগর, বেতাগি, সরফভাটা ও পোমরা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় কর্ণফুলী নদীর ভাঙন চলছে। বেতাগি ছাড়া সব কয়টি ইউনিয়নে ভাঙন রোধে বিগত সময়ে সরকার কোটি টাকা ব্যয়ে বাঁধ ও ব্লক স্থাপন করে। কিন্তু বেতাগি ইউনিয়নের ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে আশির দশক থেকে পরবর্তী ১০ বছরে বেতাগি ইউনিয়নের দক্ষিণ বেতাগি গ্রাম হারিয়ে যায় কর্ণফুলীর গর্ভে। এরপর ভাঙন শুরু হয় পূর্ব ও মধ্য বেতাগি গ্রামে। ২০০১ সালের পর থেকে এ পর্যন্ত এই দুই গ্রামের ফসলিজমি, ভিটে-মাটি ও ঘরবাড়ি হারিয়ে যায় নদীগর্ভে। ভাঙন রোধে নদী তীরবর্তী বাসিন্দারা বিভিন্ন দপ্তরে আবেদন করেন। কিন্তু কোনো কাজ হয়নি। তবে এবার মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এলাকার সাংসদ বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ কর্ণফুলী নদীর ভাঙন রোধে বেতাগি ইউনিয়নের পূর্ব ও মধ্য বেতাগি গ্রামে প্রায় চার কোটি টাকা ব্যয়ে ব্লক বসানোর উদ্যোগ নেন। যা বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের নিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান শহীদ এন্টারপ্রাইজ সহযোগী ঠিকাদারের মাধ্যমে ২০১১ সালের মাঝামাঝি সময়ে প্রকল্পের কাজ শুরু করে। প্রকল্প বাস্তবায়ন কাজের সহযোগী ঠিকাদার শওকত হোসেন জানান, কর্ণফুলী নদীর তীরে পূর্ব বেতাগি ও মধ্য বেতাগি গ্রামের প্রায় ৯০০ মিটার এলাকায় স্থাপনের জন্য ৯০ হাজার ব্লক তৈরি করা হয়েছে। এসব ব্লক বসানোর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রায় ৪০০ মিটার এলাকায় ব্লক বসানোর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০ থেকে ২৫ জন শ্রমিক নৌকাযোগে কর্ণফুলী নদীর তলদেশে সিসি ব্লক ফেলে ধারক দেয়াল (ডাম্পিং) তৈরির কাজ করছে। আরও কিছু শ্রমিক করছেন নদীতীরে ব্লক বসানোর কাজ। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের রাঙামাটি পার্বত্য জেলার নির্বাহী প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর বলেন, সিডিউল অনুযায়ী প্রকল্পের কাজ চলছে। যে গতিতে কাজ চলছে, তাতে আগামী জুন মাসের মধ্যে প্রকল্পের শতভাগ কাজ শেষ হবে। এ প্রকল্পের কাজ শেষ করার মাধ্যমে বেতাগি ইউনিয়ন প্রথমবারের মতো কর্ণফুলী নদীর ভাঙন থেকে রক্ষা পাবে। বেতাগি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী বলেন, কর্ণফুলী নদীর ভয়াবহ ভাঙন রোধে ব্লক বসানোর ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ব্লক বসানোর ফলে ভাঙন থেকে রক্ষা পাওয়া মানুষ বন ও পরিবেশমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, কর্ণফুলী নদীর ভাঙন রোধে শুধু বেতাগি ইউনিয়ন নয়, সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল, মরিয়মনগর ইউনিয়নের ফরাশপাড়া ও রশিদিয়াপাড়া গ্রামেও ব্লক বসানোর কাজ চলছে।