পানি-বায়ু-শব্দদূষণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে
নগরে বায়ু, পানি ও শব্দদূষণের কারণে মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে। গত মাসে পরিবেশ অধিদপ্তরের নমুনা জরিপে দূষণের প্রমাণ পাওয়া যায়। জরিপে শব্দ ও বায়ুদূষণের জন্য পুরোনো যানবাহন ও কলকারখানার উচ্চমাত্রার শব্দ ও কালো ধোঁয়া নির্গমন এবং হাইড্রলিক হর্ন ব্যবহারকে চিহ্নিত করা হয়েছে। হোটেল-রেস্তোরাঁর খাওয়ার পানিতে পাওয়া গেছে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি কলিফর্ম জীবাণু। এই জীবাণু ডায়রিয়া, আমাশয়সহ নানা রোগের কারণ হতে পারে বলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান। প্রশাসন সূত্র জানায়, নগরের কালুরঘাট, নাসিরাবাদ শিল্প এলাকা, আগ্রাবাদ, পাহাড়তলীসহ বিভিন্ন স্থানে সহস্রাধিক শিল্পকারখানা রয়েছে। এসব কারখানা থেকে উচ্চমাত্রার শব্দ ও ধোঁয়া বের হয়। চট্টগ্রামের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) হিসাবে দেখা যায়, মহানগর ও জেলাতে ২৩ হাজার ৮০০ যানবাহন চলছে ফিটনেসবিহীন। এসব যানবাহনে কালো ধোঁয়া নির্গমন হয়। পুরোনো যানবাহনে এখনো হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। নতুন রেজিস্ট্রেশন করা অনেক গাড়িতেও হাইড্রোলিক হর্ন ব্যবহূত হয়।এ প্রসঙ্গে বিআরটিএ চট্টগ্রামের উপপরিচালক এস কে বিশ্বাস বলেন, ‘কাগজে-কলমে ২৩ হাজার ৮০০ ফিটনেসবিহীন যানবাহন থাকলেও প্রকৃতপক্ষে এ সংখ্যা আরও বেশি। কারণ, অনেক পুরোনো যানবাহন রেজিস্ট্রেশন-ফিটনেস ইত্যাদি নবায়ন করে না। এসব যানবাহনই মূলত শব্দ ও বায়ুদূষণের জন্য দায়ী।’ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়ার সঙ্গে সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড, সীসাসহ অন্যান্য ক্ষতিকর উপাদান বাতাসে ছড়িয়ে পড়ছে। অধিদপ্তর ২০০টি কলকারখানাকে দূষণের জন্য চিহ্নিত করেছে।সূত্রমতে, পরিবেশ অধিদপ্তর গত এপ্রিল মাসে নগরের বহদ্দারহাট, ষোলশহর, পাঁচলাইশ, আলকরন মোড়, ফিরোজশাহ মোড়সহ বিভিন্ন স্থানের বাতাসের নমুনা পরীক্ষা করে। এসব এলাকার বাতাসের নমুনা পরীক্ষায় গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি পরিমাণ এসপিএম (সাসপেনডেন্ট পারটিকুলেট মেটার) পাওয়া গেছে। অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বাতাসে এসপিএমের গ্রহণযোগ্য মাত্রা যেখানে প্রতি আট ঘণ্টায় ২০০ থাকার কথা সেখানে বহদ্দারহাটে ৬১২, ষোলশহরে ৫৭৪ ও আলকরণে ৪৫৪ পাওয়া গেছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘বাতাসে সীসা, নাইট্রোজেন, ধুলোবালি বেশি থাকলে শিশু ও বৃদ্ধদের ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণ দেখা দেয়। এ রকম রোগী আমাদের এখানে বেশি পাওয়া যাচ্ছে। পাশাপাশি অতিমাত্রার শব্দে মানুষের শ্রবণেন্দ্রিয়ের ক্ষতি হতে পারে।’ তিনি বলেন, ‘পানিদূষণের ফলে হেপাটাইটিস, ডায়রিয়া, পেটের পীড়াসহ নানা রোগ হয়।’ শব্দদূষণ : শব্দদূষণেও পিছিয়ে নেয় চট্টগ্রাম। নগরের সার্কিট হাউজ, কাজীর দেউড়ি, আগ্রাবাদ, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় শব্দদূষণ হচ্ছে ভয়াবহ আকারে। আগ্রাবাদ এলাকায় শব্দের মাত্রা পাওয়া গেছে সর্বোচ্চ ৭৮ ডেসিবল। অথচ দিনের বেলায় এই এলাকায় (আবাসিক ও কমার্শিয়াল) এটা থাকার কথা ৬০ ডেসিবল। আর রাতের বেলায় ৫০ ডেসিবল। অন্যদিকে নাসিরাবাদ ও টাইগার পাস মোড় এলাকায় সর্বোচ্চ ৭৫ ডেসিবল মাত্রা পাওয়া গেছে। দূষণের কথা স্বীকার করে পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ মো. জমির উদ্দিন বলেন, ‘আমরা নিয়মিত বাতাস, শব্দ ও পানি পরীক্ষা করে যাচ্ছি। সব ক্ষেত্রেই দূষণের প্রমাণ মিলছে। দূষণ নিয়ন্ত্রণের জন্য আমরা বিভিন্ন সময় অভিযানও পরিচালনা করছি।’ খাওয়ার পানি: নগরের বিভিন্ন রেস্তোরাঁর খাওয়ার পানি পরীক্ষা করেও পরিবেশ অধিদপ্তর এতে বিষাক্তম কলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পেয়েছে। এই জীবাণু অতিমাত্রায় শরীরে গেলে পেটের পীড়াসহ নানা রোগে মানুষ আক্রান্ত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। নগরের ১০টি রেস্তোরাঁর খাওয়ার পানির মধ্যে আটটির পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যায়। এর মাত্রা প্রতি ১০০ মিলিলিটারে সর্বোচ্চ ৮০ পর্যন্ত পাওয়া গেছে।