
রাঙামাটি জেলার ছয় থেকে সাত লাখ লোক কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল। সুপেয় পানির এই বড় উৎস দূষিত হওয়ার পাশাপাশি ভরাট হচ্ছে। ফলে সেচ, বিদ্যুৎ উৎপাদন ও নৌ চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, হ্রদের পানির ব্যবহারের সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
২০১২ সালে বেসরকারি সংস্থা এনজিও ফোরাম ফর ড্রিংকিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন পরিচালিত এক গবেষণায় দেখা যায়, রাঙামাটি শহরের প্রতি ১০০ মিলিলিটার পানিতে কলিফরম জীবাণু পাওয়া গেছে রাজবাড়ি এলাকায় ৫০০, বনরূপা এলাকায় ৬০০ এবং রিজার্ভ বাজার এলাকায় ৪৫০। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এসব এলাকা থেকে পানি তুলে রাঙামাটি শহরে পানি সরবরাহ করে।
কাপ্তাই হ্রদ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বনজ সম্পদ আহরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বহুমুখী উন্নয়নের কথা মাথায় রেখে ১৯৬০ সালে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে বাঁধ নির্মাণ করা হয়। এর ফলে ৭০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকায় কৃত্রিম হ্রদ সৃষ্টি হয়। তবে হ্রদ ব্যবস্থাপনার সঠিক পরিকল্পনার অভাবে হ্রদ থেকে পাওয়া সুবিধাগুলো সংকুচিত হচ্ছে। পাশাপাশি অনেক ক্ষেত্রে এই হ্রদই জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। অবাধে বর্জ্য ফেলার কারণে হ্রদের পানি দূষিত হওয়ায় ডায়রিয়া ও চর্মরোগের মতো পানিবাহিত রোগ বাড়ছে। পাশাপাশি হ্রদের তলদেশ ভরাট হওয়ায় নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, কমছে বিদ্যুৎ উৎপাদন।
কাপ্তাই হ্রদ পরিচালনা কমিটির সদস্য ও রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম বলেন, গত ৬৫ বছরে হ্রদের পানি ব্যবহারে টেকসই পরিকল্পনা গ্রহণ করা যায়নি। তলদেশ ভরাট হওয়ায় হ্রদের পানি ধারণক্ষমতা কমে যাচ্ছে। বর্জ্য ফেলার কারণে পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। শুষ্ক মৌসুমে নৌপথে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে।
বিদ্যুৎ উৎপাদন: বর্ষা মৌসুমে কর্ণফুলীসহ ছয়টি নদীর পানি কাপ্তাই হ্রদে জমা হয়। পরে তা শুষ্ক মৌসুমে বিদ্যুৎ উৎপাদন নির্বিঘ্ন রাখার জন্য পানি ছেড়ে দেওয়া হয়।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক আবদুর রহমান জানান, নভেম্বর মাসে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা সর্বোচ্চ ১০৯ ফুট থাকে। সর্বনিম্ন ৭৬ ফুট থাকে জুন মাসে। সর্বোচ্চ পানি থাকা অবস্থায় বেশি বিদ্যুৎ উৎপাদন করা হলে হ্রদের পানি দ্রুত কমে যায়। পরে শুষ্ক মৌসুমে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হয়। বর্তমান পানির স্তর রয়েছে ৮৭ দশমিক ৬৭ ফুট। এখন দিনে একটি এবং সন্ধ্যায় চারটি জেনারেটর চালানো হচ্ছে।
কৃষি: রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক রমণী কান্তি চাকমা বলেন, ‘পানির সঙ্গে কৃষি উৎপাদন সরাসরি জড়িত। রাঙামাটি জেলার বোরো উৎপাদন কাপ্তাই হ্রদের পানি সঠিক সময়ে ওঠা–নামার ওপর নির্ভর করে।’ তিনি জানান, হ্রদের পানি ঠিক সময়ে ওঠা–নামা করলে হ্রদ এলাকায় সর্বোচ্চ ৮ হাজার ৫০০ হেক্টর পর্যন্ত বোরো আবাদ সম্ভব। এ বছর ধীরগতিতে পানি কমানোর কারণে বোরো আবাদ হয়েছে ৭ হাজার ৬৫০ হেক্টর। আবার আগাম বর্ষা শুরু হলে হ্রদের পানি বেড়ে বোরো আবাদ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
জনস্বাস্থ্য: কাপ্তাই হ্রদের পাশে লোকসংখ্যা বেড়ে যাওয়ায় পানিদূষণ বাড়ছে। শুধু রাঙামাটি শহরে এক–চতুর্থাংশ মানুষ খুঁটি গেড়ে বাড়ি নির্মাণ করে হ্রদ এলাকায় বসবাস করে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কমপক্ষে তিনজন পৌর কাউন্সিলর নিশ্চিত করেন। এ ছাড়া জেলার সব হাট-বাজার হ্রদ তীরবর্তী এলাকায়। এসব ঘরবাড়ি, হাট-বাজার, হোটেল ও গৃহস্থািলর বর্জ্য হ্রদের পানিতে ফেলা হয়। রাঙামাটি পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার জানা আছে। তবে তা দেখার জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি আছে।’ রাঙামাটি জেনারেল হাসপাতালের আবসিক চিকিৎসা কর্মকর্তা নুযয়েন খিসা জানান, কলিফরম ব্যাকটেরিয়া ডায়রিয়াসহ পেটের নানা অসুখের কারণ। হাসপাতালে বিভিন্ন সময় চর্মরোগ ও ডায়রিয়ায় আক্রান্ত রোগী আসে। তবে হ্রদের পানিদূষণের কারণে, না অন্য কোনো কারণে রোগ হচ্ছে তা বলা কঠিন।