পানি মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্পটি যাঁকে নিয়ে, তিনি একসময় আমাদের প্রতিবেশী ছিলেন। নাম ‘পানি মিয়া’। লোকে বলে পানি ভাই। পানি ভাই বলার কারণ হলো, পানিতেই তাঁর জীবন ও কর্ম। পানি থেকেই আহরণ করেন গুপ্তধন। মানে, পানির নিচ থেকে খুঁজে আনেন স্বর্ণালংকার। খুব ছোটবেলা থেকেই শুরু করেন এই কাজ। কেউ তাঁকে শেখায়নি। বাংলাদেশে অনেক পুকুর-নদী আছে, যা শত হাজার বছরের পুরোনো। আছে পদ্মা, মেঘনা, যমুনা। এসব পুকুর-নদীতে গোসল করতে গিয়ে অনেকে হারিয়েছে ঘড়ি, পয়সা, মোগল আমলের স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা; মা-বোনের সোনার চেইন, আংটি, নূপুর, কোমরের গোছা, নাকফুলসহ অসংখ্য মূল্যবান জিনিস। পানিতে একবার খসে পড়লে খুঁজে পাওয়া দুষ্কর।আর এই হারানো জিনিস পুকুর ও নদীর তলদেশ থেকে খুঁজে বের করার ওস্তাদ পানি ভাই। এক অদ্ভুত কৌশল। নিজস্ব আবিষ্কার। এ পর্যন্ত কাউকে শেখাননি, এমনকি সন্তান বা স্ত্রীকেও নয়।দীর্ঘ ২৫ বছর পানি ভাই পানির তলদেশ থেকে অনেক কিছুই সংগ্রহ করেছেন। নিজের কাছে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে দেন। এ ধরনের কাজ করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছেন অনেকবার। সাপ, পোকা, বিচ্ছু, জোঁকের কামড় সহ্য করতে হয়েছে। শিং মাছের বিষে অজ্ঞান ছিলেন। ঠান্ডা লেগে সর্দি-কাশিতে প্রায়ই ভুগতেন। চোর-ডাকাতের কবলে পড়েছেন অনেকবার। সর্বস্বান্ত হয়েছেন, তবু নিরাশ হননি। খুঁজতে থাকেন এক পুকুর থেকে অন্য পুকুরে; এক নদী থেকে অন্য নদীতে। শেষ জীবনে পানি ভাই আর পানিতে নামতে না পারায় আয় বন্ধ হয়ে যায়।পানি ভাইয়ের শেষ জীবন সুখের যায়নি। শুধু কষ্ট আর বিড়ম্বনা। যখন মৃত্যু সমাগত, তখনো পানি ভাই শিখিয়ে যাননি পানির নিচ থেকে সম্পদ তোলার রহস্য। কোনো স্থানের পানি দেখেই বলতে পারতেন, সেখানে ‘গুপ্তধন’ আছে কি না। কিন্তু কাউকে শেখাননি এ বিদ্যা। নাজমুল আবেদীন, শিক্ষক, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা।