পানি সরবরাহ প্রকল্প নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প অর্থের অভাবে ভেস্তে যেতে বসেছে। এতে পৌরবাসী পানি সরবরাহ পাওয়া নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে বলে জানা গেছে।
জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি পৌর এলাকায় পানি সরবরাহের জন্য ২০০৯ সালে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। তিন বছর মেয়াদে এ প্রকল্পের ব্যয় ধরা হয় এক কোটি ৮০ লাখ টাকা। ২০১০-১১ অর্থবছরে প্রকল্পের কাজ শুরু করার কথা থাকলেও বরাদ্দ না পওয়ায় তা হয়নি। পরে ২০১১-১২ অর্থবছরে মাত্র ৩০ লাখ টাকা পাওয়া যায়। ওই অর্থবছরের সেপ্টেম্বর মাসের ১০ তারিখ দরপত্র আহ্বান করা হয়। প্রকল্পের কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান ইউ এম ট্রেডার্স ও জ্ঞানেন্দ্র লাল এন্টারপ্রাইজ। এর পরের বছর মাত্র ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। এরপর আর কোনো বরাদ্দ আসেনি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাঘাইছড়ি পৌর এলাকায় ২০১০ সালে পানি সরবরাহের উদ্যোগ নেয়। তবে প্রকল্পের জন্য এ পর্যন্ত মাত্র ৪০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। প্রকল্পের আওতায় এ পর্যন্ত চারটি গভীর নলকূপ, একটি উৎপাদক নলককূপ, একটি পাম্প হাউস ও ১০ ঘোড়া ক্ষমতাসম্পন্ন পানির পাম্প কেনা হয়। এরপর আর কোনো বরাদ্দ না পাওয়ায় প্রকল্পের কাজ এগোয়নি।
পৌর এলাকার বাসিন্দা সুজন চাকমা বলেন, ‘তিন বছর আগে থেকে শহরে পানি সরবরাহের কথা শুনছি। কিন্তু শুধু একটি পানির পাম্পহাউস নির্মাণ করা হয়েছে। পৌর এলাকার টিউবওয়েল ও রিংওয়েলগুলোতে বর্ষাকাল ছাড়া অন্য সময়ে পানি পাওয়া যায় না। ফলে পানির সংকট বাড়ছে।’
জ্ঞানেন্দ্র লাল এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মুন্না দাশ বলেন, ‘আমি দরপত্রের মাধ্যমে যে বরাদ্দ পেয়েছি তা দিয়ে কাজ করেছি। প্রথম অর্থবছরে কোনো কাজ হয়নি। দ্বিতীয় অর্থ বছরের ৪০ লাখ টাকা পাওয়া গেছে। পরের অর্থবছর মাত্র ১০ লাখ টাকা পাওয়া যায়। এরপর আর কোনো বরাদ্দ পাওয়া যায়নি। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হতে চলেছে। এখন পর্যন্ত প্রকল্পের ২০ শতাংশ কাজ হয়নি।’
বাঘাইছড়ি পৌরসভা প্যানেল মেয়র বলেন, ‘পৌর এলাকায় পানি সরবরাহের প্রতিশ্রুতি ছিল পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে। জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের চেষ্টার ফলে পানি সরবরাহ প্রকল্পটি অনুমোদন পেয়েছে। কিন্তু বরাদ্দ না পাওয়ায় পৌরবাসীর প্রত্যাশা পূরণ হয়নি। শুধু পাম্পহাউস ও সীমানাপ্রাচীর করে চার বছর শেষ করা হলো। এখন শুনছি অর্থের অভাবে প্রকল্পটি ভেস্তে যাচ্ছে।’
জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুল রাজ্জাক বলেন, ‘পৌর এলাকায় পানি সরবরাহ প্রকল্পের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। পানি ও মাটি পরীক্ষা করার জন্য চারটি পরীক্ষামূলক গভীর নলকূপ করা হয়েছে। এরপর বরাদ্দের জন্য একাধিকবার চিঠি লিখেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’