পানিতে ডুবে মৃত্যু হচ্ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছনাকান্দি। নয়নাভিরাম এই জায়গাটির মূল আকর্ষণ স্বচ্ছ-শীতল জল। বিছনাকান্দিতে বেড়াতে গিয়ে জলে গা ভাসায়নি—এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মশিউর রহমান (২২) ও সাঈদ লতিফও (২৩) এর ব্যতিক্রম কিছু করেননি। অন্য সবার মতো তারুণ্যের মুগ্ধতা নিয়ে তাঁরাও নেমেছিলেন জলে। কিন্তু আর ফিরে আসেননি। গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে বিছনাকান্দিতে গোসল করতে নেমে তাঁরা পিয়াইন নদে ডুবে মারা যান। খবরটি পড়ে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। মেধাবী দুই তরুণ না সুযোগ পেলেন নিজের পরিবারের জন্য কিছু করার, না দেশের জন্য। এক নিমেষেই পানি তাঁদের সব সম্ভাবনা কেড়ে নিয়েছে।

কেবল মশিউর বা সাঈদ নন, পানিতে ডুবে বছরে কমপক্ষে ২২ হাজার মানুষ মারা যায়। এ তথ্য পাওয়া গেছে বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে (বিএইচআইএস-২০০৫) প্রতিবেদনে। সংখ্যাটি কম নয়। অথচ পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি খুব একটা গুরুত্ব পায় না। সাধারণ মানুষও এ বিষয়ে তেমন সচেতন নয়।
বিএইচআইএসের প্রতিবেদনের তথ্য জানতে পারলে পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি সবাইকেই ভাবিয়ে তুলবে। এর তথ্যানুয়ায়ী, দেশে প্রতি ৩০ মিনিটে একটি শিশু পানিতে ডুবে মারা যায়। দিন শেষে মৃত শিশুর সংখ্যা দাঁড়ায় কমপক্ষে ৫০। এতে আরও বলা হয়, প্রতিবছর ১ থেকে ১৭ বছর বয়সী কমপক্ষে ১৮ হাজার শিশু মারা যায় কেবল পানিতে ডুবে। আর মারা যাওয়া বেশির ভাগ শিশুর বয়স ১০ মাস থেকে দুই বছরের মধ্যে। এসব শিশু মূলত পরিবারের তত্ত্বাবধানের অভাবে বেশি মারা যায়। আর ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মৃত্যু হয় সাঁতার না জানার কারণে।
পুকুরের পাড়ে বসে খেলছিল পাঁচ বছরের শুভা খাতুন ও চার বছরের নাইমুল ইসলাম শুভ। সম্পর্কে ওরা চাচাতো ভাই-বোন। খেলতে খেলতে কোনো এক সময় দুজনই পুকুরের পানিতে পড়ে যায়। এতে দুই ভাই-বোনেরই মৃত্যু হয়। ঘটনাটি গত ১৪ এপ্রিল সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ঘটেছে। নওগাঁর বদলগাছি নানাবাড়িতে আদরে-আহ্লাদেই বেড়ে উঠছিল সিয়াম হোসেন। কিন্তু ‘আদর’ বিষয়টি বোঝার আগেই ৩ আগস্ট পানি কেড়ে নিয়েছে ছোট্ট শিশুটির প্রাণ।
দেশে শিশুমৃত্যুর প্রধানতম কারণ পানিতে ডোবা। অর্থাৎ অন্য যেকোনো কারণে মৃত্যুর চেয়ে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার সবচেয়ে বেশি। সারা বছর পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটলেও সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরে দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়ে যায়।
গত কয়েক দিনে পানিতে ডুবে মৃত্যুর উল্লেখযোগ্যসংখ্যক সংবাদ নজরে আসে। এভাবে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা খুব দুঃখজনক। এমনিতেই সারা দেশ এখন পানিতে ভাসছে। তার ওপর দেশের অনেক জায়গায় বন্যা পরিস্থিতি খারাপ—পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির এটি একটি অন্যতম কারণ। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি ঠিকমতো নজর না রাখাও পানিতে ডুবে শিশুমৃত্যুর বড় একটি কারণ। আমাদের দেশে মায়েরাই মূলত সন্তান দেখাশোনার কাজটি করেন। কিন্তু এর বাইরেও তাঁদের ব্যস্ত থাকতে হয় অনেক কাজে। ফলে সন্তানকে সব সময় চোখে চোখে রাখা তাঁদের জন্য কঠিন।
বর্ষার এ সময়টাতে যেহেতু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশি ঘটে, তাই অন্য কাজ থাকলেও সন্তানকে চোখে চোখে রাখতে হবে। পরিবারের অন্য সদস্যদেরও শিশুদের প্রতি মনোযোগ বাড়াতে হবে। পাশাপাশি যত দ্রুত সম্ভব সন্তানকে সাঁতার শেখানোর ব্যবস্থা করতে হবে। তারপরও দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। এ জন্য দরকার বাড়তি সতর্কতা।
সাঁতার না জানলে শিশু-তরুণ-বৃদ্ধ—সব বয়সীরাই পানিতে ডুবে মারা যেতে পারে। তাই পানিতে পড়ার ঝুঁকি আছে—এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে। বেড়াতে গিয়ে মৃত্যু কাঙ্ক্ষিত নয়। তাই সাঁতার না জানলে পানি থেকে নিরাপদ দূরত্বে থাকাই শ্রেয়। নিজের জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই।