পানিপথের শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আষাঢ়ের আকাশে মেঘ-বৃষ্টির আনাগোনা চলছে অবিরাম। এর মধ্যেই সাগর পাড়ি দিয়ে যেতে হবে মেরিন একাডেমি। চট্টগ্রাম শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের পথ। একাডেমির নিজস্ব বোটে করে পারাপারের ব্যবস্থা আছে। কিন্তু সময় বাঁধা। বৃষ্টিবাদলার এই দিনে সেই সময়মতো পৌঁছানো গেল না বলেই ইঞ্জিন বোটে করে গন্তব্যে ছুটতে হলো বিরুদ্ধ প্রকৃতিকে সঙ্গী করে। বেলা একটার দিকে একাডেমিতে পৌঁছে কমানডেন্ট নৌ প্রকৌশলী সাজিদ হোসেনের সঙ্গে দেখা করলাম। জানা গেল, পরীক্ষা শেষে ক্যাডেটরা বাড়ি যাওয়ার প্রস্তুতি নেবেন। কারণ, এক মাসের ছুটি হচ্ছে। মেরিন একাডেমির সভাকক্ষে ধবধবে সাদা পোশাকে হাজির হলেন ক্যাডেট শামস আরেফিন, তানজিরুল বাসার, আবদুর রউফ, জহির রায়হান, রাহুল নাগ, শায়েখ আল হাসনাইন ও আলী হায়দার। ঘরে ফেরার আনন্দ সবার চোখেমুখে। প্রায় সাড়ে চার মাস পর ছুটিতে যাচ্ছেন। সবাই একাডেমির শেষবর্ষের শিক্ষার্থী। এ বছরের ডিসেম্বরেই তাঁদের পাসিং আউট। নতুন এবং সম্ভাবনাময় কর্মজীবনে প্রবেশের স্বপ্নে বিভোর ক্যাডেটরা। রাহুল নাগ বললেন, ‘আমরা একাডেমিতে যে নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাবদ্ধ জীবনের প্রশিক্ষণ নিচ্ছি, তার পুরোটাই আমাদের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস জোগাবে।’ রাহুল বলেন, ‘আমাদের বয়স এখন ২০-এর কোঠায়। আর মাত্র ১০ বছর পরই শিপের চিফ ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পাব আমাদের শ্রম ও নিষ্ঠার গুণে। এত কম সময়ে কর্মজীবনে সাফল্য পাওয়া তো কম কথা নয়।’ তাঁর কথার রেশ ধরেই শামস আরেফিন বললেন, ‘আমাদের দেশে যেখানে বেকারত্ব, কর্মহীনতার চাপ রয়েছে, সেখানে আমরা খুব কম সময়ে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছি। তেমনি আমাদের মাধ্যমে সরকারও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ পাচ্ছে।’জানা গেছে, শামস প্রশিক্ষণ শেষে একটি জাপানি জাহাজে যোগ দেবেন। ইতিমধ্যে ওই কোম্পানির লোকজন এসে তাঁকে বাছাই করেছেন। একাডেমি কর্তৃপক্ষের কাছে নিজেদের চাহিদার কথা আগে থেকেই জানিয়ে রাখে বিভিন্ন কোম্পানি। পরে সেই হিসেবে তারা এগিয়ে আসে। ক্যাডেটরা আরও জানালেন, দিন দিন তাঁদের কাজের সুযোগ বাড়ছে। জাহাজ তৈরি, জাহাজভাঙাশিল্পেও প্রচুর সম্ভাবনা তৈরি হচ্ছে। এসব ক্ষেত্রে এখনো অনেক সাবেক ক্যাডেট নিয়োজিত আছেন বলে জানা গেছে। নানা সুযোগ-সুবিধার কারণে বেশির ভাগ ক্যাডেটের আকর্ষণ কোম্পানি সুপারিনটেনডেন্ট পদের প্রতি।ক্যাডেটদের বেশির ভাগ সময়ই কাটে পড়াশোনা আর প্রশিক্ষণে। এর ফাঁকে তাঁরা খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিজেদের পারদর্শিতা তুলে ধরছেন একাডেমির বিভিন্ন প্রতিযোগিতায়। আবার স্কুল ও কলেজজীবনে নানা কৃতিত্ব লাভ করছেন। ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী ক্যাডেট শায়েখ আল হাসনাইন প্রফেশনাল গেইমিং জোনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। একসময় ক্রিকেট খেলায় নিজেকে মেলে ধরেন আইডিয়াল কলেজের আলী হায়দার। এখন ভালো সাঁতারুর খেতাব পেয়েছেন। মেরিন একাডেমিতে ক্যাডেটদের জন্য রয়েছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সিম্যানশিপ সেন্টার, ফায়ার ফাইটিং স্কুল, লাইব্রেরি, ট্রেনিং লেক, সুইমিং পুলসহ নানা রকম অত্যাধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা। এবং বিশ্ববিদ্যালয়বাংলাদেশ মেরিন একাডেমি ২০১২ সালের জানুয়ারি মাস থেকে শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাচ্ছে। এ বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে মেরিন সায়েন্সে বিএসসি ডিগ্রি দেওয়া হবে শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৩ সাল থেকে এমএসসি ইন মেরিটাইম সেফটি কোর্স এবং ২০১৪ সাল থেকে এমএসসি ইন শিপিং ম্যানেজমেন্ট, এমএসসি ইন মেরিটাইম এডুকেশন, এমএসসি ইন শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইন মেরিটাইম ল অ্যান্ড পলিসি কোর্স চালুর কথা রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাঁচ বছর পর এখানে পিএইচডি চালুর পরিকল্পনার কথা জানা গেছে। বাংলাদেশ মেরিন একাডেমির কমানডেন্ট জানান, ‘আমরা ইতিমধ্যে শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নীতিমালা তৈরির কাজ শেষ করেছি। বাজেটে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় ২৬০ কোটি টাকার বরাদ্দও অনুমোদন করা হয়েছে।’ প্রকৌশলী সাজিদ হোসেন জানিয়েছেন, শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সুইডেনের ওয়ার্ল্ড মেরিটাইম বিশ্ববিদ্যালয়, চীনের দালিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ও ভিয়েতনামের মেরিটাইম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোর্স কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে। তিনিসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি এসব প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে তাঁরা এ সহায়তার কথা বলেন। শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বিষয়ে নিজেদের প্রতিক্রিয়ায় ক্যাডেটরা বলেন, ‘আমরা একে ঐতিহাসিক অর্জন বলব। কারণ, আগে এমএসসি ডিগ্রি নেওয়ার জন্য দেশের বাইরে যেতে হতো। এতে বড় অঙ্কের খরচের বিষয়টিও জড়িত ছিল। এখন দেশে থেকেই এই ডিগ্রি মিলছে বলে খরচও কম হবে।’মেরিন একাডেমিতে ভর্তির যোগ্যতা গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে এইচএসসি উত্তীর্ণ ইংরেজি পড়া, বলা ও লেখার যোগ্যতা কম্পিউটারে পারদর্শিতা শারীরিক সুস্থতা  বয়সসীমা হবে ২১বিস্তারিত ফোনে (৮৮০-৩১-২৫১৪১৫১-৬) জানা যাবে। www.macademy.gov.bd