
নুরুল আলম (৭০) ও নুর মোহাম্মদ (৬৫) দুজনেই চাষি। বাড়ি সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া গ্রামে। আমন ধান ঘরে তোলার পর নেমে পড়েছেন পানিফল বিক্রিতে। দুজনে মিলে প্রতিদিন ৬৬ থেকে ৭০ কেজি পানিফল বিক্রি করেন। তাঁদের দিনে আয় হয় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা।
নুরুল আলম ও নুর মোহাম্মদের মতো আরও শতাধিক নারী-পুরুষের বাড়তি আয়ের উৎস এখন পানিফল। বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া গ্রামের মাহালিয়া জলাশয় থেকে (স্থানীয় ভাষায় মাইল্যার বিলে) পানিফল সংগ্রহ করে সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশের বিভিন্ন হাটবাজারে বিক্রি করে বাড়তি উপার্জন করছেন তাঁরা।
গত ২৮ ডিসেম্বর সকাল ১০টার দিকে মাহালিয়া জলাশয়ে গিয়ে দেখা গেছে, আট-দশটি নৌকায় করে পানিফল সংগ্রহে নেমে পড়েছেন এলাকার নারী-পুরুষ। প্রতিটি নৌকায় চার-পাঁচজন ব্যক্তি পানিফল সংগ্রহে ব্যস্ত। জলাশয়ের এক পাশে আরও কয়েকটি নৌকা বাঁধা আছে। আবদুর রহিম নামের এক যুবক বলেন, জলাশয়ের পানি ঠান্ডা। তাই অনেকে এখনো পানিফল সংগ্রহে আসেননি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও অনেকে পানিফল সংগ্রহে নেমে পড়বেন। বাজালিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা এনামুল হক বলেন, মাহালিয়া জলাশয়টির পরিধি একসময় ২০ একরের চেয়েও বেশি ছিল। পাশের হাঙর খালের গতি পরিবর্তন হয়ে এখন মাহালিয়া জলাশয়টির কিছু অংশ ভরাট হয়ে গেছে। বর্তমানে সাত-আট একরের বেশি হবে না। জলাশয়টির বেশির ভাগ অংশ পাশের ছদাহা ইউনিয়নের বাসিন্দারা ইজারা নিয়ে নিয়েছেন। তারপরও মাহালিয়া এলাকার লোকজন ওই জলাশয় থেকে মাছ ও পানিফল সংগ্রহ করে প্রতিবছর বাড়তি উপার্জন করে আসছেন।
নুরুল আলম ও নুর মোহাম্মদ বলেন, ‘আমরা সংগ্রহকারীদের কাছ থেকেই ২৫-৩০ টাকা কেজিতে পানিফল কিনে নিই। ওই পানিফল বিভিন্ন হাটবাজারে নিয়ে গিয়ে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি করি। এতে আমাদের প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা লাভ হয়।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ বলেন, বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া জলাশয়ের পানিফলগুলো প্রাকৃতিকভাবেই জন্মে। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত পানিফল পাওয়া যায়। এটি দেখতে অনেকটা শিঙাড়ার মতো। খোসা ছাড়ালেই সাদা রঙের শাঁস পাওয়া যায়। ওই শাঁস খেতে বেশ মজা। রসাল ও মিষ্টি। পানিফলে প্রচুর পরিমাণে শর্করা ও প্রোটিন আছে। এটির শাঁস শুকিয়ে রেখেও খাওয়া যায়। বর্তমানে প্রাকৃতিক পানিফল খুব একটা দেখা যায় না।